সবাইকে ছাপিয়ে পারডিউ
অ্যালেক্স ফার্গুসন, রবার্তো মানচিনি, আর্সেন ওয়েঙ্গার, হ্যারি রেডন্যাপ, কেনি ডালগ্লিস। তাঁদের কেউ নন, এবারের ইংলিশ প্রিমিয়ার লিগের ‘মৌসুমের সেরা কোচ’ নির্বাচিত হয়েছেন নিউক্যাসলের কোচ অ্যালান পারডিউ। রবিন ফন পার্সি, ওয়েইন রুনিদের পেছনে ফেলে মৌসুমের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন ম্যানচেস্টার সিটির অধিনায়ক ভিনসেন্ট কোম্পানি।অ্যান্ডি ক্যারল, কেভিন নোলা ও জোয়ি বার্টনকে হারানো নিউক্যাসলকে সংগ্রাম করতে হবে বলে ধারণা করেছিল সবাই। অথচ মৌসুমের শেষ প্রান্তে এসে দেখা যাচ্ছে সেই নিউক্যাসল চেলসি, লিভারপুলের মতো দলগুলোকে পেছনে ফেলে পয়েন্ট তালিকার পঞ্চম স্থানে! নিউক্যাসলের প্রথম কোচ হিসেবে এই পুরস্কার পেলেন পারডিউ।কোম্পানিও ম্যান সিটির প্রথম খেলোয়াড় হিসেবে পেলেন মৌসুমের সেরা খেলোয়াড়ের পুরস্কার। ২৬ বছর বয়সী এই বেলজিয়ানের নেতৃত্বে মৌসুমজুড়েই ম্যান সিটির রক্ষণভাগ ছিল সুসংগঠিত। এএফপি, ওয়েবসাইট।