সবদিকেই আছেন নেইমার!
অসম্ভব প্রতিভাধর কিন্তু খেয়ালি—ব্রাজিলের অনেক তারকা ফুটবলার সম্পর্কেই কথাটা বলা হয়। রোনালদিনহো, আদ্রিয়ানোরা তো জ্বলন্ত উদাহরণ। সেই পথেই বুঝি হাঁটছেন নেইমার!সান্তোসের এই ১৮ বছর বয়সী ফরোয়ার্ডের মধ্যে আগামীর বড় তারকা হয়ে ওঠার ছবি আঁকছেন অনেকেই। খোদ পেলের মতো কিংবদন্তিও আছেন তাঁদের মধ্যে। গত মৌসুমে তাঁর দুর্দান্ত ফর্ম প্রলুব্ধ করেছে চেলসিকে। যদিও শেষ পর্যন্ত ২ কোটি ইউরোর লোভনীয় প্রস্তাব উপেক্ষা করে সান্তোসেই থেকে গেছেন নেইমার। সবই ঠিক আছে। কিন্তু নেইমারের আচরণ দিনকে দিন লাগামছাড়া হয়ে যাচ্ছে। সিয়ারার বিপক্ষে সান্তোসের ২-১ গোলের পরাজয়ের দিন প্রতিপক্ষের ডিফেন্ডারের সঙ্গে প্রায় মারপিটই শুরু করেছিলেন। শেষ পর্যন্ত পুলিশকেও হস্তক্ষেপ করতে হয়েছে দুজনকে নিরস্ত করতে। এর আগে নিজ দলের কোচ ডরিভাল আর অধিনায়ক এডুর প্রকাশ্যে সমালোচনা করেছিলেন তাঁকে পেনাল্টি শট নিতে না দেওয়ায়। এ জন্য সান্তোস জরিমানাও করেছে তাঁকে।অবশেষে পরশু এই তরুণ বিবৃতিতে দিয়ে ক্ষমা চেয়ে নিলেন সবার কাছে, ‘আমি ডরিভাল আর এডুর কাছে দুঃখ প্রকাশ করছি। আসলে ক্ষমা চাওয়ারও যোগ্য আমি নই। বাসায় ফিরে আমার বোধোদয় হয়েছে—কী কাণ্ডটাই না করেছি।’ কান্না জড়ানো কণ্ঠে সাংবাদিকদের কাছেও বলেছেন, ‘আমি আসলেই অন্যায় আচরণ করেছি। এমনকি আমার আচরণে মা-বাবাও বিস্মিত। যা হয়েছে তার জন্য আমি লজ্জিত। ডরিভালের কাছে ক্ষমা চাই। ক্ষমা চাই আমার অধিনায়ক, সতীর্থ এডুর কাছে...যেসব শিশু আমাকে হিরো মনে করে তাদের কাছেও। আমাকে ক্ষমা করে দিন।’পরিচিতজনেরা বলছেন, চেলসি তাঁকে কেনার জন্য উঠেপড়ে লাগার পর থেকেই নেইমারের মধ্যে এই পরিবর্তন। রবিনহো আর গানসোর সঙ্গে মিলে সান্তোসকে পলিস্তা স্টেট চ্যাম্পিয়নশিপ আর কোপা ব্রাসিলিয়া জেতানোয় ভূমিকা রাখার পর সংবাদমাধ্যমেই তাঁকে নিয়ে তুমুল হইচই। এতেই নাকি নেইমারের পা পড়ছে না মাটিতে।কিন্তু বড় তারকা হতে চাইলে মাঠে এবং মাঠের বাইরে আচরণেও সংযত হতে হবে—এই উঠতি তারকাকে ক্লাব এবং জাতীয় দলের পক্ষ থেকে এমন বার্তাই পাঠানো হয়েছে। ২০১৪ ব্রাজিল বিশ্বকাপে স্বাগতিকদের বড় ভরসা ভাবা হচ্ছে যাঁকে, সেই তিনিই যদি কক্ষচ্যুত হন, ব্রাজিলের জন্যই তা দুঃসংবাদ। জাতীয় দলের কোচ মেনেজেস এক টিভি সাক্ষাৎকারে বলেছেন, ‘ব্রাজিলের ফুটবলের প্রতিভাধর ফুটবলার হলেও কেমন আচরণ করতে হবে সেটি ওর শেখা উচিত। এরপর তো বিশ্ব ফুটবলের বড় মঞ্চ পড়েই আছে। ও যা করছে সেটা যদি ধারাবাহিকভাবে করার প্রশ্রয় ক্লাবের কাছ থেকে পায়, তাহলে সেটা তো একদিন জাতীয় দলেও শুরু হয়ে যাবে!’ রয়টার্স।