সবশেষে মুশফিকুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এই তো, মাত্র মাস চারেক আগের কথা। ফতুল্লার এক আশ্চর্য সুন্দর সন্ধ্যায় কাঁধে কাঁধ রেখে ভিক্টরি ল্যাপ দিয়েছিল বাংলাদেশ দল। নিউজিল্যান্ডকে বাংলাওয়াশ করেছিল দ্বিতীয়বার। কাল বিষণ্ন এক রাতে লঙ্কানদের সঙ্গে করমর্দন করে লাইন করে যখন ড্রেসিং রুমে ঢুকছিলেন মুশফিকরা, ফতুল্লার সেই উজ্জ্বল সন্ধ্যাকে মনে হচ্ছিল কোন সুদূরের ছবি! কাল রাতের মিরপুরের আকাশের মতোই হঠাৎ অমানিশা বাংলাদেশের ক্রিকেটে।
বাংলাদেশ দলের দুঃসময়ের সাক্ষী হয়ে আছে রেকর্ড বইয়ের একটি পাতা। ১৯৯৯ থেকে ২০০৪ সাল পর্যন্ত টানা ৪৭ ওয়ানডে জয়বিহীন ছিল বাংলাদেশ। যে রেকর্ডের ধারে-কাছেও নেই কোনো দল। অনেকটা দূরে থেকে দুই নম্বরেও বাংলাদেশ, ১৯৮৬ থেকে ১৯৯৮ সাল পর্যন্ত জয় ছাড়া টানা ২২ ম্যাচ। ২০০৭ সালে টানা ১৪ ওয়ানডে হেরেছে বাংলাদেশ। এমনকি টানা ১৪ ওয়ানডে হেরেছে ২০১০ সালেও। বাংলাদেশের গত দু-তিন বছরের পারফরম্যান্সে রেকর্ড বইয়ের ওই পাতাটিকে কেমন অবিশ্বাস্য লাগে। এই দেখুন না, এখন টানা সাত ওয়ানডে হারেই কত হাহাকার! আরেক দফা রেকর্ড বই আঁতিপাঁতি করলে জানা যাবে, বাংলাদেশ সর্বশেষ টানা সাত ওয়ানডে হেরেছিল ২০১১ সালে। বিশ্বকাপের শেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে হারের পর অস্ট্রেলিয়ার কাছে টানা তিন হার। এরপর টানা তিন হার জিম্বাবুয়েতে গিয়েও।
সে সময় অধিনায়ক না হলেও দুঃসময়টা কাছ থেকেই দেখেছেন মুশফিকুর রহিম। তবে দুই সময়ের তুলনায় গেলেন না বাংলাদেশ অধিনায়ক। এবারের বাজে সময়ের দায় কিছুটা নিলেন নিজেদের কাঁধে, কিছুটা দিলেন ভাগ্যকে, ‘ফলাফলের দিক থেকে বাজে তো বলতেই হবে। আমরা একটি ম্যাচও জিততে পারিনি। তার পরও বলব, আফগানিস্তানের কাছে হারার পর যে অবস্থায় ছিলাম আমরা, সেখান থেকে এখন অনেকটা ঘুরে দাঁড়িয়েছি। এতে প্রমাণিত হয়, আরেকটু হার্ড ওয়ার্ক করলে বা মানসিকভাবে আরেকটু শক্ত হলে বা সবার সমর্থন পেলে আমরা ভালো করতে পারি। চারটা ম্যাচই যদি দেখেন, একটু এদিক-সেদিক হলেই আমাদের পক্ষে আসতে পারত। সেদিক থেকে আমাদের ভাগ্য খারাপ। গুরুত্বপূর্ণ সময়ে আমরা কিছু ভুল করেছি, ভালো প্রতিপক্ষের বিপক্ষে যা করলে পার পাওয়া কঠিন। আমাদের ব্যাটিং আরও ভালো করতে হবে। ফিল্ডিংয়ে তো উন্নতি করতে হবেই, বোলিংয়েও।’
২০১১ সালের সঙ্গে মূল পার্থক্যটা হয়তো এখানেই। তখন খুব বাজেভাবে হেরেছে বাংলাদেশ, এবার বারবার হারছে খুব কাছে গিয়ে। তবে এটা বরং আরও বেশি যন্ত্রণা দিচ্ছে অধিনায়ককে, ‘প্রতিবার এত কাছে গিয়ে হারার মতো খারাপ কিছু আর হতে পারে না। আমরা মানসিকভাবে অত শক্ত নই। নিজেদের শতভাগ সামর্থ্য দিয়ে খেলতে পারিনি। কিছু সিদ্ধান্ত পক্ষে আসেনি, ব্যাটিং-বোলিং-ফিল্ডিংয়ে ভুল ছিল।’ আফগানিস্তানের সঙ্গে হারার পর নাম উল্লেখ না করে কয়েকজন সতীর্থের নিবেদন নিয়ে প্রশ্ন তুলেছিলেন মুশফিক। কিন্তু নিবেদনের প্রশ্নে অধিনায়ক এখন সন্তুষ্ট, ‘কমিটমেন্ট নিয়ে প্রশ্ন নেই, অধিনায়ক হিসেবে আমি খুশি। হেরে যাওয়ার পর সবারই খারাপ লাগে। কিন্তু মনে রাখতে হবে, ক্রিকেটারদের চেয়ে বেশি খারাপ আর কারও লাগে না। ফলাফল পক্ষে আসেনি দেখে এখন সবকিছু এলোমেলো মনে হচ্ছে।’
এই এলোমেলো সংসার গোছানোর জন্য খুব বেশি সময় নেই অধিনায়কের হাতে। ওয়ার্ল্ড টি-টোয়েন্টিতে মহাগুরুত্বপূর্ণ ম্যাচটির আগে সময় আছে মোটে ৯ দিন। মুশফিক তবু দলের বাইরে থাকাদের বইঠা বানিয়ে বাইলেন আশার ভেলা, ‘টি-টোয়েন্টি ভিন্ন ফরম্যাট। আর তখন তামিম, গাজী, মাশরাফি ভাইরা আসবেন। আশা করি সেরা একাদশ নিয়ে আমরা সেরাটা খেলতে পারব।’
সেই সেরাটা দেখার অপেক্ষায় গোটা জাতিও। ১৬ মার্চেও ব্যর্থ হলে কিন্তু কোনো অজুহাতই সহানুভূতির প্রলেপ হতে পারবে না!