সবচেয়ে বড় নাম মাতা
জানুয়ারি মাসটা খানিকটা নিরুত্তাপ কেটে গেল। ইউরোপিয়ান ফুটবলে দলবদলের এই প্রান্তিকটা খুব সাড়া জাগায়নি, রিয়াল মাদ্রিদ-বার্সেলোনা তো কোনো খেলোয়াড়ই কেনেনি। যা একটু আলোড়ন তুলেছে তা ইংলিশ লিগ। অন্তত গতবারের চেয়ে খেলোয়াড় বিকিকিনি সেখানে ভালোই হয়েছে।
লন্ডনভিত্তিক অর্থনৈতিক প্রতিষ্ঠান ডেলোইটের দেওয়া হিসাব অনুযায়ী এই জানুয়ারিতে প্রায় ১৬ কোটি ইউরো খরচ করেছে ইংলিশ ক্লাবগুলো, গতবারের চেয়ে ১ কোটি ইউরো বেশি। সব মিলিয়ে এই মৌসুমে রেকর্ড ৯২ কোটি ইউরো ব্যয় হয়েছে ইংলিশ লিগে, ২০০৮-০৯ মৌসুমের চেয়ে যা ১১ কোটি ইউরো বেশি! আর পরশু দলবদলের শেষ দিনে ইংল্যান্ড ও স্কটল্যান্ডের ক্লাবগুলো ব্যয় করছে ৪৩ কোটি ইউরোর কাছাকাছি।
মাসের সবচেয়ে বড় দাওটা মেরেছে ম্যানচেস্টার ইউনাইটেড। শিরোপা লড়াই থেকে একরকম ছিটকেই পড়েছে চ্যাম্পিয়নরা, চ্যাম্পিয়নস লিগে খেলা নিয়েই এখন শঙ্কা। দলকে উজ্জীবিত করতে ডেভিড ময়েসের একটা ‘বড় সাইনিং’ দরকার ছিল। ক্লাব রেকর্ড ৪ কোটি ৫০ লাখ ইউরো মূল্যে চেলসি থেকে এনেছেন স্প্যানিশ মিডফিল্ডার হুয়ান মাতাকে।
ইংলিশ লিগের অন্য বড় দলগুলোর তুলনায় চেলসিই বেশি ব্যস্ত ছিল। মাতা, মাইকেল এসিয়েন, কেভিন ডি ব্রুইনদের বিক্রি করে দিয়েছে, আরা নেমানিয়া মাতিচ, মোহাম্মদ সালাহ ও কার্ট জুমাদের কিনতে প্রায় ৬ কোটি ৭০ লাখ ইউরো খরচ করেছে তারা। অভিজ্ঞ সুইডিশ মিডফিল্ডার কিম কার্লস্ট্রোমকে স্পার্তাক মস্কো থেকে ধারে এনেছে আর্সেনাল, ওদিকে নিউক্যাসল থেকে ২ কোটি ৫০ লাখ পাউন্ডে পিএসজিতে গেছেন ফ্রেঞ্চ মিডফিল্ডার ইয়োহান কাবাই।
শেষ দিনের সবচেয়ে আলোচিত দলবদল হয়েছে ইতালিতে। চোখের জলে লাৎসিওকে বিদায় দিয়েছেন হার্নানেস। ব্রাজিলিয়ান এই মিডফিল্ডারকে কিনতে ইন্টার মিলান ২ কোটি ইউরো খরচ করেছে বলে অনুমান। এএফপি, ওয়েবসাইট।
তবে এসি মিলান দলবদলে দেখিয়েছে সবচেয়ে বড় চমক। জানুয়ারিতে কেইসুকে হোন্ডা, মাইকেল এসিয়েনকে এনেছে ফ্রি-ট্রান্সফারে। আদিল রামি, অ্যান্ডি টারাবটকে তারা এনেছে ধারে। বলতে গেলে কোনো খরচই হয়নি!
জানুয়ারির দলবদলে আলোচিত পাঁচ
হুয়ান মাতা
চেলসি থেকে ম্যানচেস্টার ইউনাইটেড
অঙ্ক—৪ কোটি ৫০ লাখ
ইয়োহান কাবাই
নিউক্যাসল থেকে পিএসজি
অঙ্ক—২ কোটি ৫০ লাখ
নেমানিয়া মাতিচ
বেনফিকা থেকে চেলসি
অঙ্ক—২ কোটি ৫০ লাখ
হার্নানেস
লাৎসিও থেকে ইন্টার মিলান
অঙ্ক—২ কোটি ২০ লাখ
কেইসুকে হোন্ডা
সিএসকেএ মস্কো থেকে মিলান
ফ্রি ট্রান্সফার
অর্থের অঙ্ক ইউরোয়