সবকিছুতেই ‘টাই’!
‘বেশ খুশি। বেশ দুঃখিত।’‘হতাশও নই। খুশিও নই।’তার মানে কী—আনন্দ-হতাশার অনুভূতিতেও ‘টাই’!পরশু রাতে চিন্নাস্বামী স্টেডিয়ামে রোমাঞ্চকর ‘টাই’ ম্যাচ সবকিছুই যেন ‘টাই’ করে দিল! স্কোর ‘টাই’। প্রাপ্তি-অপ্রাপ্তি ‘টাই’। পেয়ে হারানো—হারিয়ে পাওয়ার অনুভূতিতে ‘টাই’।দুই অধিনায়কই তাই ‘মিশ্র অনুভূতি’র কথা বললেন। লেখার শুরুতে প্রথম কথাটা অ্যান্ড্রু স্ট্রাউসের। দ্বিতীয়টা মহেন্দ্র সিং ধোনির। ওয়ানডে তাঁরা খুব কম খেলেননি। তবে এমন বিমূঢ় করে দেওয়া ম্যাচ প্রথম খেললেন, যেটির শেষে হাসবেন না মন খারাপ করবেন, বুঝে উঠতে পারছেন না।ধোনি আর স্ট্রাউসের প্রতিক্রিয়াতেও তাই মিল—ধোনি: মিশ্র একটা অনুভূতি হচ্ছে। তিন শ চল্লিশ-টল্লিশ করার পর আপনি অবশ্যই জয় আশা করবেন। আবার ইংল্যান্ডের ইনিংসের ৪০/৪২ ওভার শেষের অবস্থাটা মনে রাখলে পরাজয় এড়ানোটাই বা কম কী! আমরা জয়ের খুব কাছাকাছি চলে গিয়েছিলাম, আবার পরাজয়েরও খুব কাছাকাছি। এই ম্যাচের রেজাল্ট হিসেবে ‘টাই’ খারাপ না!স্ট্রাউস: খুশি না অখুশি বুঝে উঠতে পারছি না। এত বড় একটা স্কোর এমন দারুণ তাড়া করলাম। ৪১/৪২ ওভার পর্যন্ত খুব ভালো অবস্থায় ছিলাম। পাওয়ার প্লেটা ভালো হলেই কাজ হয়ে যেত। আমরা প্রান্তসীমায় পা দিয়েও সেটি পেরোতে পারলাম না। বেশ খুশি, আবার বেশ দুঃখিত। তবে এসব ভুলে আমাদের উচিত, এই ম্যাচটা উদ্যাপন করা। আমার খেলা ৫০ ওভারের সেরা ম্যাচ।ভারত বনাম ইংল্যান্ড। একটু ঘুরিয়ে শচীন টেন্ডুলকার বনাম অ্যান্ড্রু স্ট্রাউসও বলতে পারেন। এখানে অবশ্য ‘টাই’ নয়। ম্যান অব দ্য ম্যাচের পুরস্কারটা স্ট্রাউসই পেয়েছেন। টেন্ডুলকারের ১১৫ বলে ১২০ রানের ইনিংস ব্যাটিংয়ের এক মাস্টার ক্লাস হতে পারে, কিন্তু ম্যাচটাকে এমন মহাকাব্যিক উচ্চতায় নিয়ে যাওয়ার মূলে তো স্ট্রাউসের ১৪৫ বলে ১৫৮। যেটিকে স্ট্রাউস শুধু তাঁর সেরা ওয়ানডে ইনিংস বলেই থামছেন না, সঙ্গে যোগ করছেন, ‘এমন একটা ইনিংস খেলতে পেরে আমি গর্বিত।’স্ট্রাউস গর্বিত তাঁর দল নিয়েও—‘ইটস্ আ অ্যামেজিং চেজ।’ ‘অ্যামেজিং চেজ’ তো স্ট্রাউস আর বেলের ১৭০ রানের তৃতীয় উইকেট জুটির কারণে। পরপর দুই বলে এই দুজন আউট হওয়ার পর যে ইংল্যান্ড ‘দক্ষিণ আফ্রিকা’ হয়ে গেল! ইংল্যান্ডের মিডল অর্ডার কি ‘চোক’ করে গেল? এক সাংবাদিক প্রশ্নটা করেই ফেললেন। ‘চোকিং’য়ের অপবাদ কোনো অধিনায়কেরই মানার কথা নয়। কী আশ্চর্য, স্ট্রাউস মাথা ঝুঁকিয়ে বললেন, ‘আমি আপনার সঙ্গে পুরো একমত। তবে এটাও ঠিক, জহির দুর্দান্ত দুটি বল করেছে। পাওয়ার প্লেতেও ওদের বোলিং ভালো হয়েছে।’