আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম বলটা করেছিলাম জিম্বাবুয়ের ডিওন ইব্রাহিমকে। এরপর কত ব্যাটসম্যানকেই না বল করেছি! এঁদের মধ্যে সবচেয়ে কঠিন মনে হয়েছে কাকে—এই প্রশ্ন করলে প্রথম নামটিই হবে অ্যাডাম গিলক্রিস্ট। পাঁচজনকে বেছে নিতে বললে বাকি চারটি নাম হবে কুমার সাঙ্গাকারা, হাশিম আমলা, গৌতম গম্ভীর ও ইনজামাম-উল হক। এক এক করে বলি—

অ্যাডাম গিলক্রিস্ট
কি ওয়ানডে কি টেস্ট, সব সময়ই আক্রমণাত্মক ব্যাটিং করত বলে ওকে বল করাটা সব সময়ই ছিল চ্যালেঞ্জিং। সবচেয়ে বড় সমস্যা ছিল, ও আউট করার কোনো সুযোগ দিত না। ও রকম মারলেও ব্যাটসম্যান যদি মাঝেমধ্যে আউট করারও সুযোগ দেয়, তাহলেও বোলারের মনে একটা আশা থাকে। মিস হিটে হয়তো আউট হবে। কিন্তু গিলক্রিস্টের মিস হিট হতো খুবই কম, আর হলেও সেটাও হয়ে যেত ছক্কা বা চার।
গিলক্রিস্ট থাকা অবস্থায় অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচের দুই দিন আগে থেকেই প্রস্তুতি থাকত...অ্যাডাম গিলক্রিস্ট আছে! সঙ্গে ওপেন করত ম্যাথু হেইডেন। ওয়ানডেতে গিলক্রিস্টের উইকেট আমি কয়েকবারই পেয়েছি। তবে অন্য ব্যাটসম্যানদের আক্রমণাত্মক বোলিং করলেও গিলক্রিস্টকে বল করার সময় রক্ষণাত্মক চিন্তাটাও রাখতে হতো। পাল্টা-আক্রমণ বেশি করত বলে মনে হতো আগে তো নিজেকে বাঁচাই, তারপর না হয় যাব আক্রমণে।
পেসারদের জন্য ভালো, এমন উইকেটে অন্তত একটা স্লিপ রেখেই ফিল্ডিং সাজানো হয়। গিলক্রিস্টের বেলায় হতো উল্টো। স্লিপ সরিয়ে অন্য জায়গায় দিতে হতো। কোনো ব্যাটসম্যান সাজানো ব্যাপারগুলোতে এমন ওলট-পালট ঘটিয়ে দিলে বোলারের আত্মবিশ্বাস এমনিতেই নড়বড়ে হয়ে যায়। আর বাজে বোলিংয়ের জন্য যখন ফিল্ডিং সাজাবেন, তখন বোলিং বাজেই হবে।

কুমার সাঙ্গাকারা
টেস্ট ক্রিকেটে নিজের উইকেটটাকে অনেক মূল্য দেয় সাঙ্গাকারা। একই সঙ্গে ইতিবাচক ক্রিকেট খেলে। বাজে বল পেলে তো মারেই, ভালো বলেও রান নিতে ছাড়ে না। ওকে বল করতে গিয়ে আমি অনেক সময়ই তাই মানসিকভাবে দমে গেছি। নিজেকে ফিরে পেতে অনেক সময় লেগে যেত। ততক্ষণে হয়তো সাঙ্গাকারা বড় একটা রানের দিকে চলে গেছে।
ওয়ানডে ক্রিকেটে মারকাটারি অনেক ব্যাটসম্যানই আছে। সাঙ্গাকারার চেয়ে বেশি মারে, এমন ব্যাটসম্যানেরও অভাব নেই। কিন্তু ওর মতো দাপট দেখিয়ে ব্যাটিং করে না কেউ। একটা বোলারের স্পেল নষ্ট করা থেকে শুরু করে পুরো দলের বোলিং পরিকল্পনা এলোমেলো করে দিতে ওর জুড়ি নেই।
বেক্সিমকোর হয়ে করপোরেট লিগে ওর সঙ্গে একটা ম্যাচ খেলেছি। খুব দ্রুত কয়েকটি উইকেট পড়ে গিয়েছিল। আট নম্বর ব্যাটসম্যান হিসেবে যখন আমি উইকেটে গেলাম, ও কাছে এসে বলল, ‘পজিটিভ থাকো। বাজে বলে মারো।’ আরও ভালো করে বুঝলাম, এই জিনিস অন্য ধাতুতে গড়া। আমার কথার প্রমাণ পাবেন ওর স্ট্রাইক রেট দেখলেই। গেইলদের মতো ও রকম ধুমধাড়াক্কা না মেরেও দেখবেন ৭০ বলে ৬০ করে ফেলেছে। খেলাটা ও এমনভাবে হাতে নিয়ে নেয়, বোলারদের জন্য পরিকল্পনা কাজে লাগানোটা অসাধ্য হয়ে পড়ে প্রায়।

