কারও মনেই ‘আঘাত’ দিতে চায় না মাহবুবুল আনামের বিশেষ কমিটি। সবাইকে খুশি রেখে প্রিমিয়ার ক্রিকেট লিগের অচলাবস্থা নিরসনের পথ খোঁজা হচ্ছে। আর তা করতে গিয়ে যে পথে কমিটি হাঁটছে, তা গোঁজামিল ছাড়া আর কিছু নয়।বিতর্কের কেন্দ্রে ভিক্টোরিয়ার পাকিস্তানি ব্যাটসম্যান মোহাম্মদ ইউসুফের নিবন্ধন। তা অবৈধ হলে বাইলজ অনুযায়ী অবনমনের শাস্তি প্রাপ্য ভিক্টোরিয়ার। আর যদি নিবন্ধন বৈধ হয়, খেলা বন্ধ থাকার কোনো কারণ নেই। আবাহনী-মোহামেডান অংশ নিক আর না নিক। কিন্তু দুঃখজনক হলেও সত্যি, বাংলাদেশের ক্রিকেট যে পর্যায়েই থাকুক না কেন, এখনো আবাহনী-মোহামেডানের মন রক্ষা করাই সবার আগে বিবেচ্য। সে কারণেই আবাহনী-মোহামেডান খেলতে অস্বীকৃতি জানানোয় সিসিডিএম স্থগিত করে দিয়েছিল লিগ। বিশেষ কমিটিও এর বাইরে যেতে পারছে না।কেউ না কেউ অবশ্যই অন্যায় করেছে। কাজেই এ ক্ষেত্রে কারও না কারও শাস্তি পাওয়াই স্বাভাবিক। কিন্তু সিসিডিএম বলুন বা ক্রিকেট বোর্ড, কারোরই সেই স্বাভাবিক পথে হাঁটার সাহস নেই! ত্রিমুখী লড়াইয়ের ফলাফল ‘ড্র’ রাখলেই শুধু খেলা চালানো সম্ভব বলে মনে করছেন বিশেষ কমিটির কর্মকর্তারা। কমিটির প্রধান মাহবুবুল আনাম অবশ্য এ ব্যাপারে কাল কোনো মন্তব্য করতে রাজি হননি।জটিলতায় না গিয়ে সবার ‘ইগো’কে সম্মান জানানোর পথেই যাচ্ছে কমিটি। কারও কাছ থেকে একটু ছাড়, কাউকে একটা কিছু দিয়ে খুশি করা—মোটকথা সব কুল রক্ষা করে খেলা মাঠে নামানোর চেষ্টা তাদের। ভিক্টোরিয়ার কাছে যেমন বিশেষ কমিটি থেকে অনুরোধ গেছে মোহামেডানের বিপক্ষে অন্তত ইউসুফকে না খেলানোর। তাতে যদি ‘ম্যানেজ’ করা যায় মোহামেডানকে। আবার আবাহনী নাকি শর্ত দিয়েছে, সিসিডিএম পুনর্গঠন করতে হবে। মোহামেডানের অভিযোগের পর সিসিডিএমই পারত ইউসুফের নিবন্ধন আটকে দিতে অথবা বাতিল করতে। সেটা না করে পরশু বোর্ড সভাতেও সিসিডিএম প্রতিনিধিরা নিজেদের অবস্থানে অটল থাকায় চটেছেন এই ক্লাবের কর্মকর্তারা। আবাহনীর কর্মকর্তা এম এ আউয়াল চৌধুরী অবশ্য দাবি করেছেন, ‘আমরা সিসিডিএম পুনর্গঠন করতে বলিনি। আমরা চাই, বোর্ড এ ব্যাপারে সিদ্ধান্ত নিয়ে আমাদের জানাক।’দাবি আছে ভিক্টোরিয়ারও। সাকিব-তামিম আইপিএলে চলে যাওয়ায় এ দুই ক্রিকেটারের বিকল্প খুঁজছে ক্লাবটি। পরিবর্তন হিসেবে তিনজনের জায়গায় পাঁচজন বিদেশি খেলোয়াড় খেলানোর দাবি জানিয়ে বিসিবির সভাপতিকে চিঠি দিয়েছে তারা। নিবন্ধন করাতে চায় আটজনের জায়গায় ১০ জন বিদেশির।গত পরশু বোর্ড সভাপতি বিশেষ কমিটিকে ২৪ ঘণ্টা সময় বেঁধে দিলেও এ সময়ের মধ্যে তিন ক্লাবের কর্মকর্তাদের সঙ্গে শুধু ফোনেই কথা বলেছেন কমিটির সদস্যরা। সরাসরি আলোচনা হতে পারে আজ। তাতে সব কুল রক্ষা করার ‘মহতী উদ্যোগ’ ফলপ্রসূ হলে দু-এক দিনের মধ্যে আবার শুরু হতে পারে প্রিমিয়ার লিগ।