সবাইকে চমকে দিয়ে রকিবুলের অবসর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম টেস্টের প্রথম একাদশটা নিশ্চিত করে ফেলেছিলেন তিন দিনের প্রস্তুতি ম্যাচেই। কিন্তু আগামীকাল রকিবুল হাসানকে ছাড়াই মাঠে নামতে হবে বাংলাদেশ দলকে। শুধু এই টেস্টে নয়, কোনো ধরনের ক্রিকেটে আর দেখা যাবে না রকিবুলকে। মাত্র ২২ বছর বয়সে সবাইকে চমকে দিয়ে সব ধরনের ক্রিকেট থেকে অবসর নিয়ে ফেলেছেন বাংলাদেশের মিডল-অর্ডার ব্যাটসম্যান। প্রথমে মৌখিকভাবে, পরে চিঠি দিয়ে বোর্ডকে জানিয়েছেন একান্তই ব্যক্তিগত কারণে অবসরের সিদ্ধান্ত নিয়েছেন তিনি।প্রস্তুতি ম্যাচের দুই ইনিংসে সেঞ্চুরি ও হাফ সেঞ্চুরি করে টেস্ট দলে জায়গা পাওয়ার পর গত পরশু রাতেই দলের সঙ্গে হোটেলে উঠেছিলেন রকিবুল। কাল অনুশীলেনও এসেছিলেন, তবে মাঠে নামেননি, বসে ছিলেন ড্রেসিংরুমেই। ঐচ্ছিক অনুশীলন বলেই এটা নিয়ে বাড়তি কিছু ভাবা যায়নি। কিন্তু আসল ঘটনাটা বোঝা যায় একটু পর। বাংলাদেশ দলের ঘনিষ্ঠ এক সূত্র জানিয়েছে, অনুশীলন থেকে হোটেলে ফিরে যাওয়ার সময় বাসে অনেকটা নাটকীয়ভাবেই উঠে দাঁড়ান রকিবুল। সবাইকে উদ্দেশ করে বলেন, তিনি আর ক্রিকেট খেলতে চান না, অবসর নিতে চান সব ধরনের ক্রিকেট থেকেই। ঘটনার আকস্মিকতায় কোচসহ দলের সব ক্রিকেটার হতভম্ব হয়ে যান। সবাই তাঁকে বোঝানোর চেষ্টা করেন। পরে হোটেলে এসেও অধিনায়ক, কোচসহ দলের সবাই তাঁকে বোঝান। কোচ জেমি সিডন্স নাকি তাঁকে ৪-৫ ঘণ্টা ধরে বোঝানোর চেষ্টা করেছেন। কাজ হয়নি তাতেও। পরে টিম ম্যানেজমেন্টের তরফ থেকে তাঁকে বলা হয় অন্তত কালকের রাতটা ভেবে সিদ্ধান্ত নিতে, কিন্তু নিজের সিদ্ধান্তে অনড় থাকেন রকিবুল। পরে দলের পক্ষ থেকে তাঁর বাবার সঙ্গে যোগাযোগ করা হয়। তাঁর বাবাও ফোন করে তাঁকে বোঝানোর চেষ্টা করেন। কিন্তু লাভ হয়নি।বিসিবির ক্রিকেট অপারেশনস প্রধান এনায়েত হোসেনকে ফোনে নিজের সিদ্ধান্তের কথা জানান রকিবুল। এনায়েত হোসেন, প্রধান নির্বাচক রফিকুল আলম অনেক চেষ্টা করেও তাঁর সিদ্ধান্ত বদলাতে ব্যর্থ হন। পরে সব ধরনের ক্রিকেট থেকে অবসরের কথা জানিয়ে ক্রিকেট অপারেশসনসের কাছে চিঠি দেন রকিবুল। রকিবুলের সিদ্ধান্তে হতবাক মিডিয়া কমিটির প্রধান জালাল ইউনুসও, ‘পুরো ঘটনা বিস্ময়কর। আমরা ওকে অনেক বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু লাভ হয়নি।’রকিবুলের সিদ্ধান্তে অবাক ‘এ’ দলের অধিনায়ক মোহাম্মদ আশরাফুলও, ‘গত কয়েক দিন আমরা একসঙ্গেই ছিলাম, কিন্তু এ ধরনের কিছু হতে পারে এর কোনো আভাস পাইনি, বরং দলে ফিরতে পেরে খুশিই ছিল ও।’ অবসরের মূল কারণ অনুসন্ধানের চেষ্টাও চলেছে, কিন্তু বারবারই তিনি বলেছেন ব্যক্তিগত। তবে রকিবুলের ঘনিষ্ঠ এক সূত্র জানিয়েছে, টি-টোয়েন্টি বিশ্বকাপের ৩০ জনের দলে জায়গা না পেয়ে ভীষণ হতাশ হয়েছেন তিনি, দুঃখ পেয়েছেন ওয়ানডে দল থেকে বাদ পড়েও। এতে ক্ষুব্ধ হয়ে এমন সিদ্ধান্ত নিতে পারেন। ম্যাচের পর রকিবুল নাকি এমনও বলেছেন, ‘এই প্রস্তুতি ম্যাচেই নিজের সবটুকু দিয়ে দিয়েছি, আর ক্রিকেট খেলতে চাই না।’ আরেকটি সূত্র আবার বলছে, ঘটনাটা এত ‘জলবত্ তরলং’ নাও হতে পারে। থাকতে পারে অন্য কারণও, সাম্প্রতিক সময়ে রকিবুলকে নাকি দলের ভেতর অনেকেই নানাভাবে ‘টিজ’ করত, এতেও তিনি মনে আঘাত পেয়ে থাকতে পারেন। পরিবারের সদস্যদের ফোনে নাকি রকিবুল বলেছেন, ঢাকায় ফিরে সবাইকে বিস্তারিত জানাবেন। কাল সন্ধ্যা সাড়ে ৭টার দিকেই ঢাকার উদ্দেশে হোটেল ছেড়েছেন।টেস্ট দলে রকিবুলের বদলি হিসেবে রাজশাহীর ওপেনার জহুরুল ইসলামের নাম ঘোষণা করা হয়েছে।