সবাই চায় বাড়তি টাকা: কপিল দেব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বকাপ জয়ের পরপরই ইংল্যান্ড সফরে গিয়ে রীতিমতো বিধ্বস্ত হয়েছে ভারত। টেস্ট সিরিজে পেতে হয়েছে হোয়াইটওয়াশের লজ্জা। পরে একমাত্র টি-টোয়েন্টিতে হারার পর ওয়ানডে সিরিজের শুরুটাও হার দিয়েই হয়েছে ধোনি বাহিনীর। ভয়াবহ এ বাজে পারফরমেন্সের পর কড়া সমালোচনার শিকার হতে হচ্ছে ধোনি-দ্রাবিড়দের। ইনজুরি সমস্যাকেই এ ব্যর্থতার পেছনে একটা প্রধান কারণ হিসেবে দেখেছেন অনেকে। ভারতীয় ক্রিকেটাররা এত ঘন ঘন ইনজুরিতে পড়েন কেন, এ প্রশ্নেরও উত্তর খোঁজার চেষ্টা চলছে। আর এর জন্য অনেক বেশি ক্রিকেট খেলাকেই দায়ী করেছেন কপিল দেব। বাড়তি টাকা কামানোর জন্য সবাই এখন বেশি খেলার দিকে ঝুঁকে পড়ছেন বলে মনে করছেন ভারতের প্রথম বিশ্বকাপজয়ী দলের এ অধিনায়ক।গত মঙ্গলবার টাইমস অব ইন্ডিয়াকে দেওয়া এক বিশেষ সাক্ষাত্কারে কপিল বলেছেন, ‘টাকার দরকার সবারই আছে। এটা কোনো নেতিবাচক জিনিস না। আপনি যদি বেশি টাকা কামাতে পারেন, তাহলে সেটা ভালোই। কিন্তু তারপর আপনাকে ভালো পারফরমেন্স দেখানোর জন্যও ফিট থাকতে হবে। আমাদের সময়ে আমরাও ইনজুরি সমস্যায় ভুগতাম। কিন্তু সেটা কাটিয়ে ওঠার মতো বিরতিও আমরা পেতাম। কিন্তু এখনকার খেলোয়াড়েরা সেই সময়টা পাচ্ছে না। সবাই বাড়তি টাকা কামাতে চায়। আমি আশা করছি, আমাদের ক্রিকেটাররা, প্রশাসনের লোকজন—সবাই একসময় এই লাগাতার ক্রিকেট খেলার কুফলটা বুঝতে পারবে।’