সব সম্ভবের দেশে তামিমের বাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ধাতব নলের শীতল স্পর্শ। ঘাড়ে শিরশিরে অনুভূতি। যেকোনো মুহূর্তে ট্রিগার চেপে দিতে পারে শত্রুর অভ্যস্ত আঙুল। বিপদের এমন চরম মুহূর্তেও ঘুরে দাঁড়ানো কেবল একজনের পক্ষেই সম্ভব—মাসুদ রানা।তামিম ইকবালের মাসুদ রানা পড়া নেই। থাকলে কাল নিজেকে তিনি ভাবতে পারতেন ‘ধ্বংসপাহাড়’ বা ‘শত্রু ভয়ংকরের’ নায়ক। ক্রিকেটের মাসুদ রানার মতোই যে এই তরুণ ঘুরে দাঁড়াতে চাইলেন দিন শেষের সংবাদ সম্মেলনে! ঠোঁটে স্মিত হাসি, কণ্ঠে বিস্ময়কর আত্মবিশ্বাস, ‘কাজটা কঠিন হলেও অসম্ভব নয়। আমাদের ভালো ভালো ব্যাটসম্যান আছে, সবাই বড় স্কোর করার সামর্থ্য রাখে। তারা যদি সেটা করতে পারে, সবই সম্ভব।’মাসুদ রানা তো কল্পনার চরিত্র। পরিস্থিতি যা-ই হোক না কেন, শেষ পর্যন্ত তার জয়টাই পূর্বনির্ধারিত। বাস্তবে কি তা হয় নাকি!‘সবই সম্ভব’ বলে তামিমের যে দাবি, চট্টগ্রাম টেস্টে এর মানে কী? বাংলাদেশকে ফলোঅন না করিয়ে তৃতীয় দিন শেষে লিডটাকে ৪৩৪ রানে নিয়ে গেছে ইংল্যান্ড। তামিমের ধারণামতোই যদি আজ তারা সেটাকে ৫০০ বানিয়ে ইনিংস ঘোষণা করে, বাংলাদেশের পক্ষে কি সম্ভব হবে সে রান তাড়া করা? ‘আমার মনে হয় ৫০০ রানের মতো লিড নিয়েই তারা ছাড়বে, আমাদেরও ৫০০ রানের মতোই করতে হবে’—তামিমের কথা অবিশ্বাস্য শোনায়। জয়-টয় বাদ দিন, এই টেস্ট ড্র করাটাও বাংলাদেশের সাধ্যের বাইরে। চাহিদাটা বলে দিলেন তামিমই, কেউ যদি অসাধারণ একটা ইনিংস খেলে দেয়, এর সঙ্গে আরও দুটি ভালো ইনিংস হয়...। সাংবাদিকদের একজন সংশয় প্রকাশ করায় তামিম যেন একটু ‘মাইন্ড’ই করলেন, ‘কোনো একজন দুই শও করে দিতে পারে...হাসবেন না কিন্তু, এটা সম্ভব।’ক্রিকেটে মাসুদ রানার মতোই ইতিবাচক তামিম। সামনে বোলার যেই হোক, যত রানের দাবিই থাকুক, আগেই পরাজয় মেনে নেন না। ব্যাটিংয়ের মতো কথাবার্তাতেও আত্মবিশ্বাসের বিচ্ছুরণ। কিন্তু ইতিবাচক থাকা আর অবাস্তব স্বপ্ন দেখার মধ্যে যে সূক্ষ্ম একটু ফারাক আছে, সেটি মনে হলো ভুলেই গেছেন তামিম। টেস্ট ক্রিকেটে চতুর্থ ইনিংসে ৪১৮ রানের বেশি করে জেতেনি কোনো দল। টেস্টে ডাবল সেঞ্চুরি কী বস্তু, সেটির সঙ্গেও পরিচয় নেই বাংলাদেশের কোনো ব্যাটসম্যানের। নাকি তামিম সেই মতবাদে বিশ্বাসী যে, স্বপ্নেই যখন খাব, পোলাও-মাংসই খাই?