হাশিম আমলা
যে জিনিসটাকে আমি আমার বোলিংয়ের শক্তিশালী দিক মনে করি, আমলার সামনে গিয়ে সেটাই হয়ে যায় আমার দুর্বলতা! অফ স্টাম্প বা অফ স্টাম্পের বাইরে আমলা খুব ভালো খেলে। সামনে এসে মারে। পয়েন্টের পাশ দিয়ে বা কাভার দিয়ে চলে যায় বল।
আমার দৃষ্টিতে ভেতরে আসা বলগুলো, মানে ইনসুইং-ই হলো আমার মূল অস্ত্র। কিন্তু আমলার বিপক্ষে একবার ও রকম দু-তিনটা বল করে সবগুলোতেই চার খেলাম। অথচ অন্য সময় ওই বলগুলোতে আমি উইকেট পেয়ে যাই। অফের মতো অনসাইডেও দারুণ ভালো। খেলেও একইভাবে। শুধু ব্যাটটা বাড়িয়ে দেয়। মিড উইকেটে ফিল্ডার রাখার পরও দেখা গেল লং অন আর মিড উইকেটের মাঝখান দিয়ে বাউন্ডারি। আমি যে বলটা ভালো করি, সেটাতেও কেউ এভাবে চার মেরে দিলে মানতে তো কষ্ট হবেই। একবার অবশ্য ইনসুইংয়ে ওর উইকেট পেয়েছিলাম, তবে সেটাও সে সেঞ্চুরি করে ফেলার পর।

গৌতম গম্ভীর
ভারতের ওপেনিং জুটিতে গৌতম গম্ভীরের সঙ্গে বীরেন্দর শেবাগই থাকত। শেবাগকে সবাই ভয় পায়। সব বোলারই চায়, ও স্ট্রাইকে না থাকুক। কিন্তু আমি সব সময় চাইতাম শেবাগ স্ট্রাইকে থাকুক, অন্য প্রান্তে থাকুক গম্ভীর। সেভাবে বল করতাম বলে শেবাগের উইকেটও পেয়েছি কয়েকবার। গম্ভীরের তুলনায় ওর সামনেই আমি বেশি আত্মবিশ্বাসী থাকতাম।
অন্য বোলাররা অফ স্টাম্পের বাইরের যেসব বল ছেড়ে দেয়, গম্ভীর একটু সুযোগ পেলেই কাট খেলে ফেলে সেগুলোতে। কাট খেলতে গেলে অন্যরা পিছিয়ে যায়, কিন্তু গম্ভীর সামনে থেকে খেলত। শর্ট কাভারকে শর্ট পয়েন্টে এনেও ওর এই শটটা থামাতে পারিনি। আর অনসাইডে তো মাস্টার। লেগ-মিডলে বল ফেললেও সমস্যা গম্ভীরের সামনে। নতুন বলে ফিফথ বা সিক্সথ স্টাম্পের বলও ভালো বল হিসেবে বিবেচিত। কিন্তু ওর বেলায় ওসব খাটে না।

ইনজামাম-উল হক
প্রথমে মনে হয়েছিল পাঁচ নম্বরে অ্যান্ডি ফ্লাওয়ারকে রাখা যায়, আবার মনে হলো রাহুল দ্রাবিড়কে রাখি। এই দুজনই কোনো না কোনোভাবে সমস্যায় ফেলত আমাকে। তবে শেষমেশ রাখলাম ইনজামাম-উল হককেই। কারণ খুব কঠিন পরিস্থিতিতেও ভালো ব্যাটিং করত ইনজি। টেস্ট-ওয়ানডে সব ধরনের ক্রিকেটেই ওকে বিব্রত করাটা ছিল কঠিন।
অনেক ম্যাচে দেখেছি টপাটপ পাকিস্তানের ২ উইকেট পড়ে গেছে, কিন্তু ইনজামাম আসার পর আর উইকেট পড়ে না। আমার মনে হয়, ইনজামাম একমাত্র ব্যাটসম্যান, ভালো খেলার জন্য যার ব্যাটিং উইকেট লাগত না। উপমহাদেশের ক্রিকেটার হয়েও যেকোনো ধরনের উইকেটের সঙ্গে খুব দ্রুত মানিয়ে নিতে পারার অসামান্য ক্ষমতা ছিল তার। আর কী জোর ছিল শটে! মনে আছে করাচিতে ওয়ানডে খেলার সময় সুজন (খালেদ মাহমুদ) ভাইয়ের বলে কাভারে সরাসরি আমার হাতে একটা ক্যাচ দিয়েছিল ইনজামাম। এত জোরে এসেছিল বলটা, ধরতেই পারিনি।
কাকে কয়বার আউট করেছেন
অ্যাডাম গিলক্রিস্ট
৪ টেস্টে একবারও নয়
৯ ওয়ানডেতে ৩ বার
কুমার সাঙ্গাকারা
৫ টেস্টে ১ বার
১৩ ওয়ানডেতে ২ বার
হাশিম আমলা
৪ টেস্টে ১ বার
৪ ওয়ানডেতে ১ বার
গৌতম গম্ভীর
২ টেস্টে একবারও নয়
৫ ওয়ানডেতে ১ বার
ইনজামাম-উল-হক
২ টেস্টে একবারও নয়
৫ ওয়ানডেতে ১ বার