সবার আগে ফাইনালে শ্রীলঙ্কা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরাজয়ের ব্যবধান বেশ বড়ই, ১২৯ রান। ওয়ানডেতে শতরানের হার এই প্রথম। তার পরও আফগানিস্তান আসলে হারাল কতটুকু!

এই টুর্নামেন্টে তাদের হারানোর এমনিতেই খুব বেশি কিছু ছিল না। আর প্রাপ্তির ভাঁড়ার তো এর মধ্যেই উপচে পড়ছে। কাল তাতে নতুন কিছু তেমন যোগ হয়নি, তবে সেখান থেকে অনেক কিছু যে হারিয়ে গেছে এমনও নয়। আফগান-রূপকথার আখ্যানে নতুন অধ্যায় যোগ হওয়ার সম্ভাবনা উঁকি দিয়েছে বেশ কবারই। শেষ পর্যন্ত হয়নি। ছোট দলগুলোর বিপক্ষে বরাবরই নির্দয় শ্রীলঙ্কাকে বাধ্য করেছে হিসাবি ক্রিকেট খেলতে। ছোটদের ‘বড়’র সম্মান দিয়েই বোনাস পয়েন্টসহ জয় তুলে নিয়েছে শ্রীলঙ্কা। যে জয় গত আসরের তলানিতে থাকা লঙ্কানদের এবার ফাইনালে তুলে দিয়েছে সবার আগে। ২০১২ এশিয়া কাপে অস্ট্রেলিয়াফেরত ক্লান্ত-শ্রান্ত শ্রীলঙ্কা হেরেছিল সব ম্যাচেই।

বাংলাদেশের বিপক্ষে বীরোচিত জয়ের পর কালকের আফগানিস্তান প্রথম ম্যাচের প্রতিচ্ছবি। শুরুতে লঙ্কানদের নাড়িয়ে দিয়েও শেষ পর্যন্ত আটকাতে পারেনি আড়াই শর নিচে। লঙ্কান বোলিংয়ের বিপক্ষে ওই রান তাড়ার সামর্থ্য যে আফগান ব্যাটিংয়ের নেই, সেটা জানাই ছিল। দুর্দান্ত বোলিং-ফিল্ডিংয়ের দলটির ব্যাটিং আরেকটু ভদ্রস্থ পর্যায়ের হলে আফগানিস্তান নিশ্চিতভাবেই আরও সমীহ জাগানো প্রতিপক্ষ।

‘সাঙ্গা-মেশিন’কে বিকল করে দিতে পারলে বোলিং দিয়েই অবশ্য আরেকটি অঘটনের জন্ম দিতে পারত আফগানরা। নিত্যনতুন চমক উপহার দেওয়া দলটি কাল চমকে দিল আন্তর্জাতিক ক্রিকেটে কখনোই বোলিং না করা নাজিবুল্লাহ জাদরানকে নতুন বল তুলে দিয়ে। কুশল পেরেরার ঝড় তুলতে না দেওয়ার সেই ফাটকা কাজে লেগে গেল দারুণভাবে। আরেক পাশে কাঁপিয়ে দেওয়ার জন্য শাপুর জাদরান তো ছিলেনই! বাঁহাতি পেসারের অসাধারণ এক বলে বাতাসে ডিগবাজি খেল ফর্মে থাকা থিরিমান্নের স্টাম্প। কুশল পেরেরা-সাঙ্গাকারা উইকেটে থাকার পরও প্রথম ৯ ওভারে রান ২৩! জাদরানকে এক ওভারে টানা দুটি চার-ছয়ে শিকল ছিঁড়েছেন কুশল। পরের ওভারে মেরেছেন আরও দুটি চার। তবে নিজেকে পুরো মেলে ধরার আগেই ছেঁটে দেওয়া হয়েছে তাঁর পাখা। একটু পর দুঃসময়কে আরেকটি দীর্ঘায়িত করে যখন ফিরছেন জয়াবর্ধনে, উঁকিঝুঁকি দিচ্ছে অঘটন। ২২তম ওভারে শ্রীলঙ্কার রান ৩ উইকেটে ৮৩!

সাঙ্গাকারা নিজের কর্তব্যটা বুঝে গেলেন। বছরের পর বছর ধরে রান করে আসছেন ক্রিকেট-বিশ্বের সব প্রান্তে, শাসন করেছেন সেরা সব বোলিং আক্রমণকেও। কিন্তু এখনো যে ক্রিকেটের মৌলকত্ব পূজা করে চলেছেন, দেখালেন আরেকবার। কালকের উইকেটই ছিল টুর্নামেন্টের মন্থরতর। পরিস্থিতির দাবি মিটিয়ে সাঙ্গাকারাও দারুণ সম্মান দিলেন আফগান বোলিংকে। একসময় তো রান ছিল ৬৩ বলে ৩৭! টুর্নামেন্টে টানা তৃতীয় পঞ্চাশ ছুঁয়েছেন ৭৭ বলে। আরও দুটি অর্জনে আরেকটু সমৃদ্ধ হয়েছে তাঁর অর্জনের খাতা। রিকি পন্টিংয়ের পর দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে ছুঁয়েছেন ওয়ানডেতে তিন নম্বরে নেমে ৮ হাজার রান। স্বদেশি সনাত্ জয়াসুরিয়ার পর ছুঁলেন এশিয়া কাপে হাজার রানের মাইলফলকও। রানআউট না হলে আরেকটি সেঞ্চুরিও হয়তো পেয়ে যেতেন। অধিনায়ক ম্যাথুস পরে রানটাকে নিয়ে গেছেন আড়াই শ ছাড়ানো নিরাপদ বন্দরে।

যে বন্দর কখনোই দৃষ্টিসীমায় আসেনি আফগানদের। তবে বড় পরাজয়ের পরও এটা ঠিকই প্রমাণিত হয়েছে, হেলাফেলা করার মতো দল তারা নয়!