সবচেয়ে ধনী ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপাটা হাতে নেওয়া হয়নি। আরাধ্য সেই শিরোপা হারাতে হয়েছে নগর-প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার সিটির কাছে। তবে একটি বিষয়ে ঠিকই ‘চ্যাম্পিয়ন’ ওল্ড ট্র্যাফোর্ডের রেড ডেভিলরা। ফোর্বস সাময়িকীর দৃষ্টিতে এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে ধনী ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড। ফোর্বসের এই তালিকায় শীর্ষ দশে আছে দুই স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। এ ছাড়া স্থান পেয়েছে ইংলিশ ক্লাব আর্সেনাল।গত বছরেও ১ দশমিক ৮৬ বিলিয়ন ডলার নিয়ে ধনী ক্লাবের তালিকার শীর্ষে ছিল ম্যানচেস্টার ইউনাইটেড। তবে এবার টাকার অঙ্কটা আরও বাড়িয়েছে ১৯ বারের প্রিমিয়ার লিগ শিরোপাজয়ী এই ক্লাবটি। এবারের তাদের সম্পত্তির পরিমাণ দাঁড়িয়েছে ২ দশমিক ২৩ বিলিয়ন ডলার। এবার শেয়ারবাজারেও নিজেদের অন্তর্ভুক্ত করতে চলেছে ইউরোপিয়ান ফুটবলের অন্যতম সেরা এই দল। দ্বিতীয় স্থানে থাকা রিয়াল মাদ্রিদের সঙ্গে ব্যবধানটাও অনেক বেড়ে গেছে ম্যানচেস্টার ইউনাইটেডের। ১ দশমিক ৮৮ বিলিয়ন ডলার নিয়ে দ্বিতীয় স্থানে আছে রিয়াল। আর তাদের চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার অবস্থান অষ্টম স্থানে (১ দশমিক ৩১ বিলিয়ন)। প্রথম ১০টি ক্লাবের মধ্যে জায়গা করে নিয়েছে আরও একটি ইংলিশ ক্লাব, আর্সেনাল। তাদের মোট সম্পত্তির পরিমাণ ১ দশমিক ২৯ বিলিয়ন ডলার। এ ছাড়া যুক্তরাষ্ট্রের ঘরোয়া রাগবি ও বেসবল লিগের ছয়টি দল রয়েছে শীর্ষ ১০ ধনী ক্লাবের তালিকায়। রয়টার্স।