সবচেয়ে বেশি ধুঁকছে দাবা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্রীড়া ফেডারেশনগুলোতে নির্বাচন দিচ্ছে না সরকার। এর ফলে দাবা ফেডারেশন ক্ষতিগ্রস্ত হচ্ছে সবচেয়ে বেশি। সম্ভাবনাময় এ খেলাটি মুখ থুবড়ে আছে প্রায় দুই বছর ধরে।২০০৯ সালের ১০ সেপ্টেম্বরে দাবা ফেডারেশনে গঠন করা হয় নতুন আহ্বায়ক কমিটি। দীর্ঘদিনের সাধারণ সম্পাদক সৈয়দ সুজাউদ্দিন এবং তাঁর অনুগামীদের শাসনেরও অবসান ঘটে তখন। কিন্তু নির্বাচন না দিয়ে জাতীয় ক্রীড়া পরিষদ গঠিত আহ্বায়ক কমিটি নিয়ে শুরু থেকেই চরম দ্বন্দ্ব।নতুন কমিটির দুজন সদস্য সরে দাঁড়িয়েছেন তাৎক্ষণিকভাবে। সম্প্রতি আরও দুজন সেই পথে হেঁটেছেন। এখন এমন হয়েছে, কমিটির হাড়গোড় আছে, শরীরে প্রাণ বলতে কিছুই অবশিষ্ট নেই। এই কঙ্কালসার আহ্বায়ক কমিটির সাধারণ সম্পাদক মোকাদ্দেস হোসাইন ও যুগ্ম সম্পাদক মাসুদুর রহমান মল্লিককে মানতে পারেননি দাবাড়ুদের একটা বড় অংশ। মূলত এই দুজনের ব্যাপারে আপত্তি তুলে দাবা থেকে নিজেদের সরিয়ে নেন দুই গ্র্যান্ড মাস্টার আবদুল্লাহ আল রাকিব, এনামুল হোসেন রাজীব এবং আরও অনেকে। রাকিব-রাজীব এখনো আহ্বায়ক কমিটির আয়োজনের সঙ্গে সম্পৃক্ত হননি।এনামুল কাল এমনও বললেন, ‘এদের সঙ্গে কখনোই সম্পৃক্ত হব না।’ ব্যাখ্যাও দিয়েছেন, ‘এই কমিটির চালিকাশক্তি যারা, তারা কিন্তু আমাদের বক্তব্য বা ধারণাকে ভুল প্রমাণ করতে পারেনি। পারলে খুশি হতাম।’এ অবস্থায় কাজ দিয়ে বিক্ষুব্ধ দাবাড়ুদের আস্থা পেতে পারত বর্তমান কমিটি। কিন্তু সেই দাবাড়ুরা দূরে থাক, এই কমিটিকে তথা মোকাদ্দেসকে সমর্থন দেওয়া গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোরশেদ পর্যন্ত এখন হতাশ।প্রথম আলোকে নিয়াজ বলেছেন, ‘এরা কাজ করতে পারছে না। সাধারণ সম্পাদক কথা শোনে না। এদের ওপর আমার আর আস্থা নেই। যত শিগগির নির্বাচন হয়, ততই ভালো।’কমিটি চোখে পড়ার মতো কাজ করতে পারেনি। প্রায় দুই বছর সময়ে দেশে একটা আন্তর্জাতিক টুর্নামেন্ট নেই, অথচ এর আগে নিয়মিত এক বছর গ্র্যান্ডমাস্টার, পরের বছর আন্তর্জাতিক মাস্টার টুর্নামেন্ট হতো। পৃষ্ঠপোষক এনে আরও কিছু আন্তর্জাতিক টুর্নামেন্ট করত আগের নেতৃত্ব। সেই দাবায় এখন রক্তশূন্যতায় ভুগতে ভুগতে মৃত্যুপথযাত্রী। কমিটি করছেটা কী?হ্যাঁ, দায়সারা গোছের ঘরোয়া টুর্নামেন্ট তারা করছে, এগুলোও কিন্তু শ্রীহীন। প্রতিভা তৈরি পাইপলাইন বন্ধ। আগে স্কুল দাবায় ভারত, নেপালসহ আশপাশের অনেক খুদে দাবাড়ু আসত, এই নেতৃত্বের সময়ে সেটিও বন্ধ। সোজা কথায় এরা আনতে পারেনি।হতাশায় ফেডারেশন ছেড়েছেন আন্তর্জাতিক আরবিট্রেটর হারুনুর রশিদ। পৃষ্ঠপোষকেরা মোকাদ্দেসের নেতৃত্বের ওপর আস্থাহীন বলে শোনা যায়। দাবার দীর্ঘদিনের পৃষ্ঠপোষক স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের কর্মকর্তা বিটপী দাশ চৌধুরী কিছুদিন আগে প্রথম আলোকে বলেছিলেন, ‘দাবা ফেডারেশনের কর্মকাণ্ডে আসলে আমরা খুশি হতে পারছি না।’সম্প্রতি ভারতের ভুবনেশ্বরে ঘটেছে এক কাণ্ড। মোকাদ্দেস নিজেই ওখানকার এক টুর্নামেন্টে খেলেছেন! ফিদের বার্ষিক চাঁদা না দেওয়ায় সম্প্রতি বাংলাদেশের সদস্যপদ সাময়িক স্থগিত করেছিল ফিদে। এটাও মোকাদ্দেসের কমিটির ‘অবদান’। এই কমিটি একজন বিদেশি কোচ পর্যন্ত আনতে পারেনি। তাহলে পেরেছেটা কী?কমিটির যুগ্ম সম্পাদক মাসুদুর রহমান বলেন, ‘এ কমিটির কার্যক্রম প্রথম এক বছরের বেশি সময় ভালোই চলেছে’ বলার পরে মানতে বাধ্য হয়েছেন, ‘আমি বলব, সাধারণ সম্পাদক আরও সক্রিয়, দূরদর্শী এবং দায়িত্বশীল হলে ভালো হতো।’মোকাদ্দেস কী বলেন? বরাবরই তিনি দাবি করে এসেছেন, ‘সবকিছু ঠিকভাবেই চলছে। স্পনসর পাচ্ছি না বলে আন্তর্জাতিক টুর্নামেন্ট নেই। তবে সেপ্টেম্বর-অক্টোবরে একটা আন্তর্জাতিক টুর্নামেন্ট করার চেষ্টায় আছি।’হায় রে, নির্বাচন না দিয়ে ক্রীড়া পরিষদের সাধের আহ্বায়ক কমিটির সম্পাদক দুই বছর পর এসে কি না বলেন চেষ্টায় আছি!দাবা তো ডুববেই!