ব্যাটিংয়ের গুরুত্বপূর্ণ প্রায় সবগুলো রেকর্ডই তাঁর। বাকি আছে যেগুলো, অবসর নেওয়ার আগে সেসবও বুঝি নিজের করে নেবেন শচীন টেন্ডুলকার। গতকাল যেমন শুধু ওয়ানডের সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসটাই নয়, টেন্ডুলকার ভেঙে দিয়েছেন এক ইনিংসে সবচেয়ে বেশি চার মারার রেকর্ডটাও। এত দিন সেটি ছিল সনাত্ জয়াসুরিয়ার। ২০০৬ সালে নেদারল্যান্ডের বিপক্ষে ১৫৭ রানের ইনিংসটি খেলার পথে শ্রীলঙ্কার মারকুটে ব্যাটসম্যান মেরেছিলেন ২৪টি চার। কাল টেন্ডুলকার চার মারলেন ২৫টি। এর আগে টেন্ডুলকারের সর্বোচ্চ ইনিংস ছিল নিউজিল্যান্ডের বিপক্ষে অপরাজিত ১৮৬। ওই ইনিংসে চার ছিল ২০টি। এত দিন সেটাই ছিল তাঁর এক ইনিংসে সবচেয়ে বেশি চার মারার রেকর্ড। ভারতের পক্ষেও ইনিংসে সবচেয়ে বেশি চার মারার রেকর্ড ছিল সেটি। পরে সেটি ভেঙে দিয়েছিলেন বীরেন্দর শেবাগ। ২০০২ সালে ইংল্যান্ডের বিপক্ষে ২১টি চার মেরেছিলেন এক ইনিংসে। শেবাগ তো বটেই, বাকি সবাইকে টপকে টেন্ডুলকার কাল পা রাখলেন রেকর্ডের আরেক শিখরে।