কোচ জেমি সিডন্স বরং অনেক বাস্তববাদী। টেস্টের ভবিষ্যত্ জিজ্ঞেস করতেই সোজাসাপ্টা জবাব, ‘আমাকে জিজ্ঞেস করলে বলব, আমি এখন পরের টেস্টের অপেক্ষায় আছি।’ তারপরও প্রথম টেস্টটা যেহেতু এখনো শেষ হয়নি, বাকি দুই দিনের পরিকল্পনা তো করতেই হবে। কোচ সেই পরিকল্পনাতেও খুব আত্মবিশ্বাসী নন, ‘বল ঘুরতে শুরু করেছে, আমাদের স্পিনাররা সেটা কাজে লাগিয়ে সাফল্যও পাচ্ছে। কিন্তু এই পরিস্থিতিতে তো আমাদের ব্যাটসম্যানদেরও পড়তে হবে। চতুর্থ ইনিংসে কঠিন হবে তাদের কাজ।’ আবদুর রাজ্জাকের অত টেনশন নেই। তাঁর কাজ বোলিং করা। উইকেট যে সে কাজে এখন যথেষ্টই সাহায্য করছে, সেটা স্বীকার করেছেন এই বাঁহাতি স্পিনারও, ‘যা চাচ্ছিলাম তা এখন হচ্ছে। বল পড়ে আর সোজা যাচ্ছে না। এদিক-ওদিক হচ্ছে।’ তবে উইকেটের সর্বশেষ আচরণে কোচের মতো দুই রকম অনুভূতি অধিনায়ক সাকিব আল হাসানেরও। বল হাতে যত সফল হচ্ছেন, ততই যে সামনে চলে আসছে ব্যাট হাতে ইংলিশ বোলারদের সাফল্যে বাধা দেওয়ার চ্যালেঞ্জ! হোটেলে ফেরার আগে তাই তাঁর মধ্যেও চতুর্থ ইনিংসের শঙ্কা, ‘আমাদের ব্যাটসম্যানদের জন্য কাজটা কঠিন হবে।’কিন্তু মাসুদ রানা মানেই তো এমন, সবাই যে পথকে বিপদসংকুল মনে করবে, তাঁর কাছে তা পাড়ার চেনা গলি। কোচ-অধিনায়কের চিন্তার ধারেকাছে না থেকে তামিম যেন সেটাই বলছিলেন, ‘পরিস্থিতিটা কঠিন, তারপরও আমি মনে করি সব শেষ হয়ে যায়নি। ওরা এখন ৫০০ রানের কাছাকাছি। কিন্তু ক্রিকেটে আগে থেকে বলা যায় না কী হবে। শ্রীলঙ্কার বিপক্ষে একবার চতুর্থ ইনিংসে আমরা প্রায় ৪৫০ রান (৪১৩) করে ফেলেছিলাম।’দ্বিতীয় ইনিংসে যে ‘অসাধারণ’ ইনিংসের প্রত্যাশায় তামিম, প্রথম ইনিংসেই তিনি তা খেলে ফেলতে পারতেন। কিন্তু অসাধারণ কিছু তো প্রতিপক্ষও করে ফেলতে পারে! তামিমকে বোল্ড করা টিম ব্রেসনানের বলটা ছিল সে রকমই কিছু। ‘ওরকম একটা বলে বিশ্বের যেকোনো বড় ব্যাটসম্যানই আউট হয়ে যেতে পারে। খুব ভালো বল ছিল ওটা’—দিন শেষে বললেন তামিম। ইংল্যান্ডের ফলোঅন না করানোর সিদ্ধান্ত অবাক করেনি তামিমদের। প্রচণ্ড গরমে এতটা সময় ফিল্ডিং করার পর বোলারদের বিশ্রাম দিতে তাদের দ্বিতীয় ইনিংস ব্যাট করতে নামা অনুমিতই ছিল। তবে এই টেস্ট নিয়ে তামিম যে স্বপ্ন দেখাচ্ছেন সেটা সব অনুমানেরই ঊর্ধ্বে।