সবাইকে'ভুল' প্রমাণে মরিয়া ব্রাজিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সবাইকে ‘ভুল’ প্রমাণ করতে হবে; দেখিয়ে দিতে হবে নিজেদের শক্তিমত্তা। কনফেডারেশনস কাপ শুরুর আগে ব্রাজিলীয়দের প্রতিজ্ঞাটা যেন এমনই ছবি: রয়টার্স।
সবাইকে ‘ভুল’ প্রমাণ করতে হবে; দেখিয়ে দিতে হবে নিজেদের শক্তিমত্তা। কনফেডারেশনস কাপ শুরুর আগে ব্রাজিলীয়দের প্রতিজ্ঞাটা যেন এমনই ছবি: রয়টার্স।

সবাই একই কথা বলে যাচ্ছেন ভাঙা রেকর্ডের মতো। ‘এই ব্রাজিল কনফেডারেশনস কাপ জেতার মতো দল নয়।’ ব্রাজিলীয়-অব্রাজিলীয়—সবার প্রায় একই কথা। পেলে থেকে শুরু করে জিকো—কেউই ব্রাজিলকে ঠিক ‘ব্রাজিলের মতো’ মানতে পারছেন না। আজ থেকে শুরু হতে যাওয়া কনফেডারেশনস কাপে এ ধারণাগুলোই ভুল প্রমাণ করতে চায় সেলেকাওরা।

সব সমালোচনা মিথ্যা প্রমাণ করার মিশনে আজ ব্রাজিলের সামনে প্রথম বাধা জাপান। ব্রাসিলিয়ায় অনুষ্ঠেয় এই ম্যাচ ব্রাজিলের জন্য চাপ হয়ে এসেছে মূলত তাদের গ্রুপের কারণে। গ্রুপে জাপানের পাশাপাশি ইতালি ও মেক্সিকোকে পাওয়ায় প্রথম ম্যাচটি হয়ে যাচ্ছে বাঁচা-মরার। অলিম্পিকে ব্রাজিলকে দাগা দেওয়া মেক্সিকো ও শক্তিশালী ইতালি যখন গ্রুপসঙ্গী, তখন জাপানকে হালকা করে দেখার কোনোই কারণ নেই।

নিজের মাটিতে খেলা বলেই ব্রাজিলের ওপর চাপটা আরও বেশি। ২০০২ সালে শেষবারের মতো বিশ্বকাপ জেতা ব্রাজিল ২০১৪ সালে নিজেদের মাটিতে বিশ্বকাপের ট্রফিটা ঊর্ধ্বে তুলতে চায়। সে কারণেই ২০০২ সালের বিশ্বকাপজয়ী কোচ লুইস ফেলিপে স্কলারির শরণাপন্ন তারা। স্কলারির অধীনে দলের প্রস্তুতিটা কেমন চলছে, সেটা পরখ করে নেওয়ার জন্যও এবারের কনফেডারেশনস কাপটা গুরুত্বপূর্ণ। সে হিসেবে এবারের কনফেডারেশনস কাপ অভিজ্ঞ কোচ স্কলারির জন্যও একধরনের পরীক্ষা। ব্রাজিল এই প্রতিযোগিতায় উতরে গেলে উতরে যাবেন স্কলারিও।

তবে দল নিয়ে গণমাধ্যম ও সর্বস্তরের সমালোচনা ও বিতর্কের ঝড়টা একেবারেই পছন্দ করছেন না স্কলারি। কনফেডারেশনস কাপ হারলেই যে সব শেষ, এ ব্যাপারটাও মনে করেন না স্কলারি। তবে তিনি গণমাধ্যম ও ব্রাজিল-সমর্থকদের অতি সমালোচনার প্রবণতাটি মেনে নিতে পারছেন না একেবারেই।

জাপানের সঙ্গে আজ হারলেই যে সব শেষ—এমনটা ভাবছেন না ব্রাজিল কোচ। তিনি বলেন, ‘জাপান যথেষ্ট ভালো দল। তারা বেশ কয়েকবারের এশীয় সেরা, বিশ্বকাপে তাদের অংশগ্রহণটা নিয়মিতই। এই দলের কাছে হারলেই যে লজ্জায় মুখ লুকাতে হবে, এমন কোনো কথা নেই। দলটি ভালো। আমরা আজ একটি ভালো মানের দলের সঙ্গেই খেলছি। জাপান যদি ভালো দল না হতো, তাহলে তারা নিশ্চয়ই কনফেডারেশনস কাপে খেলতে আসত না!’

এ তো গেল স্কলারির কথা। ব্রাজিলের সেরা তারকা নেইমারও জাপানকে হালকাভাবে দেখতে রাজি নন। তিনি বলেন, ‘জাপানকে হালকা করে দেখাটা এক অর্থে বোকামি। এ দলটি কেইসুকে হোন্ডা, শিনজি কাগাওয়ার মতো খেলোয়াড়দের সমন্বয়ে গড়া। এ দলটি মাঠে আপনার পরীক্ষা নেবেই।’

সপ্তাহ খানেক আগে ফ্রান্সকে ৩-০ গোলে হারানো দলটিকেই আজ স্কলারি মাঠে নামাবেন বলে অনুমান করা হচ্ছে। আপাতত খেলোয়াড়দের কাছে তাঁদের শতভাগটা চান স্কলারি। তিনি চান, এ মুহূর্তে ফেবারিট না হলেও ব্রাজিল যে একটি ঐতিহ্যবাহী দল, সেটাই খেলোয়াড়েরা প্রমাণ করুন।

ব্রাজিলের সমর্থকেরাও যে তা-ই চান! ওয়েবসাইট।