সবটুকু আলোই সেরেনার ওপর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রচণ্ড গরমে টিকতে না পেরে টুর্নামেন্ট কোয়ার্টার ফাইনালে গড়ানোর আগেই প্রতিপক্ষকে ওয়াকওভার দিয়ে কোর্ট ছেড়েছেন ১৮ জন খেলোয়াড়। নাভিশ্বাস তোলা এই গরম ধুয়ে দিতেই যেন পরশু নামল বৃষ্টি। বৃষ্টিতে ভেসে গেছে পরশু ইউএস ওপেনের নবম দিনের সব ম্যাচই।প্রচণ্ড গরম আর বৃষ্টির খেলার মাঝে পুরুষ ও মহিলা এককের চিত্রটা সম্পূর্ণ ভিন্ন। পুরুষ এককের শুরুর আকর্ষণ যেন আরও গাঢ় হয়েছে। চতুর্থ রাউন্ড-কোয়ার্টার ফাইনাল পর্বে এসে দেখা যাচ্ছে একমাত্র ২০০৯ সালের চ্যাম্পিয়ন আর্জেন্টাইন তারকা হুয়ান মার্টিন দেল পোত্রো ছাড়া সব ফেবারিটই আছেন শিরোপা দৌড়ে। অন্যদিকে মহিলা একক যেন ফাঁকা ময়দান! ক্লাইস্টার্স আগে থেকেই নেই। শারাপোভা, ভেনাস উইলিয়ামস, ইভানোভিচ, কুজনেৎসভারা বিদায় নিয়েছেন একে একে। বিবর্ণ আলোয় উজ্জ্বল তারা হয়ে জ্বলছেন শুধু সেরেনা উইলিয়ামস!আক্ষরিক অর্থেই তাই। গত সোমবার রাতেই নিশ্চিত হয়ে গেছে কোয়ার্টার ফাইনাল লাইনআপ। তাতে দেখা যাচ্ছে, শেষ আটে এক সেরেনার ঝুলিতেই আছে ১৩টি গ্র্যান্ড স্লাম শিরোপা। গ্র্যান্ড স্লাম শিরোপা কী, বাকি সাতজনের কাছে তা অজানা!শীর্ষ বাছাই ক্যারোলিন ওজনিয়াকি আর ভেরা জনারেভা ছাড়া বাকিদের ফাইনালে খেলারও অভিজ্ঞতা নেই। ওজনিয়াকি একবার খেলেছেন গ্র্যান্ড স্লামের ফাইনালে, ২০০৯ সালে এই ইউএস ওপেনেই। জনারেভা খেলেছেন দুবার। সেই দুই ফাইনালে এই রুশ জিততে পেরেছেন মাত্র ৫টি গেম। যার তিনটিই গত বছর সেরেনার বিপক্ষে উইম্বলডনের ফাইনালে। তাই মহিলা এককের সবটুকু আলোই এখন সেরেনার ওপর।উইলিয়ামস পরিবারের ছোট মেয়ে কি পেরেছেন সেমিফাইনালে পা দিতে? রুশ তরুণী আনাস্তাসিয়া পাভলিউচেঙ্কোভার বিপক্ষে গতকাল রাতেই ছিল তাঁর কোয়ার্টার ফাইনাল। শুধু সেরেনাই নন, জোকোভিচ, নাদাল, ফেদেরার, মারে, রডিক—বৃষ্টি বাগড়া না দিলে গতকাল রাতে সব ফেবারিটেরই কোর্টে নামার কথা ছিল।কোর্টে তারকা-জটটা বৃষ্টির কারণে। আগের দিনের পরিত্যক্ত সব ম্যাচের সঙ্গে দিনের সূচিতে থাকা ম্যাচগুলো তো আছেই। একই দিনে কোর্টে নামলেও নাদাল-ফেদেরারদের লড়াইটা ভিন্ন। জোকোভিচ ও ফেদেরার খেলবেন কোয়ার্টার ফাইনাল। নাদাল-মারে-রডিকরা চতুর্থ রাউন্ডের ম্যাচ।শেষ আটে ফেদেরারের প্রতিপক্ষ সোঙ্গা। এ বছর অস্ট্রেলিয়া ও উইম্বলডনজয়ী জোকোভিচের প্রতিপক্ষ তাঁরই স্বদেশি, বন্ধু ও ডেভিস কাপ দলের সতীর্থ জাঙ্কো টিপসারেভিচ। ওজনিয়াকির মুখোমুখি হবেন পেতকোভিচ। জনারেভার সামনে আগের দুই রাউন্ডে দুই রুশকে বিদায় করে দেওয়া অস্ট্রেলিয়ান সামান্থা স্টোসুর। ওয়েবসাইট।