সবচেয়ে দামি ডিফেন্ডারের ৮ ম্যাচে ২ লাল কার্ড

২০১৬-১৭ মৌসুমে ঘরোয়া ফুটবলের সর্বোচ্চ দামি ফুটবলার ডিফেন্ডার তপু বর্মন। তপু ও তাঁর বর্তমান ক্লাবের ভাষ্য মতে ৫৮ লাখ টাকায় আবাহনী লিমিটেড ছেড়ে সাইফ স্পোর্টিংয়ে যোগ দিয়েছেন তিনি। কিন্তু চলতি মৌসুমে আট ম্যাচেই লাল কার্ড দেখেছেন দুইবার, তা-ও আবার সরাসরি!
আজ তাঁর লাল কার্ডের মাশুল গুনতে হয়েছে সাইফ স্পোর্টিংকে। টানা পাঁচ ম্যাচে জয় পাওয়া সাইফ এক খেলোয়াড় কম নিয়ে গোলশূন্য ড্র করেছে বিজেএমসির বিপক্ষে। দ্বিতীয়ার্ধের পুরোটা সময় ১০ জন নিয়ে খেলেছে তারা। এই ড্রয়ের ফলে ৭ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে সাইফ স্পোর্টিং। সমান ম্যাচে বিজেএমসির পয়েন্ট ৬।
বিজেএমসিকে শুরু থেকেই চেপে ধরেছিল সাইফ । ৪০ মিনিটের মধ্যে পাঁচটি কর্নারও আদায় করে নেয় তারা। কিন্তু ৪২ মিনিটে তপু লাল কার্ড দেখে মাঠ ছাড়লে স্বাভাবিকভাবে দাপটটা কমে যায়। একটি ফ্রি-কিকের সময় আক্রমণে গিয়ে বক্সের মধ্যে প্রতিপক্ষ ডিফেন্ডার শোয়েব মিয়াকে কনুই দিয়ে আঘাত করেন তপু, সরাসরি লাল কার্ড। একজন কমে যাওয়ায় ফরমেশন ৪-২-৩-১ পরিবর্তন করে ৪-৪-১-এ সাজান কোচ ক্রিম গ্রান্ট। তপুর জায়গায় সেন্টারব্যাকে দেওয়া হয় রাইটব্যাক রিয়াদুল হাসানকে। আর ফুল ব্যাকে নেমে আসেন রাইট উইঙ্গার মোহাম্মদ স্বাধীন।
একজন বাড়তি খেলোয়াড় সুযোগটা নিতে পারেনি বিজেএমসি। বল নিয়ন্ত্রণে এগিয়ে থাকলেও সাইফের দুই মিডফিল্ডার জামাল ভুইয়া ও ডেইনার আন্দেস লরদাবার কাছে মাঝমাঠেই থামতে হয়েছে তাঁদের। বরং সাইফ ১০ খেলোয়াড় নিয়ে খেলছে, দেখে তা মনেই হয়নি।
তপু মৌসুম শুরুই করেছেন লাল কার্ড দেখে। ফেডারেশন কাপে নিজেদের প্রথম ম্যাচে আবাহনীর লিমিটেডরে বিপক্ষে ১-১ গোলে ড্র ম্যাচে সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছেড়েছিলেন তিনি। নিষেধাজ্ঞা থাকায় পরের ম্যাচে মুক্তিযোদ্ধার বিপক্ষে আর মাঠে নামা হয়নি তাঁর। লিগে সাত ম্যাচ খেলে দেখলেন একটি লাল কার্ড। অর্থাৎ আট ম্যাচে দুই লাল কার্ড দেখা হয়ে গেল সাইফের রক্ষণ-নেতার।