সবাইকে ছাপিয়ে তাঁরা দুজন
এটা শুধুই একটি ফুটবল ম্যাচ, চলেছে ৯০ মিনিট ধরে। ফল ২-২ ড্র। কিন্তু যে সৃষ্টিসুখের উল্লাসে মেতে উঠলেন লিওনেল মেসি-ক্রিস্টিয়ানো রোনালদো, সেটি নিশ্চিতভাবেই অনেকটা সময়জুড়েই দর্শকের চোখে বুলিয়ে গেল মুগ্ধতার আবেশ। ম্যাচ শেষে তাই ফল নয়, বরং বাকিদের ছাপিয়ে নিজেদের অনতিক্রম্য উচ্চতায় নিয়ে যাওয়া দুই খেলোয়াড়ের বন্দনাতেই মেতেছেন সবাই। রিয়াল মাদ্রিদ কোচ হোসে মরিনহোর কণ্ঠেও সেই সুর, ‘আমার মনে হয় তাদের (মেসি ও রোনালদো) মধ্যে কে সেরা এটা নিয়ে তর্ক নিষিদ্ধ করা উচিত, কারণ তারা কেউই এই গ্রহের নয়। আমি অবশ্যই চাইব, আমার খেলোয়াড় যাতে ব্যালন ডি’অর জেতে, কারণ সে বিশ্বের সেরা লিগের চ্যাম্পিয়ন দলের একজন। তবে তারা দুজনই দারুণ খেলোয়াড়।’ ড্র-টা মরিনহোর চোখে ন্যায্য ফল, ‘আমার জন্য ফলটা ম্যাচটার প্রতিফলন। কোচ হিসেবে আমি এটা উপভোগ করেছি, আমার মনে হয় টিটো (ভিলানোভা) ও বার্সা খেলোয়াড়েরাও করেছে। এটা ছিল সেয়ানে সেয়ানে লড়াই। কেউ জানত না শেষ মিনিট পর্যন্ত কী হতে যাচ্ছে।’ দুই বছর আগে ন্যু ক্যাম্পে রিয়ালকে নিয়ে রীতিমতো ছেলেখেলাই করেছিল বার্সা। তখন মাত্রই রিয়ালের দায়িত্ব নিয়েছিলেন। সেই দুস্তর ব্যবধানটা ঘুচিয়ে আনতে পেরেও তৃপ্ত পর্তুগিজ কোচ, ‘আমি দুই বছর আগে এসেছিলাম। তখন মাদ্রিদ ও বার্সেলোনার মধ্যে বেশ ব্যবধান ছিল। বার্সা তাদের মানটা ধরে রেখেছে, তবে দুই দলই এখন সমানে সমান।’টিটো ভিলানোভাও সবকিছু ভুলে গিয়ে মেতেছেন মেসি-স্তুতিতে, ‘তার ক্ষমতা কদ্দুর আমরা জানি না। সে কীভাবে অনুশীলন করে সেটা দেখলে আপনারা বুঝতে পারতেন, নিয়তই আরও ভালো করতে চায় সে। আমার মনে হয় না আমরা তার মতো কাউকে আর দেখব। সে-ই বিশ্বের সেরা খেলোয়াড়।’ ড্রয়ের পর ৮ পয়েন্টের অগ্রগামিতা ধরে রেখেছে বার্সা, এটাকেও কম করে দেখছেন না ভিলানোভা, ‘যদি আমাকে কেউ মৌসুমের শুরুতে বলত আমরা এ অবস্থায় মাদ্রিদের চেয়ে ৮ পয়েন্ট এগিয়ে যাব, তাহলে আমি সেটা লুফে নিতাম।’ মেসিও বলছেন জয়টা হতে পারত যে কারও, ‘এটা ছিল নান্দনিক একটা ম্যাচ। যে কেউই-ই এটা জিততে পারত।’ ওয়েবসাইট।