সব সামলে টিটির মায়ায়

ওয়ালটন উন্মুক্ত টেবিল টেনিসে নিজের খেলা নিয়ে ব্যস্ত সীমা দেবনাথ। মেয়ে মিষ্টি দেবনাথও তখন পল্টন উডেনফ্লোর জিমনেসিয়ামে ব্যস্ত অন্য খেলায়। তবে এক বছর নয় মাসের শিশুটি খেলছিল ইনডোরের এক কোনায়, ব্যাডমিন্টন খেলোয়াড় আঁখি ও রোজিনার সঙ্গে। ওই দুজনের কোলে ঘুরছে। কখনো রোজিনার মোবাইল নিয়ে খেলছে, কখনো আঁখির চুল ধরে টানাটানি করছে।শুধু সীমাই নন, আরও দুজন মা খেলছেন এই টুর্নামেন্টে। সাবেক জাতীয় চ্যাম্পিয়ন সোনম সুলতানার (সোমা) ছেলে আবু সুফিয়ানের বয়স সাত বছর। আর আরেক সাবেক চ্যাম্পিয়ন সালেহা পারভীনের (সেতু) ছেলে নাওলেস সানভির বয়স এক বছর।ঘরকন্না, সন্তানের দেখভাল, স্কুলের শিক্ষকতা আর লেখাপড়া সামলে দিব্যি খেলে চলেছেন টিটির মায়েরা। কিন্তু এভাবে খেলতে গিয়ে লড়তে হয় তো নিজের সঙ্গেও! সীমা দুঃখের সঙ্গে বলছিলেন, ‘মিষ্টির বাবা ডাক্তার। খুবই ব্যস্ত মানুষ। কিন্তু ওকে দেখে রাখার কেউ নেই। কার কাছে দেব, কে রাখবে? তাই আমিই ওকে সঙ্গে নিয়ে আসি। অনেক সময় অন্য খেলোয়াড়েরা সাহায্য করে। অনেক সময় কোর্টের পাশেই ওকে বসিয়ে খেলতে শুরু করি।’ কিন্তু এভাবে কি খেলার মধ্যে মনঃসংযোগ ধরে রাখা যায়? সীমার উত্তর, ‘খেলায় তো এর প্রভাব পড়েই। তবে আমার মেয়েটা চঞ্চল হলেও কিছু একটা ওর হাতে দিয়ে রাখলে সেটা নিয়েই সে মেতে থাকে।’ গত মে মাসে টেবিল টেনিসের বিশ্বকাপে খেলতে প্যারিস গিয়েছিলেন সোনম সুলতানা। ছেলেকে রেখে বিদেশ যেতে মন সায় দিচ্ছিল না একেবারেই। তবুও ‘দেশের কথা’ ভেবে ফ্রান্সে যান। কাল বলছিলেন, ‘আমি প্রতিদিন ফোন করতে পারতাম না দেশে। কী যে কষ্ট হতো ছেলের জন্য।’ নড়াইলের মেয়ে সোনম অবশ্য পরিবার থেকে খুবই সহযোগিতা পান। স্বামী মোহাম্মদ আলী ছিলেন টিটি খেলোয়াড়। বর্তমানে কোচিংয়ে ব্যস্ত। দুজনের চোখে চোখেই থাকে সুফিয়ান। তবে খুব বেশি সমস্যা হলে নড়াইল থেকে মাকে ঢাকায় নিয়ে আসেন সোনম, ‘আমার ছেলে বেশি বাবা-ভক্ত। ব্যস্ত সূচি থাকলে বা দেশের বাইরে যেতে হলে ওর নানিকে বলে রাখি। আমার মা এসে তখন ঢাকায় থাকেন।’ খেলার পাশাপাশি লেখাপড়াটা চালিয়ে যাচ্ছেন সোনম। এবার উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে উচ্চমাধ্যমিক পরীক্ষা দিয়েছেন। এখনই খেলাটা ছাড়তে চান না আবাহনীর খেলোয়াড়, ‘যত দিন ফিট থাকব, তত দিন খেলে যেতে চাই।’
এদিক দিয়ে সালেহা একটু ব্যতিক্রম। ছেলে এবং স্কুলের শিক্ষকতা নিয়ে এতই ব্যস্ত যে বাংলাদেশ গেমসের পর আর কোনো টুর্নামেন্টেও খেলেননি। এবার উন্মুক্ত টেবিল টেনিসে এসেছেন কোচ হিসেবে। এখানে খেলছে তাঁর স্কুল ডিপিএসের খেলোয়াড়েরা। সন্তানকে বাড়িতে রেখে এসে সালেহা খেলেছেন সর্বশেষ বাংলাদেশ গেমসে। তাঁর জন্য সেটি ছিল এক কষ্টের অভিজ্ঞতা, ‘বাড়িতে কাজের মেয়ের কাছে সানভিকে রেখে আসতাম। খেলা শুরু হলেও মন পড়ে থাকত ছেলের কাছেই। ওর জন্য ভীষণ দুশ্চিন্তা হতো। ঠিকমতো খাবার দেওয়া হচ্ছে কিনা, ঘুমাচ্ছে কিনা এসব নিয়ে ভাবতাম।’
সন্তান, ঘরকন্না, টেবিল টেনিস—তিনটিকেই সমান মমতায় আগলে রেখেছেন এই মায়েরা। সব খেলোয়াড়-কর্মকর্তার মধ্যে যদি শুধু খেলাটার প্রতি এমন মমতা থাকত!