সবাইকে ছাড়িয়ে তিনি
প্রায় দেড় শ কোটি মানুষের চোখ আটকে রাখা ম্যাচ। ওয়াসিম আকরাম যেটাকে বলেন—‘সব ম্যাচ কা বাপ’। আগের দিন সংবাদ সম্মেলনে পাকিস্তানের ব্যাটিং পরামর্শক জহির আব্বাস বলেছিলেন, ‘আমাদের কাছে এই ম্যাচ সেমিফাইনালের মতো।’
এমন যে ম্যাচ তার আগের দিন নিশ্চয়ই কৌশল ঠিক করতে দুই দলই বেশ সময় নিয়ে টিম মিটিং করেছে। পাকিস্তানের সেই রুদ্ধদ্বার বৈঠকে হয়তো শহীদ আফ্রিদিকে একটা লম্বা বক্তৃতাও দিতে হয়েছে। দলের বাকি সবাইকে বুঝিয়ে বলতে হয়েছে, এ মহারণের চাপ কীভাবে সামলাতে হবে।
ভাবছেন, এত মানুষ থাকতে আফ্রিদি কেন? তিনি দলের অধিনায়ক নন, সবকিছু ছাপিয়ে শচীন টেন্ডুলকারের মতো ব্যক্তিত্বও হয়ে উঠতে পারেননি যে সবাই তাঁর কথা মনোযোগ দিয়ে শুনবেন। তাহলে?
আসলে আফ্রিদির নামটা আসছে প্রতিপক্ষ ভারত বলেই। দুই দলে এখন যাঁরা খেলছেন তাঁদের মধ্যে ভারত-পাকিস্তান ম্যাচ তাঁর চেয়ে বেশি খেলেননি আর কেউ। এটা বললে আসলে ঠিক বাকিদের সঙ্গে তাঁর ব্যবধানটা পরিষ্কার বোঝা যাবে না। ভারত-পাকিস্তান দ্বৈরথে আফ্রিদি খেলেছেন গতকালসহ ৬৬ বার, দুই দলের অন্য কেউ তাঁর অর্ধেক ম্যাচও খেলেননি। খুব স্বাভাবিকভাবেই এখন যাঁরা খেলছেন, তাঁদের মধ্যে এই দ্বৈরথে সবচেয়ে বেশি রান (১৫০২) ও উইকেট (৩৮) তাঁর। টিম মিটিংয়ে কথা বলার জন্য আফ্রিদির চেয়ে যোগ্য লোক আর কে আছে?
এই মুহূর্তে দুই দলে সবচেয়ে অভিজ্ঞ হলেও সব মিলিয়ে ভারত-পাকিস্তান ম্যাচ খেলার অভিজ্ঞতা পাকিস্তানি এই অলরাউন্ডারের নয়। অন্য অনেক রেকর্ডের মতো এটাও টেন্ডুলকারের দখলে। পাকিস্তানের বিপক্ষে ৬৯টি ম্যাচ খেলেছেন ভারতীয় কিংবদন্তি। ভারতের বিপক্ষে ৬৭ ম্যাচ খেলে তাঁর পরের অবস্থানে ইনজামাম-উল-হক। দুই দলের দ্বৈরথে সবচেয়ে বেশি রান সংগ্রহকারীর তালিকায় শীর্ষ দুটি নামও তাঁরা, টেন্ডুলকারের (২৫২৬) পরে ইনজামাম (২৪০৩)। সেই তুলনায় কিছুটা পিছিয়ে আফ্রিদি। তবে রানের সংখ্যায় না হোক, ম্যাচের সংখ্যায় একসময় আফ্রদি এই দুজনকেও যে ছাড়িয়ে যাবেন, এ নিয়ে সন্দেহ সামান্যই। বয়স ৩৪ হতে পারে, সীমিত ওভারের ক্রিকেটে আফ্রিদির যে থামার লক্ষণ নেই এখনো! এই অভিজ্ঞতা কাজে লাগিয়েই আফ্রিদি আরেকবার দলকে জেতালেন কাল ভারতের বিপক্ষে।
দুই দলের বর্তমান খেলোয়াড়দের মধ্যে আফ্রিদির পর সবচেয়ে বেশি ভারত-পাকিস্তান ম্যাচ খেলার অভিজ্ঞতা উমর গুলের (১৮ বার)। ভারতের এই দলটায় সবচেয়ে বেশি পাকিস্তানের বিপক্ষে খেলেছেন রোহিত শর্মা (১০ বার)। আহমেদ শেহজাদ, অমিত মিশ্র, মোহাম্মদ তালহা, অম্বাতি রায়ডু, শারজিল খান আর শোহেব মাকসুদদের তো কালই হলো ‘অভিষেক’। রাজনৈতিক বৈরিতায় দ্বিপক্ষীয় সিরিজ প্রায় বিলুপ্ত হয়ে যাওয়ার পর বহুজাতিক টুর্নামেন্টগুলো ছাড়া এখন দুই প্রতিবেশীর দেখা হয় খুব কম। ভবিষ্যতে কেউ কি আফ্রিদিকে আসলেই ছাড়িয়ে যেতে পারবেন?
ভারত-পাকিস্তান দ্বৈরথে সবচেয়ে অভিজ্ঞ
ম্যাচ
শচীন টেন্ডুলকার ৬৯
ইনজামাম-উল হক ৬৭
শহীদ আফ্রিদি ৬৬
মোহাম্মদ আজহারউদ্দিন ৬৪
রাহুল দ্রাবিড় ৫৮
সৌরভ গাঙ্গুলী ৫৩
ইজাজ আহমেদ ৫৩
সেলিম মালিক ৫২
সাঈদ আনোয়ার ৫০