সব হারালেও ভালোবাসা হারায়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ট্রফি হাতে কোনো খেলোয়াড়ের এমন বিষাদময় মুখ আগে দেখেছেন? ট্রফিটা কোপা সুদামেরিকানার, হুইলচেয়ারে বসা পা হারানো তরুণ ব্রাজিলিয়ান ক্লাব শাপেকোয়েনসের গোলরক্ষক জ্যাকসন ফোলম্যান। কোপা সুদামেরিকানার ম্যাচ খেলতে যাওয়ার সময়ই মর্মান্তিক বিমান দুর্ঘটনায় যিনি প্রায় সব সতীর্থকে হারিয়েছেন। পরশু সেই সুদামেরিকানার শিরোপা জয়ের উৎসবে ফোলম্যান যখন হুইলচেয়ারে বসে ট্রফিটি উঁচিয়ে ধরেন, কাঁদলেন নিহত খেলোয়াড়দের পরিবারের সদস্যরাও l এএফপি, রয়টার্স
ট্রফি হাতে কোনো খেলোয়াড়ের এমন বিষাদময় মুখ আগে দেখেছেন? ট্রফিটা কোপা সুদামেরিকানার, হুইলচেয়ারে বসা পা হারানো তরুণ ব্রাজিলিয়ান ক্লাব শাপেকোয়েনসের গোলরক্ষক জ্যাকসন ফোলম্যান। কোপা সুদামেরিকানার ম্যাচ খেলতে যাওয়ার সময়ই মর্মান্তিক বিমান দুর্ঘটনায় যিনি প্রায় সব সতীর্থকে হারিয়েছেন। পরশু সেই সুদামেরিকানার শিরোপা জয়ের উৎসবে ফোলম্যান যখন হুইলচেয়ারে বসে ট্রফিটি উঁচিয়ে ধরেন, কাঁদলেন নিহত খেলোয়াড়দের পরিবারের সদস্যরাও l এএফপি, রয়টার্স

বিজয়ীদের মুষ্টিবদ্ধ হাত শূন্যে ছোড়া হলো না, হাততালি নেই। নেই আনন্দ চিৎকার, উচ্ছ্বাসে ভেসে যাওয়া। আছে শুধু নীরব কান্না। দলটার নাম যে শাপেকোয়েনস! পরশু নিজেদের মাঠ অ্যারেনা কোন্দায় পালমেইরাসের সঙ্গে প্রীতি ম্যাচের আগে এভাবেই সুদামেরিকানার শিরোপা জয় ‘উদ্যাপন’ করেছে ব্রাজিলের হতভাগ্য ক্লাবটি।
কোপা সুদামেরিকানার ফাইনালের প্রথম পর্বের ম্যাচ খেলতে গত নভেম্বরে কলম্বিয়ায় যাচ্ছিল শাপেকোয়েনস। কিন্তু মর্মান্তিক বিমান দুর্ঘটনায় পুরো দলটিই প্রায় নিশ্চিহ্ন হয়ে যায়। তাদের জন্য কেঁদেছে পুরো ফুটবল বিশ্ব। ফাইনাল ম্যাচটি যাদের সঙ্গে ছিল, কলম্বিয়ার সেই ক্লাব ন্যাসিওনাল প্রস্তাব করেছিল কোপা সুদামেরিকানার ট্রফি শাপেকোয়েনসকে দিয়ে দিতে। দক্ষিণ আমেরিকার ফুটবল কর্তৃপক্ষও তা মেনে নেয় সানন্দে। সেই শিরোপা জয়ই পরশু উদ্যাপন করে ক্লাবটি। সেই দুর্ঘটনার পর এদিনই নতুন একটি দল নিয়ে প্রথম মাঠে নেমেছে তারা।
প্রীতি ম্যাচ। তবে সেই ম্যাচ দেখতেই গ্যালারি কানায় কানায় পূর্ণ। খেলা দেখতে নয়, শাপেকোর মানুষ আসলে মাঠে এসেছিল তাদের প্রিয় ক্লাবকে প্রেরণা জোগাতে। এখন শাপেকোতে থাকেন না এমন লোকেরাও ছুটে এসেছেন পথের কষ্ট ভুলে। ৩০০-৩৫০ মাইল দূর থেকে ছুটে এসেছে মানুষ। স্টেডিয়ামের চারদিকে ছিল দুর্ঘটনায় নিহত শাপেকোয়েনসের খেলোয়াড় ও কর্মকর্তার ছবি। তাঁদের প্রতি শ্রদ্ধা জানানো ব্যানার-ফেস্টুন। ম্যাচটি ছিল ব্রাজিলের চ্যাম্পিয়ন পালমেইরাসের বিপক্ষে। কিন্তু এদিন সবাই যেন ছিলেন শাপেকোয়েনসের সমর্থক। শাপেকোয়েনসের সবুজ পতাকায় ছেয়ে গিয়েছিল গ্যালারি। সবাই মিলে একসঙ্গে চিৎকার করেছেন, ‘ভামোস শাপেকোয়েনস!’ ম্যাচের ৭১ মিনিটে নিহত ৭১ জনের স্মরণে বন্ধ রাখা হয় খেলা। ম্যাচের ধারাবিবরণী দিয়েছেন দুর্ঘটনায় বেঁচে যাওয়া রেডিও সাংবাদিক রাফায়েল হেনজেল।
এমন একটি ম্যাচের ফল নিয়ে মানুষের আগ্রহ থাকে না। তবু ম্যাচ যখন হয়েছে, ফলের কথা তো বলতেই হবে। ‘নতুন শাপেকোয়েনস’ ম্যাচটি ড্র করেছে ২-২ গোলে। শোক পেছনে ফেলে ব্রাজিলের চ্যাম্পিয়নদের সঙ্গে সমানে সমান লড়াই করেছে।
ম্যাচ শুরুর আগে মাঠে এসেছিলেন দুর্ঘটনায় লোকজনের স্বজনেরা। একে অপরকে সান্ত্বনা দিতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন তাঁরা। তাঁদের সঙ্গে কেঁদেছেন গ্যালারিতে আসা সমর্থকেরাও। কেঁদেছে আসলে পুরো বিশ্বই। মাঠে ছিলেন সেই দুর্ঘটনা থেকে বেঁচে ফেরা দলটির তিন ফুটবলার জ্যাকসন ফোলমান, অ্যালান রাচেল ও নেতো। সবচেয়ে আবেগঘন মুহূর্তটি আসে কোপা সুদামেরিকানার ট্রফি উন্মোচনের সময়। দলটির গোলরক্ষক জ্যাকসন হুইল চেয়ারে বসে ট্রফিটি উঁচিয়ে ধরেন। গ্যালারি-ভরা দর্শক তখন হতবিহ্বল—আনন্দ আর শোকের কান্না মিলেমিশে একাকার।
শাপেকোর খেলোয়াড়েরাও যেন হৃদয় দিয়ে অনুভব করেছেন, সব হারালেও সমর্থকদের ভালোবাসা একটুও হারাননি তাঁরা। এএফপি, মেইল অনলাইন।