সব সময় ভারতের হয়ে খেলেছি, ভারতই আমার দেশ: আনন্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যিনি ভারতকে দাবায় বিশ্ব চ্যাম্পিয়ন করেছেন, যে খেলোয়াড় ভারতের দাবাকে নিয়ে গেছেন অন্য উচ্চতায়, সেই বিশ্বনাথন আনন্দের নাগরিকত্ব নিয়েই প্রশ্ন উঠেছে খোদ ভারত সরকারের পক্ষ থেকে! এ ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছিলেন আনন্দের স্ত্রী অরুণা, এবার মুখ খুললেন আনন্দ নিজেও। ক্যারিয়ারে সব সময়ই ভারতের হয়ে খেলেছেন এবং ভারতই তাঁর দেশ বলে সাফ জানিয়ে দিয়েছেন দাবার বর্তমান এই বিশ্ব চ্যাম্পিয়ন।পুরো বিতর্কটিকে ভুল বোঝাবুঝি আখ্যায়িত করে গতকালই ক্ষমা চেয়েছেন ভারতের মানবসম্পদমন্ত্রী কপিল সিবাল। আনন্দ নিজেও বিষয়টি ক্ষমাসুন্দর দৃষ্টিতেই দেখছেন। তিনি বলেছেন, ‘আমি মনে করি, বিষয়টির সমাধান হয়ে গেছে। এনিয়ে বিতর্ক বাড়িয়ে লাভ নেই। এখন সামনে এগিয়ে যাওয়ার সময়। সবচেয়ে বড় বিষয়—প্রত্যেকেই জানেন, আমি ভারতীয়। যেখানেই আমি খেলেছি, সব সময় ভারতের হয়েই খেলেছি। অনুশীলনের জন্য কিছু সময় আমি স্পেনে বসবাস করেছি। তবে ভারত ও স্পেনের মধ্যে আমার নিয়মিত যাতায়াত রয়েছে। বর্তমানে আমি আবার ভারতে ফিরে আসার কথা ভাবছি।’বিষয়টি সমাধান হয়ে গেছে জানিয়েছেন বিশ্বনাথন আনন্দের স্ত্রী অরুণাও। তিনি বলেছেন, ‘আনন্দের শুধু একটিই পাসপোর্ট রয়েছে—আর সেটা ভারতের। মিস্টার সিবাল আনন্দকে ফোন করে দুঃখপ্রকাশ করেছেন। তাই আমরা আর বিষয়টি নিয়ে ভাবছি না।’—টাইমস অব ইন্ডিয়া