
বিশ্বকাপ, দ্য গ্রেটেস্ট শো অন আর্থের পর্দা ওঠার আর মাত্র ২৮ দিন বাকি। দুরু দুরু বুকে ফুটবলপ্রেমীরা ক্ষণগণনা শুরু করে দিয়েছেন নিশ্চয়ই। শুরু হয়েছে প্রথম আলো অনলাইনেরও ‘কাউন্ট ডাউন’। প্রতিদিন ধারাবাহিকভাবে ক্ষণগণনা নিয়ে একটি বিশেষ রচনা থাকছে। আজ থাকছে ‘২৮’ সংখ্যাটি নিয়ে—
শিরোপাটা হাত-ছোঁয়া দূরত্বে রেখে মাথা নিচু করে বেরিয়ে যাচ্ছেন জিনেদিন জিদান। বিশ্বকাপ ইতিহাসেরই অন্যতম ট্র্যাজিক মুহূর্তটি দেখা গিয়েছিল ২০০৬ সালের ফাইনালে। ইতালির ডিফেন্ডার মার্কো মাতেরাজ্জিকে সেই ঐতিহাসিক ঢুঁশ মেরে লাল কার্ড দেখেছিলেন ফরাসি অধিনায়ক। শুধু এই একটি লালকার্ডের জন্যই বারবার স্মরণ করা হবে ২০০৬ বিশ্বকাপকে। যদিও লালকার্ডের জন্যই বিশেষভাবে স্মরণীয় হয়ে আছে জার্মানির সেই আসর। সেবার লালকার্ড দেখানো হয়েছিল মোট ২৮ বার, যা বিশ্বকাপের আসরে রেকর্ড। ২০০৬ বিশ্বকাপের ২৮তম লালকার্ডটি দেখেছিলেন জিদান।
লালকার্ডের সঙ্গে জিদানের নামটি জড়িয়ে আছে আরও দুইভাবে। ১৯৯৮ সালে বিশ্বকাপে প্রথম ফরাসি ফুটবলার হিসেবে লালকার্ড দেখেছিলেন এই কিংবদন্তি। বিশ্বকাপের দুটি ভিন্ন আসরে লালকার্ড দেখা দ্বিতীয় ফুটবলারের নামও জিনেদিন জিদান। এই অভিজ্ঞতা প্রথম হয়েছিল রিগোবার্ট সঙের। ১৯৯৪ ও ১৯৯৮ সালে লালকার্ড দেখেছিলেন ক্যামেরুনের এই ডিফেন্ডার। ২০০৬ সালের আগে সবচেয়ে বেশি লালকার্ড দেখানোর রেকর্ডটিও হয়েছিল ১৯৯৮ বিশ্বকাপে। সেবার দেখানো হয়েছিল ২২টি লালকার্ড।
বিশ্বকাপের এক ম্যাচে সবচেয়ে বেশি লালকার্ড দেখানোর রেকর্ডটিও হয়েছে ২০০৬ সালের বিশ্বকাপে। হল্যান্ড ও পর্তুগালের দ্বিতীয় রাউন্ডের ম্যাচে মোট চারটি লালকার্ড দেখিয়েছিলেন রাশিয়ান রেফারি ভ্যালেন্টিন ইভানোভ।