সবই ভুয়া খবর!
পার্থ টেস্টের পর বলা হলো, ভিভিএস লক্ষ্মণ তাঁর শেষ টেস্ট খেলে ফেলেছেন। অ্যাডিলেড টেস্টটাকে অনেকে বলছিলেন, রাহুল দ্রাবিড়ের শেষ টেস্ট।্রকিন্তু অস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ হওয়ার পর জানা গেল, সবই ভুয়া। ভারতের জ্যেষ্ঠ খেলোয়াড়দের কেউই এখনো অবসরের কথা ভাবছেন না।অ্যাডিলেড টেস্টেও হারার পর লিখিত বিবৃতিতে ভারতীয় দলের এক মুখপাত্র বলেছিলেন, ‘আমরা স্পষ্টভাবে বলতে চাই, এসব খবর সঠিক নয়, ভিত্তিহীন। ভারতীয় দলের কোনো খেলোয়াড়ই অবসরে যাচ্ছেন না। এটা গুজব।’‘নিষিদ্ধ’ মহেন্দ্র সিং ধোনির জায়গায় এই টেস্টের ভারপ্রাপ্ত অধিনায়ক বীরেন্দর শেবাগেরও একই দাবি, ‘এই দলের কারোই এখন অবসরে যাওয়ার দরকার নেই। যখন প্রয়োজন মনে হবে, যখন তাঁরা মনে করবেন সময় শেষ, তখনই তাঁরা অবসরের ঘোষণা দেবেন।’ ভারতীয় দল থেকে যতই এসব দাবি তোলা হোক, অবসরের আলোচনার যুক্তি আছে। আগামী দুই বছরে ভারতের বিদেশের মাটিতে কোনো টেস্ট নেই। সিনিয়র ক্রিকেটাররা যে এই দুই বছর ফিট থাকবেন, দুই বছর পর টেস্ট খেলার মতো অবস্থায় থাকবেন, এমন কোনো নিশ্চয়তা নেই।কেউ অবসরে না গেলে সিনিয়র খেলোয়াড়দের বাদ দিয়ে চলা উচিত কিনা, এমন প্রশ্নে অবশ্য সরাসরি কিছু বলেননি শেবাগ, ‘সেটা টিম ম্যানেজমেন্ট এবং নির্বাচকদের ব্যাপার। আমি বা অন্য কেউ এটা ঠিক করব না। নির্বাচকেরা যদি মনে করেন কিছু পরিবর্তনের দরকার, তাঁরা সেটা করবেন।’ডানকান ফ্লেচার কোচ হওয়ার পর এ নিয়ে দেশের বাইরে টানা আট টেস্ট হারল ভারত। সমালোচনার তিরে বিদ্ধ তাই ফ্লেচারও। যদিও শেবাগ তাঁর পাশেই আছেন, ‘তিনি যথেষ্ট ভালো কোচ। দলের অনেক ব্যাটসম্যানের সঙ্গে কথা বলছেন তিনি, তাদের পরামর্শ দিচ্ছেন, কৌশল ঠিক করছেন। কিন্তু আপনি যখন কৌশল কাজে লাগাতে পারবেন না, কিছুই হবে না। ফ্লেচারকে আমরা কেন দায়ী করব? খেলোয়াড়েরাই দলের মাথা হেট করেছে।’বিপর্যস্ত সময়ে সমালোচনার কাঁটায় না বিঁধে সমর্থক ও সংবাদমাধ্যমের কাছে শেবাগ চাইছেন সমর্থন, ‘আমাদের পারফরম্যান্সে তারা হতাশ হতেই পারে, আমিও সেটা মানি। তবে এই সময়টায় সমর্থকদের উচিত দলের পাশে থাকা।’ এএফপি, ওয়েবসাইট।