সবার আগে দুরন্ত রাজশাহী
সাকিব আল হাসান যেন পথ হারা পথিক! এক ম্যাচ জিতলেই সেমিফাইনাল নিশ্চিত। অথচ পর পর দুই ম্যাচেও কাঙ্ক্ষিত সেই জয়ের দেখা পেলেন না। ৯ ম্যাচে পয়েন্ট এখনো ১০।টুর্নামেন্টের প্রথম দুই ম্যাচে হারলেও মুশফিকুর রহিম এখন উড়ছেন দুরন্ত গতিতে। কাল তাঁর দুরন্ত রাজশাহীর কাছে ৮ উইকেটে হেরেই দীর্ঘতর হলো সাকিবের খুলনা রয়েল বেঙ্গলসের অপেক্ষা। আর এই জয়ের ফলে ৯ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে প্রথম বিপিএলের সেমিফাইনাল নিশ্চিত করা প্রথম দল হয়ে গেল দুরন্ত রাজশাহী।মুশফিক আর সাকিবের কাছে বিপিএলের অর্থ তাই এই মুহূর্তে দুই রকম। শেরেবাংলা স্টেডিয়ামে ম্যাচ শেষের সংবাদ সম্মেলনে না এলেও মিডিয়া ম্যানেজারের মুঠোফোন বার্তায় এসে যায় মুশফিকের ‘কোট’, ‘দলের সবাই খুব আত্মবিশ্বাসী। দারুণভাবে ফিরে আসার পর এখন আমাদের চোখ সেমিফাইনালে। পরের ম্যাচগুলোতেও যদি সবাই সবার সেরাটা দিতে পারে, লক্ষ্যে আমরা পৌঁছাবই।’অন্যদিকে সংবাদ সম্মেলনে সশরীরে হাজির হওয়া সাকিবের মুখে হাসি নেই। বলতে পারেন মুশফিকের ঠিক বিপরীত অবস্থা। দলের ব্যাটিং দেখে ভবিষ্যৎ নিয়ে শঙ্কাকুল কণ্ঠ, ‘আমরা খুব বাজে ব্যাটিং করেছি। প্রথম ছয় ব্যাটসম্যানের দায়িত্ব নিয়ে খেলা উচিত ছিল, কিন্তু কেউ দায়িত্ব নেয়নি। সামনে এগোনো এখন কঠিন হয়ে গেল আমাদের।’বাজে ব্যাটিংয়ের ছবি স্কোরবোর্ডেও স্পষ্ট করেছে খুলনার। ১৮.৫ ওভারে ১০৬ রানে অলআউট। সর্বোচ্চ রান নেইল ও’ব্রায়েনের ৩৯ বলে ৩৫। সর্বোচ্চ জুটি তৃতীয় উইকেটে তাঁর সঙ্গে ডোয়াইন স্মিথের ৩৪ রান। দলের এ অবস্থায় দুই ওপেনার হার্শেল গিবস ও সনাৎ জয়াসুরিয়ার ওপর একটু নাখোশই মনে হলো অধিনায়ক সাকিবকে। বিশ্ব ক্রিকেটেরই একসময়কার এই দুই বড় তারকা বিপিএলে চরম ফ্লপ। ‘গিবস-জয়াসুরিয়া তাদের নামের প্রতি সুবিচার করছে না। তাদের কাছ থেকে বলতে গেলে কিছুই পাইনি’—ক্ষোভ ঝাড়লেন সাকিব। কালকের ম্যাচে শিবনারায়ণ চন্দরপলেরও অভাব বোধ করেছেন খুলনার অধিনায়ক, ‘পায়ের ইনজুরির কারণে চন্দরপলের অনুপস্থিতি আমাদের জন্য একটা মাইনাস পয়েন্ট ছিল।’৩ উইকেট করে নিয়ে মোহাম্মদ সামি আর শন আরভিনই ডুবিয়েছেন খুলনা রয়েল বেঙ্গলসকে। পরে দুরন্ত রাজশাহীর জয় ব্যাট হাতে আরও সহজ করেছেন দুই ওপেনার শাহজাইব হাসান-জুনায়েদ সিদ্দিক এবং মারলন স্যামুয়েলস। শাহজাইবের সঙ্গে ৩১ রানের ওপেনিং জুটির পর দ্বিতীয় উইকেটে স্যামুয়েলসের সঙ্গে ৭১ রানের জুটি জুনায়েদের। নিজে করেছেন অপরাজিত ২৯। ৯ ম্যাচে ২৩০ রান নিয়ে জুনায়েদই এখন টুর্নামেন্টে সেরা বাংলাদেশি ব্যাটসম্যান।সংক্ষিপ্ত স্কোরখুলনা রয়েল বেঙ্গলস: ১৮.৫ ওভারে ১০৬ (ও’ব্রায়েন ৩৫, স্মিথ ১৮, সাকিব ১১; সামি ৩/১৬, আরভিন ৩/১৯, তাইজুল ১/৭, স্যামুয়েলস ১/১৩, সাকলাইন ১/১৭, রাজ্জাক ১/২২)। দুরন্ত রাজশাহী: ১৪.১ ওভারে ১১০/২ (স্যামুয়েলস ৫০, শাহজাইব ২৮, জুনায়েদ ২৯*; নাজমুল ১/৮, সাকিব ১/১৭)। ফল: দুরন্ত রাজশাহী ৮ উইকেটে জয়ী। ম্যান অব দ্য ম্যাচ: শন আরভিন।