সবচেয়ে বেশি বেতন রোনালদোর

ক্রিস্টিয়ানো রোনালদো এখন আর বিশ্বের সবচেয়ে দামি খেলোয়াড় নন। তাঁকে ছাড়িয়ে যিনি এখন সবচেয়ে দামি, সেই গ্যারেথ বেল কিন্তু তাঁরই রিয়াল মাদ্রিদ সতীর্থ। এটা না বললেও চলে যে বিষয়টা রোনালদোর খুব পছন্দ হওয়ার কথা নয়। তাঁর মনের মধ্যে অসন্তোষের একটু বাষ্প জমা হতেই পারে। তবে এটি অন্যভাবে দূর করার সুযোগ আসছে পর্তুগিজ তারকার সামনে। রিয়ালে নতুন চুক্তি করলে রোনালদোই হবেন বিশ্বের সবচেয়ে বেশি বেতনভোগী খেলোয়াড়।কবে নতুন চুক্তিতে সই করবেন রোনালদো? অনেক দিন ধরেই প্রশ্নটা ভেসে বেড়াচ্ছে বার্নাব্যুর বাতাসে। গোল ডট কম জানিয়েছে, এই মাসের মধ্যেই সেটা হয়ে যেতে পারে। পাঁচ বছরের নতুন চুক্তিটা করলে রোনালদো নাকি বছরে বেতন পাবেন ১ কোটি ৫০ লাখ ইউরো!দিন কয়েক আগেও সবচেয়ে বেশি বেতনভোগী ফুটবলার ছিলেন স্যামুয়েল ইতো। কিন্তু চেলসিতে যাওয়ার জন্য ক্যামেরুনিয়ান স্ট্রাইকার নিজের বেতন ১ কোটি ৭০ লাখ ইউরো থেকে কমিয়ে এনেছেন ৭০ লাখে। আর লিওনেল মেসির বার্ষিক বেতন ১ কোটি ৩০ লাখ ইউরো। সঙ্গে অবশ্য বোনাস আছে। সেই তুলনায় বেলের বেতনটা একটু কমই। ‘হানড্রেড মিলিয়নম্যানে’র আনুমানিক বার্ষিক বেতন ১ কোটি ইউরো। রোনালদোকে নতুন চুক্তিতে সই করানোর জন্য রিয়াল মাদ্রিদের চেষ্টাটা চলছে অনেক দিন ধরেই। সোনার ডিমপাড়া হাঁসকে কে ধরে রাখতে চায় না? রিয়াল সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ বলেছিলেন, ‘সে বিশ্বের সেরা খেলোয়াড়। আমরা চাই, সে বিশ্বের সবচেয়ে বেশি বেতনভোগী খেলোয়াড় হোক।’
রোনালদো এ নিয়ে মুখই খোলেননি। তাঁর এই মৌনব্রত এমনও গুঞ্জন রটায় যে রিয়ালই ছেড়ে দিতে পারেন। সেটা যে স্রেফ গুজব, সেটা তো দেখাই যাচ্ছে। রোনালদো আরও বেশ কিছুদিন বার্নাব্যুতেই থাকবেন। ঘনিষ্ঠ বন্ধুদের নাকি জানিয়েছেন চুক্তির ব্যাপারে বেশ অগ্রগতি হয়েছে। ২২ সেপ্টেম্বরেই ঘোষণাটা আসতে পারে।
অথচ গত মৌসুমেই রোনালদো ‘রিয়ালে সুখী নন’ বলে তোলপাড় ফেলে দিয়েছিলেন। হোসে মরিনহোর সঙ্গে শীতল সম্পর্ক নিয়েও কম আলোচনা হয়নি। এখন মনে হচ্ছে এসব পেছনে ফেলে এসেছেন। রোনালদোর চোখে নতুন কোচ কার্লো আনচেলত্তি ‘দারুণ মানুষ ও দারুণ কোচ।’
নতুন চুক্তি হলে রোনালদোর পেছনে রিয়ালকে বেতন বাবদ আসলে বছরে প্রায় ৩ কোটি ১ লাখ ইউরো ব্যয় করতে হবে। স্পেনে কর হার উচ্চ, কর দিতে হয় মোট আয়ের ৫২ শতাংশ। ওয়েবসাইট।