সবকিছুই বঙ্গবন্ধু স্টেডিয়ামে!

হঠাৎ বঙ্গবন্ধু স্টেডিয়ামে ঢুকলে মনে হবে কোনো উৎসবের প্রস্তুতি চলছে। গ্যালারিতে প্যান্ডেল করা হয়েছে। অ্যাথলেটিকস ট্র্যাকের ওপর তৈরি হচ্ছে মঞ্চ। মাঠের ঘাস মাড়িয়ে ছোটাছুটি করছেন ব্যস্ত শ্রমিকেরা। কারও হাতে মাইক। কারও হাতে মই।
১১ জুন এই স্টেডিয়ামেই বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাইয়ের প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশ। তবে এসব প্রস্তুতি কিন্তু ওই ম্যাচের জন্য নয়। আগামীকাল এই মাঠেই অনুষ্ঠেয় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ স্কুল ফুটবলের ফাইনালের জন্য!
বঙ্গবন্ধু স্টেডিয়ামে নির্বিঘ্নে অনুশীলন করতে পারছে না বাংলাদেশ জাতীয় দল। কাল বাধ্য হয়েই মামুনুলরা অনুশীলন করলেন শেখ জামাল ধানমন্ডি ক্লাব মাঠে।
বঙ্গবন্ধু স্টেডিয়ামের মাঠ নিয়ে বিরক্ত জাতীয় দলের কোচ লোডভিক ডি ক্রুইফ। মাঠে নানা প্রজাতির বড় বড় ঘাস। মোহামেডান গ্যালারি-সংলগ্ন কর্নার ফ্ল্যাগের সামনে থেকে ডি-বক্স পর্যন্ত জায়গাটা ভীষণ অসমতল। এমন অসমতল মাঠে পাসিং ফুটবল খেলাটা খুব কঠিন। নিষ্কাশনব্যবস্থা সেকেলে, একটু বৃষ্টি হলেই মাঠে পানি জমে। সদ্য শেষ হওয়া প্রিমিয়ার লিগের বেশ কয়েকটি ম্যাচ এ কারণে স্থগিত করতে বাধ্য হয়েছে বাফুফে।
বাস্তবতা হলো দিন দিন বঙ্গবন্ধু স্টেডিয়াম যেন উৎসবের কেন্দ্রবিন্দু হয়ে উঠছে। এই মাঠেই হচ্ছে পেশাদার ফুটবল লিগ, চ্যাম্পিয়নশিপ লিগ। হচ্ছে বয়সভিত্তিক ফুটবল টুর্নামেন্ট, মহিলা ফুটবল লিগ, পাইওনিয়ার ফুটবল, প্রথম ও দ্বিতীয় বিভাগ লিগের খেলা। এরপর কয়েক বছর ধরে হয়ে আসছে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবলের নিয়মিত আয়োজন। অ্যাথলেটিকস ফেডারেশনের সিনিয়র, জুনিয়র মিটও হয়। ২৬ মার্চ, ১৬ ডিসেম্বরের মতো জাতীয় অনুষ্ঠানও এই স্টেডিয়ামেই হচ্ছে। অতীতে বিভিন্ন সময়ে কনসার্ট হয়েছে। বাংলাদেশের সমুদ্র বিজয় উপলক্ষে প্রধানমন্ত্রীর সংবর্ধনাও হয়েছে এখানেই।
বর্তমানে কমলাপুর স্টেডিয়ামে চলছে কৃত্রিম টার্ফ বসানোর কাজ। তাই সব চাপ এসে পড়েছে বঙ্গবন্ধু স্টেডিয়ামের ওপর। মাঠ কোনো বিশ্রাম পাচ্ছে না। আর এটি ফিফা স্বীকৃত বাংলাদেশের একমাত্র ভেন্যু হওয়ায় বাধ্য হয়ে বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে (বাফুফে) ফিফা অনুমোদিত সব ম্যাচ আয়োজন করতে হচ্ছে বঙ্গবন্ধু স্টেডিয়ামেই। আন্তর্জাতিক ম্যাচ আয়োজনের জন্য কতটা উপযুক্ত এটি, তা নিয়ে প্রশ্ন উঠছে বারবার।
মাঠ পরিচর্যার আধুনিক প্রযুক্তি নেই বাফুফের। গ্রাউন্ডস ও ফ্যাসিলিটিজ কমিটির চেয়ারম্যান ফজলুর রহমান বাবুল মাঠের দুরবস্থা দেখে বললেন, ‘মাঠটি পুরোপুরি খেলার উপযোগী করতে অন্তত তিন মাস সময় লাগে। আমাদের ভালো মানের ঘাস কাটার মেশিন, রোলার নেই। ভারী বৃষ্টি এলে আমাদের কিছু করার থাকে না। ৩০-৪০ মিনিটের আগে মাঠের পানি সরে না। তখন খেলা চালানো অসম্ভব হয়ে পড়ে।’
আপাতসমাধানের জন্য বাফুফে স্টেডিয়ামের মালিক জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) সঙ্গে আলাপ-আলোচনা চালিয়ে যাচ্ছে। বাফুফের সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ কাল জানালেন, ‘আমরা এনএসসি সচিবকে এসব বিষয় জানিয়ে চিঠি দিয়ে এসেছি। আমাদের গ্রাউন্ডস কমিটিও কাজ করছে। আশা করি, কোনো সমস্যা হবে না।’
কিন্তু বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপের ফাইনাল কি বিশ্বকাপ বাছাইয়ের পরে আয়োজন করা যেত না? বাফুফের সাধারণ সম্পাদকের ব্যাখ্যা, ‘ওই সময়ে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ আছে জানিয়ে শিক্ষা মন্ত্রণালয়কে ১৬ জুনের পর এটার আয়োজন করতে অনুরোধ করেছিলাম। কিন্তু শিক্ষা মন্ত্রণালয় প্রথমে ৬ জুন ফাইনালের কথা জানালেও হঠাৎ করে সেটি ৮ জুন নির্ধারণ করেছে। আর যেহেতু বঙ্গবন্ধুর নামে টুর্নামেন্ট তাই আমাদেরও ছাড় দিতে হচ্ছে।’
এনএসসির সচিব অশোক কুমার বাফুফেকে আশ্বাস দিয়েছেন, ‘ঢাকার জেলা প্রশাসক বলেছেন, ফাইনাল শেষে নিজ দায়িত্বে স্টেডিয়াম পরিষ্কার করে দেবেন।’