সবাই আমাকে হিংসা করে: রোনালদো
ইউরোপিয়ান চ্যাম্পিয়ন্স লিগের প্রথম ম্যাচ খেলতে ক্রোয়েশিয়ায় গিয়ে ভয়াবহ বৈরী পরিস্থিতির মুখোমুখি হয়েছেন রিয়াল মাদ্রিদের তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। ম্যাচের শুরুতে সমর্থকদের ব্যাপক দুয়োধ্বনির পর মাঠেও বাজে ট্যাকলিংয়ের শিকার হয়েছেন পর্তুগিজের এই স্ট্রাইকার। ডান পায়ের গোড়ালিতে গুরুতর চোট পেয়েছেন তিনি। ম্যাচ শেষে রেফারি সেইন ওডভার মোয়েনের কড়া সমালোচনাও করেছেন রোনালদো। আর তাঁকে প্রচণ্ড পরিমাণে হিংসা করার কারণেই দর্শকেরা দুয়োধ্বনি দিয়েছে বলে মন্তব্য করেছেন এ সময়ের অন্যতম সেরা এই ফুটবলার।গতকাল ১-০ ক্রোয়েশিয়ার ক্লাব ডিনামো জাগ্রেবের বিপক্ষে ১-০ গোলে জয়ের পর রোনালদো বলেছেন, ‘তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়তে পেরে আমি খুশি। কিন্তু রেফারিং নিয়ে আমি মোটেও সন্তুষ্ট না। আশা করব, এ ধরনের রেফারিং যেন ভবিষ্যতে দেখতে না হয়। সবাই মাঠে ভালো খেলোয়াড়দের সুরক্ষার দিকে বিশেষভাবে নজর দেওয়ার কথা বলে। কিন্তু আমার ক্ষেত্রে এটা কখনো হয় না।’দর্শকদের দুয়োধ্বনি দেওয়ার কারণ সম্পর্কে জানতে চাওয়া হলে রোনালদো বলেছেন, ‘আমার মনে হয়, আমি অনেক ধনী, সুদর্শন ও তারকা ফুটবলার। যে কারণে সবাই আমাকে হিংসা করে। আমার কাছে আর কোনো ব্যাখ্যা নেই।’ রয়টার্স।