সবই নতুন করে দেখছেন তামিম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সেই তামিম এই তামিমে অনেক পার্থক্য। সেই তামিম বলেছিলেন, ‘ভিটরি অর্ডিনারি বোলার।’ এই তামিম বলছেন, ‘ভিটরি অর্ডিনারি বোলার নয়। বরং খুবই ভালো বোলার। আমি মাথা গরম করে বোকার মতো একটা মন্তব্য করেছিলাম।’এক বছরও হয়নি। অথচ গত জিম্বাবুয়ে সফরের তামিম ইকবাল আরেকটি জিম্বাবুয়ে সফরে যাওয়ার আগমুহূর্তে এভাবে স্টান্স বদলালেন! নাকি পুরোনো বিতর্ক নতুন করে না উসকাতেই কপট আত্মসমর্পণ? সম্ভবত দ্বিতীয়টাই কারণ। ভিটরি প্রসঙ্গে আরও দু-একটা প্রশ্ন করতেই তামিম বল ছাড়লেন, ‘এ প্রসঙ্গে আর কিছু না লিখলেই ভালো...।তামিমের অনুরোধ রাখা হলো। তবে এবারের জিম্বাবুয়ে সফরের প্রেক্ষাপট তাতে বদলে যাচ্ছে না। তিন জাতি টি-টোয়েন্টি সিরিজে প্রতিপক্ষ শুধু জিম্বাবুয়ে নয়, দক্ষিণ আফ্রিকাও। তবে যাচ্ছে তো বাংলাদেশ দল জিম্বাবুয়েতেই। তা ছাড়া সিরিজে দক্ষিণ আফ্রিকা খেললেও বাংলাদেশ-জিম্বাবুয়ের জন্য তারা অভিজ্ঞতা অর্জনের উপলক্ষ মাত্র। বাংলাদেশ আর জিম্বাবুয়ের আসল লড়াই নিজেদের মধ্যে।গত আগস্ট-সেপ্টেম্বরের অভিজ্ঞতার পর এমন লড়াইয়ে বাংলাদেশেরই বেশি মনোযোগী হওয়ার কথা। টেস্ট আর ওয়ানডে সিরিজে হার এ দেশের ক্রিকেটে মহা ওলটপালট ঘটিয়ে দিয়েছিল। বিতর্ক-সমালোচনার মধ্যে নেতৃত্ব হারালেন অধিনায়ক সাকিব আল হাসান ও সহ-অধিনায়ক তামিম ইকবাল।জিম্বাবুয়েতে রওনা হওয়ার কয়েক ঘণ্টা আগে তামিম সেই আলোচনাতেও যেতে চাইলেন না। এটা আরেকটা নতুন সফর, পুরোনো জঞ্জাল ঘেঁটে লাভ কী? মুখেও বললেন, ‘সর্বশেষ জিম্বাবুয়ে সিরিজ এমন একটা সিরিজ, যেটা আমি আর কখনো মনে করতে চাইব না।’ সহ-অধিনায়কত্ব হারানো প্রসঙ্গেও কূটনীতিক তামিম, ‘আগেও বলেছি, সহ-অধিনায়কত্ব আমার জন্য নামেই ছিল। মাঠে সহ-অধিনায়কের কাজ খুব কম থাকে। বিসিবি আমাকে সঠিক মানুষ মনে করেছিল বলেই দায়িত্ব দিয়েছিল। পরে তাদের মনে হলো, আমি সঠিক ব্যক্তি নই, তখন সেটা ফেরত নিয়ে নিয়েছে। এ নিয়ে কোনো অভিযোগ নেই।’তিক্ত অভিজ্ঞতার সর্বশেষ জিম্বাবুয়ে সফরের সবই পেছনে ফেলে তামিমের চোখ এখন এবারের সফরের দিকে। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে এই প্রস্তুতি সফরের প্রতিটি মুহূর্ত কাজে লাগাতে চান। দেখাতে চান বাংলাদেশ দলের বদলে যাওয়া চেহারাটা, ‘আগে কী হয়েছে না হয়েছে মনে রেখে লাভ নেই। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে একটা ভালো প্রস্তুতি দরকার। আমাদের সাম্প্রতিক পারফরম্যান্সটা জিম্বাবুয়েতে নিয়ে যেতে পারলে সেটা বিশ্বকাপের জন্য অনেক বড় আত্মবিশ্বাস হবে।’অধিনায়ক মুশফিকুর রহিম ফাইনাল খেলার লক্ষ্যের কথা বলেছেন। কাজটাকে কঠিন মনে করলেও অসম্ভব মনে করেন না তামিম। তবে প্রথম লক্ষ্য বিশ্বকাপের জন্য জিম্বাবুয়ে থেকেই জয়ের অভ্যাস তৈরি করে নেওয়া। ২০০৭ বিশ্বকাপের উদাহরণ টেনেছেন এ প্রসঙ্গে, ‘২০০৭ বিশ্বকাপের আগে প্রচুর ম্যাচ খেলেছিলাম। জেতার অভ্যাস তৈরি হয়েছিল ওখান থেকেই। যার প্রভাব বিশ্বকাপেও পড়েছে।’টি-টোয়েন্টি এখন পর্যন্ত বাংলাদেশের ক্রিকেটের দুর্বলতম জায়গা। জিম্বাবুয়েতে তামিমের ব্যক্তিগত লক্ষ্য, এই দুর্বলতা কাটিয়ে ওঠা, ‘আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে আমার অভিজ্ঞতা কম। আমি চাইব যত বেশি ম্যাচ খেলা যায়, যত বেশি সময় উইকেটে থাকা যায়।’