সবার আগে অস্ট্রেলিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বকাপের দলগুলোর মধ্যে হতে পারে র৵াঙ্কিংয়ে সবচেয়ে পিছিয়ে অস্ট্রেলিয়া। অনেকের চোখে এবারের দুর্বলতম দলও৷ তবে এক দিক থেকে এরই মধ্যে সবাইকে পেছনে ফেলে দিয়েছে সকারুরা। অতিথি ৩১ দেশের মধ্যে সবার আগে ব্রাজিলে পৌঁছেছে অ্যাঞ্জে পোস্তেকোগলোর দল। পরশু ভিতোরিয়া শহরে পা রাখা সকারুদের স্বাগত জানাতে স্থানীয় বিমানবন্দরে ভিড় করেছিলেন
শ-খানেক সমর্থকও। ব্রাজিলে ভালো কিছু করবে দল, এমনই প্রত্যাশা তাঁদের৷ তবে স্পেন, হল্যান্ড আর চিলিকে নিয়ে গড়া গ্রুপ থেকে কোনো জয়ের প্রত্যাশা করা বাড়াবাড়িই হবে অস্ট্রেলিয়ার জন্য। আন্ডারডগ হওয়ার অবশ্য একটা বাড়তি সুবিধা আছে৷ সেটিকে প্রেরণা হিসেবেই নিতে চান অস্ট্রেলিয়ান মিডফিল্ডার টমি ওর। বিমানবন্দর থেকে অনুশীলন ক্যাম্পে যাওয়ার আগে তেমন আশাবাদই ঝরল তাঁর কণ্ঠে, ‘আমরা আন্ডারডগ৷ তাই সবাইকে চমকে দেওয়ার জন্য এটাই অস্ট্রেলিয়ার দারুণ সুযোগ। একই সঙ্গে ব্রাজিলের মতো ফুটবলপাগল দেশে খেলাও বাড়তি অনুপ্রেরণা আমাদের জন্য।’ এএফপি।