সব হারিয়ে বুলাওয়ে জয়
বাংলাদেশ: ৫০ ওভারে ২৫৩/৬জিম্বাবুয়ে: ৩৮.২ ওভারে ১৬০ফল: বাংলাদেশ ৯৩ রানে জয়ীটানা দুই ম্যাচ জিতে সফর শেষ করার তৃপ্তি থাকছে। তবে তৃতীয় ওয়ানডেতে তীরে এসে তরী ডোবার দুঃখটাও কি আরও তীব্র হয়ে উঠছে না এতে? জিততে জিততে হেরে যাওয়া সেই ম্যাচই তো শেষ পর্যন্ত নির্ধারক হয়ে দাঁড়াল ওয়ানডে সিরিজের। ইশ্, মুশফিকুরের ছয়টা হয়ে গেলেই জিম্বাবুয়ে নয়, বাংলাদেশই ৩-২-এ জেতে!ক্রিকেটে ‘যদি’র কথা বললে এর শেষ নেই। এসব হা-হুতাশ না করে যা হয়েছে, সেটি মেনে নেওয়াই ভালো। দুঃস্বপ্নের এই সফরে টানা পাঁচ ম্যাচ হারার পর টানা দুটি জয় হাসি তো ফেরাল সাকিবদের মুখে। সিরিজ শেষ হওয়ার রাতেই ভোরে উঠে বুলাওয়ে থেকে বাসে হারারে। সেখান থেকে জোহানেসবার্গ-দোহা হয়ে ঢাকা। দেশে ফেরার দীর্ঘ বিমানযাত্রাটা এখন একটু হলেও কম ক্লান্তিকর লাগবে বাংলাদেশ দলের।ব্রেন্ডন টেলর যখন হারারেতেই জিতে ফেলা ট্রফিটা হাতে নিলেন, দেখা গেল জিম্বাবুইয়ানদের চেয়ে বাংলাদেশের খেলোয়াড়দের মুখেই বেশি হাসি। সবচেয়ে বড় হাসিটা সাকিব আল হাসানের মুখে। শেষ ম্যাচেই যে প্রথম মনে হলো, কদিন আগেও এই ছেলেটা ছিল ওয়ানডে র্যাঙ্কিংয়ে বিশ্বের এক নম্বর অলরাউন্ডার। ব্যাটিংয়ে ৭৯ রানের পর বোলিংয়ে সিবান্দা ও টাইবুর মহামূল্য দুটি উইকেট—ম্যান অব দ্য ম্যাচও বাংলাদেশ অধিনায়ক।তবে দল হেরে গেলে আউট হওয়ার ধরনটা নিয়ে নিশ্চিত যন্ত্রণায় ভুগতেন। ৭১ বলে ৭৯ রানের ইনিংসটি শেষ হয়েছে মেথের বলে স্কুপমতো কী একটা করতে গিয়ে বোল্ড হওয়ার মাধ্যমে। তখনো দুই ওভার বাকি ছিল। সাকিব থাকলে রানটাও আরেকটু বেশি হতো। সেঞ্চুরিও অসম্ভব ছিল না। আবার সেই ‘যদি’...! যা হয়েছে, তাতেই একটা জায়গায় নিজেকে সবার ওপরে নিয়ে গেছেন সাকিব। ওয়ানডেতে বাংলাদেশের পক্ষে সবচেয়ে বেশি হাফ সেঞ্চুরি (২১) করার কীর্তিটি এখন তাঁর।এই ম্যাচের আগে হাফ সেঞ্চুরির সংখ্যায় যাঁর পাশে ছিলেন, সেই মোহাম্মদ আশরাফুল দুই ম্যাচ বাইরে বসে থাকার পর আবার ফিরেছিলেন এই ম্যাচে। করতে পেরেছেন মাত্র ১৫। ইমরুলের দুর্দশা এই ম্যাচেও অব্যাহত। কত বেশি লাইফ পেয়ে কত কম রান করা যায়—বাঁহাতি ওপেনার বোধহয় এর একটা রেকর্ডই করে ফেললেন এই সিরিজে! তামিমের ৪৫-ই একটু উল্লেখ করার মতো, নইলে বাংলাদেশের ইনিংসে আসলে সাকিব আর মাহমুদউল্লাহর ১০৭ রানের জুটিটিই সব। ৩০তম ওভারে ১২৭ রানে ৫ উইকেট পড়ে যাওয়ার পর ওই জুটিতেই বাংলাদেশের উদ্ধার। শেষ পর্যন্ত যা ম্যাচজয়ী জুটি হিসেবেই প্রমাণিত।