সবই হারালেন আর্মস্ট্রং!
ডোপ-পাপের কারণে প্রতিযোগিতামূলক সাইক্লিংয়ে আজীবন নিষিদ্ধ হয়েছেন ল্যান্স আর্মস্ট্রং। ১৯৯৮ সালের পর থেকে তাঁর জেতা সাতটি ট্যুর ডি ফ্রান্সের শিরোপা হারানো এখন শুধু আনুষ্ঠানিকতার ব্যাপার। এসব অবশ্য গত আগস্ট মাসের শেষ দিকের কথা।সর্বশেষ খবর, আজ বুধবার নিজের গড়া ক্যানসার ফাউন্ডেশন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন আর্মস্ট্রং। এদিকে তাঁর অন্যতম প্রধান করপোরেট স্পনসর ‘নাইকি’ তাঁকে ছেড়ে দেওয়ার ঘোষণা দিয়েছে। এর মানে, সবই হারালেন ল্যান্স আর্মস্ট্রং।বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ক্যানসার ফাউন্ডেশন ছাড়ার ঘোষণা দিয়ে এক বিবৃতিতে আর্মস্ট্রং বলেছেন, ‘আমার সাইক্লিং ক্যারিয়ার ঘিরে যে বিতর্ক সৃষ্টি হয়েছে, তার কারণে যেন আমার ফাউন্ডেশন যেন ক্ষতিগ্রস্ত না হয় এ জন্য চেয়ারম্যান পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি আমি।’ডোপ বিতর্কে এত দিন আর্মস্ট্রংয়ের পাশেই ছিল নাইকি। তবে নিজেদের অবস্থান থেকে সরে এসে প্রতিষ্ঠানটি এক বিবৃতিতে বলেছে, ‘ডোপ-বিতর্ক থেকে কাটিয়ে উঠতে ব্যর্থ হওয়া ও নাইকিকে এক দশকেরও বেশি সময় ধরে বিভ্রান্ত করায় আমরা অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি, আর্মস্ট্রংয়ের সঙ্গে চুক্তি বাতিল করেছি আমরা। নাইকি কোনোভাবেই পারফরম্যান্স-বর্ধক অবৈধ ড্রাগ ব্যবহার সমর্থন করতে পারে না।’অতীতে অনেকবারই আর্মস্ট্রংয়ের বিরুদ্ধে ডোপ নেওয়ার অভিযোগ উঠেছে। ২০০৯ ও ২০১০ সালে তাঁর রক্ত নমুনা ও অন্য সাইক্লিস্টদের দেওয়া তথ্যের ভিত্তিতে সর্বশেষ গত জুনে তাঁর বিরুদ্ধে ডোপ নেওয়ার অভিযোগ আনে ইউএসএডিএ। আর্মস্ট্রং তখন থেকে সব অভিযোগ অস্বীকার করে আসছিলেন। তাঁকে ডোপ নিতে প্ররোচনার দায়ে তিনজনকে এরই মধ্যে নিষিদ্ধও করা হয়েছে। কিন্তু আর্মস্ট্রংয়ের বিষয়টা ঝুলে ছিল। কারণ, তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে আদালতে মামলা ঠুকে দেন তিনি। কিন্তু গত আগস্টে ইউএসএডিএর বিরুদ্ধে করা মামলাটি খারিজ করে দেন যুক্তরাষ্ট্রের ফেডারেল আদালত। এর পরই ইউএসএডিএ ঘোষণা দেয়, ১৯৯৮ সালের পর থেকে আর্মস্ট্রংয়ের জেতা সাতটি ট্যুর ডি ফ্রান্সের শিরোপা কেড়ে নেওয়া হবে। প্রতিযোগিতামূলক সাইক্লিংয়ে আজীবন নিষিদ্ধ করা হবে তাঁকে। অভিযোগ খণ্ডনে আন্তর্জাতিক ক্রীড়া আদালতে যেতে পারতেন আর্মস্ট্রং, কিন্তু যাননি। এর দুদিন পরই আর্মস্ট্রং ঘোষণা দেন, ইউএসএডিএর আনা ডোপিংয়ের অভিযোগের বিরুদ্ধে আর লড়বেন না তিনি।মরণব্যাধি ক্যানসারকে পরাজিত করে রেকর্ড সাতবার সাইক্লিংয়ের সবচেয়ে মর্যাদার আসর ট্যুর ডি ফ্রান্সের শিরোপা জেতা আর্মস্ট্রং ভক্তদের উদ্দেশে এক বার্তায় বলেন, ‘আমার জন্য কেঁদো না। আমি কিংবদন্তি হতে চলেছি। আমার পাঁচটি সন্তান রয়েছে। জীবন চলার পথে অসাধারণ এক নারীকে পেয়েছি। আমার গড়া ক্যানসার ফাউন্ডেশন এখনো অক্ষত আছে। এ পর্যন্ত আসতে পারাটাই দারুণ। এগিয়ে চলার মতো অনেক কিছুই আমার রয়েছে।’