সবার আগে আস্থা আর বিশ্বাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রিচার্ড পাইবাস কি হাসতে জানেন না? নাকি চুইংগাম মুখে হাসতে কষ্ট! কাল মিরপুর ইনডোরে যতক্ষণ তাঁকে দেখা গেল, চুইংগাম চিবানো ছাড়া আর কোনো কারণে মুখ নাড়লেন কমই।কোচ পাইবাস দর্শনে প্রথম দিনের অভিজ্ঞতা, তিনি বলেন কম, শোনেন বেশি। তবে প্রথম দিনে কোচ পাইবাসকে দেখার সুযোগ তেমন হলো কই? ক্রিকেটাররা বেশির ভাগ প্রিমিয়ার লিগ নিয়ে ব্যস্ত। ইনডোরে মাত্র পাঁচ ক্রিকেটারের অনুশীলনে কোচের আর কী-ই বা ভূমিকা থাকে! তার ওপর পরশু রাতে ঢাকায় আসা পাইবাসের বাংলাদেশ দলের কোচ হিসেবে এটি প্রথম দিন। শুরুতেই ‘ফ্রন্ট ফুট-ব্যাক ফুট’ না ভেবে এই ইংলিশম্যান বোধহয় বুঝেশুনে খেলতে চাইছেন।নেটে মাশরাফি-নাজমুল-রাজ্জাকরা বোলিং করছেন। জুনায়েদ ব্যাটিং করছেন। সেসবের তত্ত্বাবধানে অন্য কোচিং স্টাফরা। পাইবাস কেবলই দর্শক। কখনো নেট বরাবর গিয়ে দাঁড়াচ্ছেন। কখনো একপাশে এসে গাছের ছায়া খুঁজছেন। মুখে কথা নেই, কোনো প্রকার অভিব্যক্তিও অনুপস্থিত। অনুশীলনের শেষ দিকে কোচকে ঘিরে ক্রিকেটার-নির্বাচকদের ছোটখাটো একটা আড্ডা হলো। পাইবাস তখনো নির্বাক চরিত্র, তবে একবার বোধহয় একটু হাসতে দেখা গেল।নতুন কোচ কালও আনুষ্ঠানিকভাবে কথা বলতে রাজি হননি সাংবাদিকদের সঙ্গে। এ সিদ্ধান্তটা অবশ্য তাঁর নয়, বিসিবির। পাইবাসকে আনা নিয়ে অনেক কথা হয়েছে। সেই কোচ যখন সশরীরে ঢাকা শহরে উপস্থিত, তাঁকে পাশে রেখে একটা সংবাদ সম্মেলন তো করতেই পারেন বোর্ড কর্তারা। আজ বোর্ড সভা শেষে সেটি হচ্ছেও। বাকস্বাধীনতা পাচ্ছেন পাইবাস।মিরপুরে ক্রিকেট দলের অনুশীলনে একটা ‘নিয়ম’ আছে। যাঁরা আনুষ্ঠানিক আলোচনায় অনাগ্রহী, তাঁদের মুখ খোলাতে ইনডোর থেকে মাঠ পেরিয়ে ড্রেসিংরুম পর্যন্ত পথটা কাজে লাগানোর চেষ্টা করা হয়। তিন সাংবাদিক নতুন কোচের সঙ্গে এই পথেই সেরে নিতে চাইলেন পরিচিতি পর্ব। পাইবাস সাড়া দিলেন। নিজ থেকে বললেন, ‘আজ (গতকাল) বোধ হয় গরম একটু কম...।’ নির্দোষ আলোচনায় এক সাংবাদিক কোচকে আভাস দিতে চাইলেন, এখানে সংবাদমাধ্যমের সঙ্গে অনেক কথা বলতে হয়। পাইবাস সপ্রতিভ, ‘আপনাদের সঙ্গে খুব বেশি কথা বলব না। আমি বেশি কথা বলি আমার স্ত্রীর সঙ্গে।’ গম্ভীর মুখের আড়ালে তাহলে একটা রসিক মনও আছে! নাকি সাংবাদিকদেরই পাল্টা আভাস দিয়ে দিলেন কোচ?অবশ্য বলব না বলব না করেও টুকটাক আরও কিছু কথা বলে ফেললেন। যেমন তাঁর কোচিং-দর্শন। অন্য সবকিছুর চেয়ে পারস্পরিক আস্থা আর বিশ্বাসটাই নাকি বড় তাঁর কাছে, ‘সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো আস্থা, আমার অন্তত এ রকমই মনে হয়। খেলোয়াড় এবং আমার মধ্যে পারস্পরিক বিশ্বাস থাকতে হবে। ক্রিকেটে নেমে পড়ার আগে প্রতিটি খেলোয়াড়কে বুঝতে চাই। তাদের সবকিছু জানতে চাই এবং তাদের বিশ্বাস অর্জন করতে চাই। একজন আরেকজনকে বিশ্বাস করাটা এখানে খুবই গুরুত্বপূর্ণ। সেটা আমাদের ভালো কাজ করতেও সাহায্য করবে।’নতুন ছাত্রদের জানতে-বুঝতে আরেকটা দরজায়ও কড়া নেড়েছেন কোচ। জাতীয় দলের কম্পিউটার বিশ্লেষক নাসির আহমেদের কাছে কার কোথায় দুর্বলতা-শক্তিমত্তা সেসবের বিস্তারিত তথ্য চেয়েছেন। আগামী কয়েক মাস যেহেতু শুধুই টি-টোয়েন্টি ক্রিকেট, এই ক্রিকেটে কার কী অবস্থা, সেটাও ডায়েরিতে টুকে নিতে চান। অনুশীলন শেষে এ আলোচনা পাইবাস নির্বাচকদের সঙ্গেও করেছেন। ‘কোচের সঙ্গে আমরা বসেছিলাম। কিছু বিষয় সম্পর্কে ধারণা দিলাম তাকে। খেলোয়াড়েরা কে কেমন, কে কী ভালো পারে...এসব আরকি’—বললেন প্রধান নির্বাচক আকরাম খান। বাংলাদেশ দলের দায়িত্বটাকে শুরু থেকেই চ্যালেঞ্জ বলছেন নতুন কোচ। কাল নির্বাচকদেরও নাকি বলেছেন, চ্যালেঞ্জটা নিয়ে তিনি খুশি। আপাতত লক্ষ্য এশিয়া কাপের পারফরম্যান্সের ধারাবাহিকতা ধরে রাখা।ধারাবাহিকতাই শুধু নয়, আপাতত কোনো কিছুতেই বদল চান না পাইবাস। খেলোয়াড়দের টেকনিকেও না। পাইবাসের কোচিং-দর্শনে সবাইকে একই ছাঁচে ফেলায় কোনো বিশ্বাস নেই। ‘সবারই আলাদা আলাদা স্টাইল থাকে। প্রথার বাইরে গিয়েও কেউ সফল হতে পারে। কার জন্য কোনটা ভালো, বলা কঠিন’—ড্রেসিংরুমের দিকে যেতে যেতে নিজের কোচিং-দর্শন নিয়ে আরেকটু ধারণা দিলেন নতুন কোচ।তবে দেওয়া-নেওয়ার ক্ষেত্রে প্রথম দিনে পাইবাস নিলেনই বেশি। কিছু বলার বা করার আগে জানাটাকে গুরুত্ব দেওয়াটাও হয়তো তাঁর কোচিং-দর্শনের আরেকটি দিক। চুইংগাম চিবানো গম্ভীর মুখটাকে এখনই পাইবাসের আসল চেহারা ধরে না নেওয়াই ভালো।