সব হারিয়ে উইন্ডিজের লড়াই
ড্যারেন ব্রাভোকে নিয়ে কাল সকালে ওয়েস্ট ইন্ডিজের ইনিংস শুরু করেছিলেন কার্ক এডওয়ার্ডস। শুরুর মিনিট পনেরোর মধ্যে প্রজ্ঞান ওঝার বলে এলবিডব্লু হয়ে ফিরে গেলেন। আড়াই ঘণ্টা পর এডওয়ার্ডস আবার নিজেকে আবিষ্কার করলেন উইকেটে। এর মাঝেই অলআউট হয়ে ফলোঅন করতে নেমে ওয়েস্ট ইন্ডিজ হারিয়ে ফেলেছে প্রথম উইকেটও!টেস্ট চতুর্থ দিনে গড়ায় কি না, তা নিয়েই তখন শঙ্কা। তবে দ্বিতীয় ইনিংসে আর অসহায় আত্মসমর্পণ করেনি ওয়েস্ট ইন্ডিজ। এডওয়ার্ডস লড়াই করেছেন, করেছেন বারাথও। লড়ে যাচ্ছেন ব্রাভো-চন্দরপলও। তবে সেই লড়াইও ম্যাচ বাঁচানোর জন্য অপর্যাপ্ত হতে বাধ্য। ভারতকে আরেকবার ব্যাট করাতেই এখনো ২৮৩ রান প্রয়োজন ওয়েস্ট ইন্ডিজের, হাতে ৭ উইকেট।এমনিতেই খেলা শুরু সকাল নয়টায়, আগের দিনের হারানো সময় পুষিয়ে নিতে কাল শুরু হলো সাড়ে আটটায়! বাড়তি ওই আধঘণ্টাতেই পরিষ্কার হয়ে যায় উইন্ডিজ ইনিংসের ভাগ্য। যথারীতি স্পিনেই নাকানিচুবানি। সাম্প্রতিক সময়ের ভরসা এডওয়ার্ডসকে ফিরিয়ে ১৩তম টেস্টে উইকেটের ফিফটি করে ফেলেন ওঝা, অশ্বিনের ক্যারম বলে এলবিডব্লু ওয়েস্ট ইন্ডিজের সবচেয়ে বড় ভরসা শিবনারায়ণ চন্দরপল। ৪৬ রানের জুটিতে খানিকটা প্রতিরোধের ইঙ্গিত দিয়েছিলেন ড্যারেন ব্রাভো ও মারলন স্যামুয়েলস। স্পিন-রাজত্বের মধ্যে হঠাৎই চমক হয়ে দেখা দেন উমেশ যাদব। চার ওভারের স্পেলে উড়িয়ে দেন দুজনেরই স্টাম্প।এরপর আবার স্পিন-রাজত্বের পুনঃপ্রতিষ্ঠা। ৪৮ ওভারেই অলআউট ওয়েস্ট ইন্ডিজ শেষ উইকেটে দুই বোলার এডওয়ার্ডস ও বিশুর ২৪ রানের জুটিতে কোনোমতে দেড় শ পেরোয়। প্রথম ইনিংসে ৪৭৮ রানের লিড পায় ভারত, টেস্ট ইতিহাসে এর চেয়ে বেশি লিড তারা পেয়েছিল একবারই। ২০০৭ সালে মিরপুরে বাংলাদেশের বিপক্ষে (৪৯২)। একে তো বিশাল লিড, তার ওপর আবার তখনই লাঞ্চ। ফলোঅন করাতে দুবার ভাবেননি ধোনি।দ্বিতীয় ইনিংস আর স্পিনে শুরু করেনি ভারত। দ্রুত উইকেট আসে তবুও, দ্বিতীয় ইনিংসে ব্যর্থতার ধারা ধরে রেখে ফিরে যান ক্রেইগ ব্রাফেট (৯)। ক্যারিয়ারের পাঁচ টেস্টের পাঁচটি দ্বিতীয় ইনিংসে একবারও দুই অঙ্ক ছুুঁতে পারলেন না টিনএজ ব্যাটসম্যান। তবে এবার আর হুড়মুড় করে ভেঙে পড়েনি ক্যারিবীয় ইনিংস। প্রথম ইনিংসে অতিনেতিবাচকতাই সর্বনাশ করেছিল। সেই ভুল থেকে শিক্ষা নিয়ে পেসারদের ওপর চড়াও হন বারাথ, স্পিনে দারুণ পায়ের কাজ দেখান এডওয়ার্ডস। সেঞ্চুরি ছোঁয়ার মুখে (৯৩) জুটিটার সর্বনাশ করে চা-বিরতি। বিরতির পর চতুর্থ বলেই অফ স্টাম্পের বেশ বাইরের বল তাড়া করে স্লিপে ক্যাচ বারাথ। ইশান্ত এরপর তুলে নেন এডওয়ার্ডসকেও। তবে চন্দরপল-ব্রাভোদের মূল পরীক্ষা আজও নেবেন অশ্বিন-ওঝারাই। ওয়েবসাইট।