সবচেয়ে ধনী স্পেন, গরিব হন্ডুরাস
ফেবারিট কোন দল? শিরোপা কারা জিতবে?
এসব প্রশ্ন সামনে নিয়ে তর্ক-বিতর্ক শুরু হয়ে গেছে এরই মধ্যে। ১৩ জুলাই উত্তর মিলবে মারাকানা স্টেডিয়ামের ফাইনাল শেষে। তবে একটা জায়গায় সবাইকে আগেই টেক্কা দিয়ে রাখল স্পেন। সম্ভবত সবচেয়ে দামি দল নিয়ে এবারের বিশ্বকাপে খেলতে যাবে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা।
বিশ্বকাপে অংশগ্রহণকারী দলগুলোর সাম্প্রতিক স্কোয়াড নিয়ে একটি গবেষণা চালিয়েছে ব্রাজিলের ক্রীড়া গবেষণা প্রতিষ্ঠান প্লারি কনসালটোরিয়া। ওই প্রতিষ্ঠান একজন খেলোয়াড়ের আনুমানিক মোট দাম বের করেছে খেলোয়াড়ের বাজারমূল্য, বয়স, ফিটনেস, সামর্থ্য, পরিসংখ্যানসহ ৭৭টি মানদণ্ড বিবেচনায় নিয়ে। সে অনুযায়ী ঠিক করা হয়েছে একটা দলের মোট আনুমানিক দামও।
প্রতিষ্ঠানটির গবেষণায় দেখা যাচ্ছে, বিশ্বকাপের ৩২ দলের মধ্যে সবচেয়ে দামি স্কোয়াড স্পেনের। যার আনুমানিক বাজারমূল্য ৪৮ কোটি ৬৯ লাখ ইউরো। দ্বিতীয় স্থানে থাকা আর্জেন্টিনা দলের আনুমানিক দাম ৪৭ কোটি ৪১ লাখ ইউরো। তৃতীয় দলটির নাম ব্রাজিল। আনুমানিক দাম ৪৭ কোটি ২ লাখ ইউরো।
মজার ব্যাপার, আর্জেন্টিনা দলের বাজারমূল্য একাই বাড়িয়ে দিয়েছেন লিওনেল মেসি। গবেষণায় বেরিয়ে এসেছে, এই ফরোয়ার্ডের আনুমানিক বাজারমূল্য ১৩ কোটি ৮১ লাখ ইউরো। সেই হিসাবে মেসি শুধু বিশ্বের দামি খেলোয়াড়ই নন, তাঁর কারণে বেড়ে গেছে আর্জেটিনা দলের দামও।
দলের দাম বাড়াতে অবদান আছে মেসির সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদোরও। পর্তুগাল দলের আনুমানিক মূল্য ধরা হয়েছে ২৮ কোটি ৭০ লাখ ইউরো, এর প্রায় তিন ভাগের এক ভাগই দলটির অধিনায়কের দাম (১০ কোটি ৭৩ লাখ ইউরো)। মেসি-রোনালদোর চেয়ে পিছিয়ে থাকলেও একেবারে কম নয় ব্রাজিলিয়ান স্ট্রাইকার নেইমারের আনুমানিক দাম (৬ কোটি ৭৪ লাখ ইউরো)।
সবচেয়ে কম দামি দল নিয়ে যাচ্ছে হন্ডুরাস। কনক্যাকাফ থেকে বিশ্বকাপে সুযোগ পাওয়া এই দলটির আনুমানিক দাম মাত্র ৩ কোটি ২৩ লাখ ইউরো। স্পেন, আর্জেন্টিনার সঙ্গে তুলনা দূরের কথা, হন্ডুরাসের পুরো দলের দাম মেসির দামের প্রায় চার ভাগের
এক ভাগ। রোনালদোর দামের এক-তৃতীয়াংশ আর নেইমারের অর্ধেক! ওয়েবসাইট।
সবচেয়ে দামি ৫ দল
দল ইউরো
স্পেন ৪৮ কোটি ৬৯ লাখ
আর্জেন্টিনা ৪৭ কোটি ৪১ লাখ
ব্রাজিল ৪৭ কোটি ২ লাখ
জার্মানি ৪৪ কোটি ৫৬ লাখ
ফ্রান্স ৩৯ কোটি ৮৬ লাখ