সবার আগে সেমিতে কিউইরা
ব্রেন্ডন ম্যাককালামের অবসরের পর আক্রমণের দায়িত্বটা আরও বেশি করে পড়েছে তাঁর কাঁধে। সেই ব্যাট হাতে সেই দায়িত্ব যেন ঠিকভাবে পালন করতে পারছিলেন না মার্টিন গাপটিল। ভারতের বিপক্ষে ৬ রান করে টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু, অস্ট্রেলিয়ার বিপক্ষে পরের ম্যাচে ঝড় তুললেও ইনিংসটা লম্বা করতে পারেননি। থেমে গিয়েছিলেন ২৭ বলে ৩৯ রান করেই। কিছুটা কি আক্ষেপ রয়ে গিয়েছিল গাপটিলের?
যদি থেকেও থাকে, সেটা কাল কড়ায়-গন্ডায় পুষিয়ে নিলেন কিউই ওপেনার। ৪৮ বলে ৮০, বিধ্বংসী যে ইনিংসে চার ১০টি, তিনটি ছক্কা। গাপটিলের এই দুর্দান্ত ইনিংসে ভর করেই কাল মোহালিতে পাকিস্তানকে ২২ রানে হারিয়ে দিল নিউজিল্যান্ড। প্রথম দল হিসেবে নিশ্চিত করল টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালও।
আগে ব্যাট করে ৫ উইকেটে ১৮০ রান তুলেছিল কিউইরা। জবাবে পাকিস্তান থেমে গেছে ৫ উইকেটে ১৫৮ রান করেই। এ হারের পর কার্যত শেষ চারে খেলার আশা শেষ হয়ে গেছে পাকিস্তানের। অঙ্কের হিসাবে অবশ্য এখনো টুর্নামেন্টে টিকে আছে শহীদ আফ্রিদির দল। তবে সেটি নির্ভর করছে অনেক ‘যদি’ আর ‘কিন্তু’র ওপর।
তাড়া করতে নেমে অবশ্য পাকিস্তানের ‘গাপটিল’ হয়ে ওঠার প্রতিশ্রুতি দিচ্ছিলেন ওপেনার শারজিল খান। বাঁহাতি ওপেনারের ব্যাটে ভর করে লক্ষ্যের দিকে ‘উসাইন বোল্ট’ গতিতে ছুটছিল পাকিস্তান। কিন্তু ২৫ বলে ৪৭ রান করে শারজিল আউট হওয়ার পরেই খেই হারিয়ে ফেলে পাকিস্তান। আফ্রিদি (৯ বলে ১৯) ও উমর আকমলরা (২৬ বলে ২৪) চেষ্টা করেছেন কিছুটা, কিন্তু আস্কিং রানরেটের সঙ্গে পাল্লা দিতে গিয়ে শেষ পর্যন্ত ছন্দটা ধরে রাখতে পারেননি।
টানা তৃতীয় ম্যাচে টস জিতে কেন উইলিয়ামসনের ব্যাটিং নেওয়ার সিদ্ধান্তটা সঠিক প্রমাণ করতেই যেন রুদ্রমূর্তিতে নেমেছিলেন গাপটিল। ওপেনিংয়ে নেমে এ নিয়ে সর্বশেষ ১০টি টি-টোয়েন্টির ৮টিতেই ৫০ পেরোনো জুটি গড়লেন উইলিয়ামসন-গাপটিল। উইলিয়ামসন আউট হওয়ার আগে ৭.২ ওভারে জুটিতে এসেছে ৬২ রান। উইলিয়ামসন অবশ্য কিছুটা ধীরগতিতে খেলে ২১ বলে করেছেন ১৭ রান।
কিন্তু দারুণ শুরুর পর কিছুটা খেই হারাল কিউইরা। ৭ থেকে ১০—এই চার ওভারে নিল মাত্র ২৬ রান। স্কোরটাও সে কারণেই হয়তো দুই শ পেরোল না। তবু এতটুকুও যে এসেছে, সে জন্য গাপটিলের পাশাপাশি টেলর-রনকি-অ্যান্ডারসনদেরও কৃতিত্ব দিতে হবে। শেষ পাঁচ ওভারে কিউই ব্যাটসম্যানরা নিয়েছেন ৫৩ রান। বড় ঝড়টা গেছে মোহাম্মদ আমিরের ওপর দিয়েই। ৪ ওভারে ৪১ রান দিয়েছেন পাকিস্তানি বাঁহাতি পেসার।
১০
জুটিতে আরেকবার ৫০ ছাড়ালেন মার্টিন গাপটিল ও কেন উইলিয়ামসন। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি ৫০ ছাড়ানো জুটির মালিক এখন গাপটিল-উইলিয়ামসন (১০ বার)। কিউই জুটি পেছনে ফেললেন অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নার-শেন ওয়াটসন জুটিকে (৯)।
৪১
৪ ওভারে ৪১ রান। ২৮ ম্যাচের আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্যারিয়ারে বল হাতে সবচেয়ে ব্যয়বহুল ম্যাচটা কালই খেললেন মোহাম্মদ আমির।