আরেক সাংবাদিক প্রশ্ন করলেন, ভারত হারলে সেটি কি শচীন টেন্ডুলকারের প্রতি অবিচার হতো না? স্ট্রাউস আরও কটি নাম যোগ করে দিলেন এর সঙ্গে, ‘তা যেমন হতো, তেমনি ব্রেসনান যে বোলিং করেছে, তাতে ওরও পরাজয় প্রাপ্য ছিল না। জহির খান যেভাবে ফিরে এল, তাতে ওরও না। আমারও পরাজয় প্রাপ্য ছিল না, শচীনেরও না।’এই মাঠেই ভারত-অস্ট্রেলিয়া প্রস্তুতি ম্যাচে উইকেটে ছিল স্পিনের জয়গান। এরপর আইসিসির কোনো নির্দেশনা এসে থাকবে। ব্যাটসম্যানদের মনের মতো করে তাই বানানো হয়েছে এই ম্যাচের উইকেট, যা দেখে এই বয়সেও ব্যাট হাতে নেমে পড়তে ইচ্ছে করছে ভিভ রিচার্ডসের। ভারতীয় এক টিভি চ্যানেলের স্টুডিওতে বিশেষজ্ঞ মতামত দিচ্ছেন সাবেক ওয়েস্ট ইন্ডিয়ান গ্রেট। টেন্ডুলকার-স্ট্রাউসের প্রায় সমান প্রশংসা করলেন কিউরেটর।উইকেট খুব ভালো, ঠিক আছে। তার পরও ৩৩৮ তো ৩৩৮-ই। ইংল্যান্ড কি সত্যিই ভেবেছিল, এটা তাড়া করা সম্ভব? বিরতির সময় দলকে কী বলেছিলেন স্ট্রাউস? ‘আমি বলেছি, হল্যান্ডের সঙ্গে আমরা যেভাবে খেলেছি, সেভাবে খেললেই হবে। আজকের এই ম্যাচ যেকোনো স্কোর তাড়া করা সম্ভব বলে আত্মবিশ্বাস দিয়েছে আমাদের।’দুদলই জিততে জিততেও জিততে পারেনি। আবার হারতে হারতেও হারেনি। তার পরও এই ‘টাই’য়ে নৈতিক বিজয় কি হলো কোনো দলের? প্রশ্নটা এভাবে করলে সমস্যা হতো না। কিন্তু এক ভারতীয় সাংবাদিক একটু উত্তেজিত স্বরে ‘৩৩৮ করেও জিততে না পারা কি ভারতের নৈতিক পরাজয় নয়’ প্রশ্ন করায় ধোনিও একটু রেগেই গেলেন। ‘যে ভঙ্গিতে আপনি বললেন, তাতে আপনার জন্য তা হতে পারে, আমাদের জন্য নয়।’সংবাদ সম্মেলনে এ সময়ই যা একটু তাল কাটল। বাকি সময়টা যেন গাইল ক্রিকেটের জয়গান। গাইবেই তো। প্রাপ্তি-অপ্রাপ্তি একাকার করে দেওয়া এমন ম্যাচ কটিই বা হয়েছে! পয়েন্ট দুই দলই ১ করে পেয়েছে, এর বাইরে এই ‘টাই’ থেকে কোন দল বেশি পেল—এই প্রশ্নে ধোনি যেমন বললেন, ‘আমরা জিততে পারিনি বলে আফসোস থাকবে। আবার ইংল্যান্ড ভাববে এত ভালো অবস্থায় গিয়েও পারলাম না। দুদলের জন্যই হতাশা আছে। আবার দুদলেরই খুশি হওয়ার কারণ আছে, কারণ দুদলই একসময় পরাজয় দেখছিল। এই ম্যাচে ১ পয়েন্ট করে পাওয়াই ভালো।’ভারত ৩৩৮ করে ফেলার পর এমন সমাপ্তি কল্পনা করা যায়নি। আবার ইংল্যান্ড ২ উইকেটে ২৮১ করে ফেলার পরও না। ‘টাই’ কি আর কেউ ভবিষ্যদ্বাণী করতে পারে? একজন নাকি পেরেছেন! এই ম্যাচের মাঝপথেই শেন ওয়ার্ন টুইট করেছেন, এটি ‘টাই’ হবে। দুই অধিনায়কেরই প্রতিক্রিয়া জানতে চাওয়া হলো। ধোনি কিছু বললেন না। স্ট্রাউস হাসি দিয়ে বললেন, ‘হি ইজ আ জিনিয়াস।’ওয়ার্ন কথার কথা বলে থাকলে ভিন্ন কথা। তবে সত্যিই যদি ৩৩৮ রানের ‘টাই’ অনুমান করে থাকেন, তাঁকে জিনিয়াসেরও বেশি কিছুই বলা উচিত।