এত বড় ব্যবধানে জয় যে, দুই ইনিংসের বিরতির সময়ও ৩-২ আর ৪-১ এর মধ্যে দোলাচলটা এখন ঠিক বোঝার উপায় নেই। এই উইকেটে ২৫৩ এমন কোনো রান নয়। টসে জিতে ফিল্ডিং নেওয়ার পর ব্রেন্ডন টেলর বলেছিলেন, বাংলাদেশকে ২৫০-এর মধ্যে আটকে রাখতে পারলেই খুশি থাকবেন। সাকিব বলেছিলেন, ২৫০-এর বেশি যেকোনো স্কোরই জয়ের মতো হবে। ২৫৩ রান ২৫০-এর চেয়ে অবশ্যই বেশি। তবে মাত্র ৩ রানে আর কি আসে-যায়, টেলরের ইচ্ছাই পূরণ হয়েছিল বলা যায়।কিন্তু এই বাংলাদেশ টানা হারে বিপর্যস্ত সেই দল নয়। জয়ের টনিকে উজ্জীবিত এক দল। ম্যাচটাতে তাই কোনো লড়াই-ই হলো না। তবে পরাজয়ের ব্যবধান যেমন বলছে, জিম্বাবুয়ে ইনিংসের দুই-তৃতীয়াংশ পথ পেরোনোর পরও কিন্তু এমন একপেশে সমাপ্তির কথা ভাবা যায়নি। ৩২তম ওভারে স্কোর ৪ উইকেটে ১৪০—ম্যাচে ভালোমতোই ছিল জিম্বাবুয়ে। মুতিজাওয়ার রানআউটটি এল আশীর্বাদ হয়ে। এরপর যেন চতুর্থ ম্যাচের রিপ্লে! দেখতে না-দেখতেই মাত্র ২০ রানের মধ্যে জিম্বাবুয়ে অলআউট! ৩ উইকেট নিয়ে যাতে সবচেয়ে বড় ভূমিকা মাহমুদউল্লাহর। পুরো সফরটাই ব্যাটে-বলে ধুঁকেছেন। শেষ গানের রেশটা অবশ্য মধুর হয়েই বাজবে মাহমুদউল্লাহর কানে।জিম্বাবুয়ে অলআউট, তবে আসলে ৯ উইকেট হারিয়ে। কিগান মেথ যে ব্যাটিংয়ে নামতেই পারেননি। বাংলাদেশের ইনিংসের শেষ বলে নাসিরের ড্রাইভে বল গিয়ে লেগেছিল তাঁর মুখে। উইকেটেই দুটি দাঁত পড়ে যায়। স্ট্রেচারে করে মাঠ থেকে বের করে সোজা হাসপাতাল। ম্যাচ শেষ হওয়ার আগে মাঠে ফিরলেও দ্রুত পরিস্থিতিটা এমন হয়ে যেতে দেখেন যে, ব্যাটিংয়ে নামাটা অকারণ ঝুঁকি ছাড়া আর কিছু হতো না।ম্যাচ শেষে জিম্বাবুইয়ান খেলোয়াড়েরা ট্রফি নিয়ে একটা ল্যাপ অব অনার মতো দেওয়ার চেষ্টা করেছিলেন। একদমই জমল না। বুলাওয়ের এই মাঠে তিন দিনের মধ্যে দুই ম্যাচে দুই পরাজয়—এখানে বিজয়োৎসব জমে নাকি! জিম্বাবুয়ে হারারেতে জিতেছে, বুলাওয়েতে জয়ী তো বাংলাদেশ!এই সফরের শুধু বুলাওয়ে অংশটাই তাই মনে রাখতে চাইবে বাংলাদেশ দল। উপায় থাকলে হারারে-পর্বটা মুছেও দেওয়ার চেষ্টাও হয়তো হতো! উল্টো সেটি আরও ভালো করে মনে করিয়ে দিল ম্যান অব দ্য সিরিজের নাম। পেশিতে একটু টান লাগায় তাঁকে শেষ দুই ম্যাচে খেলানোর ঝুঁকি নেওয়া হয়নি। তার পরও প্রথম তিন ম্যাচে ১১ উইকেট নিয়ে হারারেতেই সিরিজের মীমাংসা করে দিয়েছেন বলে অভিষেক সিরিজেই সেরার পুরস্কার ব্রায়ান ভিটরির হাতে।বর্তমানের ওপর যে সব সময়ই অতীতের ছায়া পড়ে!