সবাইকে ছাড়িয়ে শচীন
টেস্ট, ওয়ানডেতে সর্বাধিক সেঞ্চুরি হাঁকানোর রেকর্ড নিজের করে নিয়েছেন আগেই। আন্তর্জাতিক ক্রিকেটে এদিক থেকে তাঁর ধারে-কাছেও কেউ নেই। বিশ্বকাপ আসরে চারটি সেঞ্চুরি নিয়ে এত দিন শচীন টেন্ডুলকারের সঙ্গে শীর্ষে ছিলেন সৌরভ গাঙ্গুলী, মার্ক ওয়াহ ও রিকি পন্টিং। তবে বেঙ্গালুরুতে পঞ্চম সেঞ্চুরিটা তুলে নিয়ে শচীন আজ পেছনে ফেললেন সবাইকেই।কী নেই শচীন টেন্ডুলকারের ঝুলিতে! গোটা ক্যারিয়ারজুড়ে কখনো নতুন রেকর্ড গড়েছেন, কখনো-বা নিজের রেকর্ডটাই ভেঙে নতুন করে গড়েছেন। একজন ব্যাটসম্যান যা যা পাওয়ার স্বপ্ন দেখেন, বলতে গেলে সবই পেয়ে গেছেন শচীন। হতাশা কেবল একটাই, এখনো যে জেতা হয়নি বিশ্বকাপটাই!এবারেরটাই ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ। ভারত যেমন চাইছে, শচীনকে বিদায়বেলায় একটা বিশ্বকাপ উপহার দিতে। একইভাবে শচীনও চান, নিজের ব্যাট দিয়েই ‘অধরা’ বিশ্বকাপটা ছিনিয়ে আনতে। প্রথম দুই ম্যাচে এখনো ব্যর্থতা স্পর্শ করতে পারেনি ক্রিকেটের এই রাজপুত্রকে। বাংলাদেশের বিপক্ষে ম্যাচে দুর্দান্ত শুরুর পরও শেবাগের সঙ্গে ভুল বোঝাবুঝিতে আউট হয়েছিলেন ২৮ রানে। আজ ১১৫ বলে ১০টি চার ও ৫টি ছয় দিয়ে ১২০ রানের ঈর্ষণীয় ইনিংস খেলে শচীন যেন বুঝিয়ে দিলেন, বিশ্বকাপটা হবে তাঁরই!