সবাইকে পাশে চান মোহামেডানের 'তুহিন'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ক্যানসারে আক্রান্ত সাবেক ফুটবলার ইকরামুল বাশারকে দেখতে কাল তাঁরই ছোট ভাই হাবিবুল বাশারের বাসায় গিয়েছিলেন জাতীয় দলের ক্রিকেটার মাশরাফি বিন মুর্তজা, মুশফিকুর রহিম, তামিম ইকবাল ও তাসকিন আহমেদ l প্রথম আলো
ক্যানসারে আক্রান্ত সাবেক ফুটবলার ইকরামুল বাশারকে দেখতে কাল তাঁরই ছোট ভাই হাবিবুল বাশারের বাসায় গিয়েছিলেন জাতীয় দলের ক্রিকেটার মাশরাফি বিন মুর্তজা, মুশফিকুর রহিম, তামিম ইকবাল ও তাসকিন আহমেদ l প্রথম আলো

মাশরাফি বিন মুর্তজার মনে নেই তাঁর খেলা। ইকরামুল বাশার, যিনি ‘তুহিন’ নামে আশির দশকে ঢাকার ফুটবলে পরিচিত ছিলেন, মাশরাফির তাঁর খেলা মনে থাকার কোনো কারণও নেই। মাশরাফি তাঁকে দেখতে তাঁরই ছোট ভাই হাবিবুল বাশারের বাসায় ছুটে এসেছিলেন ইকরামুল একজন ফুটবলার ছিলেন বলেই।
মাশরাফির সঙ্গে এসেছিলেন তামিম ইকবাল, মুশফিকুর রহিম আর তাসকিন আহমেদ। হাবিবুলের লালমাটিয়ার বাসায় তাঁরা সবাই এসেছিলেন পাকস্থলীর ক্যানসারে আক্রান্ত ইকরামুল বাশারের পাশে দাঁড়াতে।
এই প্রজন্মের অনেকের কাছে একটু অপরিচিতই ইকরামুল। ১৯৮৭ সাল থেকে ১৯৯২ সাল পর্যন্ত তিনি খেলেছিলেন মোহামেডানে। কিন্তু তাঁর আবির্ভাবটা এমন সময়ে হয়েছিল যখন ঢাকার ফুটবলে গোলরক্ষক বলতে সবাই সাঈদ হাছান কানন, মোহাম্মদ মহসিন কিংবা আতিকুর রহমান আতিককে চেনেন। সাঈদ হাছান কানন তখন তাঁর ক্যারিয়ারের সেরা সময়ে। মোহামেডানের মতো দলের দ্বিতীয় গোলরক্ষক ইকরামুল বাশারের স্থান ছিল সাইড বেঞ্চেই। কাননের অসুস্থতা কিংবা নেহাতই কোচের ইচ্ছায় যখনই সুযোগ পেয়েছেন, নিজের সর্বোচ্চটাই উজাড় করে দিয়েছেন। সে কারণেই ইকরামুলের প্রতি মোহামেডানের সমর্থককুলের ছিল আলাদা একটা শ্রদ্ধাবোধ, আলাদা সহানুভূতি। তিনি মোহামেডানে খেলেছেন ক্লাবটির সেরা সময়ে। ১৯৭৮ সালে ইরানের হয়ে বিশ্বকাপ খেলা কোচ নাসের হেজাজি তখন মোহামেডানের কোচ। নিজে গোলরক্ষক ছিলেন বলেই হয়তো ইকরামুলের প্রতিভার প্রতি শ্রদ্ধা ছিল হেজাজির। কিন্তু দুর্ভাগ্য যে তাঁর পিছু লেগে ছিল দুষ্টগ্রহের মতো! বেশ কিছু গুরুত্বপূর্ণ ম্যাচে সুযোগ পেয়েছেন ঠিকই, কিন্তু প্রতিবারই চোট তাঁর সামর্থ্যকে প্রকাশিত হতে দেয়নি। সম্ভাবনা থাকা সত্ত্বেও অনেকটা আক্ষেপ নিয়েই তাই শেষ হয়েছে তাঁর ফুটবল-ক্যারিয়ার।
খেলা ছাড়ার পর থেকেই নিভৃতচারী ইকরামুল বাশার। অনেকেই জানতে পারেনি যে তাঁর ছোট ভাই দেশের ক্রিকেটের এত বড় তারকা। সাবেক অধিনায়ক। অথচ ছোট ভাইকে ক্রিকেটে উৎসাহ দিয়ে গেছেন নিরন্তর। হাবিবুল নিজেই বলেছেন, তাঁর ক্রিকেটার হয়ে ওঠার পেছনে বড় ভাইয়ের ভূমিকা বিশাল।
বয়স মাত্র ৫৩। এই বয়সে সংসারের হালটা তাঁরই হাতে থাকার কথা। স্ত্রী আর রাজশাহী বিশ্ববিদ্যালয়পড়ুয়া একমাত্র ছেলেকে নিয়ে তাঁর সুখের সংসার। কিন্তু গত জানুয়ারিতে হঠাৎই ধরা পড়ল, প্রাণঘাতী কর্কট রোগ বাসা বেঁধেছে শরীরে। আজ তিনি শয্যাশায়ী, ধূসর চোখে খুঁজে ফেরেন জীবনের সাজানো বাগানটাকে। একসময় গ্লাভস পরে গোলবারের নিচে নিজের দলকে কত বড় বড় বিপদের হাত থেকে রক্ষা করেছেন। আজ জীবনের লড়াইয়ে দিশেহারা। তবে একজন গোলরক্ষকের মতোই চান, এই কঠিন লড়াইয়ে তাঁর সামনের রক্ষণভাগটা যেন একটু আঁটসাঁট হয়।
রক্ষণটাকে শক্তিশালী করতেই মাশরাফি-তামিম-মুশফিক-তাসকিনরা ইকরামুল বাশারের পাশে। মাশরাফি চান মোহামেডান এগিয়ে আসবে তাঁর সাহায্যে, ‘যেহেতু তিনি মোহামেডানে অনেক দিন খেলেছেন, মোহামেডানের প্রতি তাঁর একটা দাবি আছেই। নিজেদের স্বর্ণযুগের সাবেক গোলরক্ষকের জীবনের সব সুখ ফিরিয়ে দিতে মোহামেডান এগিয়ে আসতেই পারে।’
তামিম এসেছেন একজন ক্রীড়াবিদের প্রতি ক্রীড়াবিদ হিসেবে নিজের অন্তরের ডাক শুনে, ‘তিনি খেলোয়াড়ি জীবনে কত মানুষকে আনন্দ দিয়েছেন, আমরা নিজেদের জায়গা থেকে তাঁর পাশে দাঁড়িয়ে তাঁর আনন্দময় জীবনটা ফিরিয়ে দিতে পারি।’ মুশফিকুর রহিমও মাশরাফি-তামিমদের সঙ্গে একমত, ‘সবাই নিজেদের মতো করে তাঁর জন্য এগিয়ে এলে তিনি আবার স্বাভাবিক জীবন ফিরে পেতে পারেন।’
তাসকিন চান ইকরামুলের পাশে সমাজের বিত্তবান ক্রীড়া সংগঠকদের সাহায্যের হাত। সামনে একটা রক্ষণদেয়াল গড়ে উঠছে, দুরারোগ্য ব্যাধিটার বিরুদ্ধে এখন আত্মবিশ্বাসের সঙ্গে লড়াই চালিয়ে যান ইকরামুল বাশার—মোহামেডানের ‘তুহিন’।