সবার আগে শেষ আটে দ্রগবার দল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শুরুতে ছিল রক্তপাত। এর পর হয়েছে সুন্দর ফুটবল, অঘটন আর চমক। আফ্রিকান নেশনস কাপে বাড়তি মাত্রা যোগ করল নতুন প্রহসন। আলজেরিয়ার বিপক্ষে অসহযোগিতার অভিযোগ এনেছে তাদের গ্রুপ প্রতিপক্ষ মালি। অনুশীলনে মালি দলকে দেড় ঘণ্টার মতো অপেক্ষায় রেখে তার পর মাঠ ছেড়েছে আলজেরিয়া। এ নিয়ে ক্ষুব্ধ মালি তাদের প্রতিবাদ জানিয়েছে আয়োজকদের কাছে। উদ্ভূত পরিস্থিতিতে স্থানীয় আয়োজক কমিটির মুখপাত্র বিবৃতিতে বলেছেন, ‘যে ঝামেলা হয়েছে তাতে আমাদের করার কিছু নেই। আলজেরিয়ার বিকেল ৫টা পর্যন্ত স্টেডিয়ামে অনুশীলন করার কথা ছিল। কিন্তু মালি দল যখন এল, তখন মালির কাজটা কঠিন করার জন্যই তারা মাঠে সোয়া ছয়টা পর্যন্ত থাকল। এতেই মালি ক্ষুব্ধ।’এমন ঘটনার ঘনঘটার মধ্যেই প্রথম দল হিসেবে টুর্নামেন্টের সেরা আটে জায়গা করে নিয়েছে আইভরিকোস্ট। পরশু ঘানাকে ৩-১ গোলে হারিয়েছে দিদিয়ের দ্রগবার দল। ১-০ গোলে এগিয়ে থাকার পর আইভরিকোস্ট চাপে পড়ে যায় ১০ জনের দলে পরিণত হওয়ায়। এ সময় মাইকেল এসিয়েনের দল চড়াও হয় আইভরিকোস্টের ওপর। কিন্তু শেষ ২৫ মিনিটে দুর্দান্ত খেলে তিন পয়েন্ট নিয়েই মাঠ ছাড়ে দ্রগবারা। ৬৬ মিনিটে ৩০ মিটার দূর থেকে ফ্রি-কিকে সরাসরি গোল করে ব্যবধানটা ২-০ করে দেন সিয়াকা তিয়েনে। ৯০ মিনিটে টুর্নামেন্টে নিজের প্রথম গোল করেন চেলসি তারকা দিদিয়ের দ্রগবা। অতিরিক্ত সময়ের পেনাল্টিতে ঘানার সান্ত্বনার গোলটি করেন আসামোয়া গিয়ান।এদিকে বেনিনকে ১-০ গোলে হারিয়ে শেষ আটের আশা বাঁচিয়ে রেখেছে নাইজেরিয়া। পেনাল্টি থেকে ৪২ মিনিটে দলের জয়সূচক গোলটি করেছেন ইয়াকুবু। এএফপি, ওয়েবসাইট।