সবার আগে সেমিফাইনালে ইংল্যান্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জিতলেই চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনাল নিশ্চিত, হারলে অস্ট্রেলিয়ার বিপক্ষে গ্রুপে নিজেদের শেষ ম্যাচটার অপেক্ষা। এমন সমীকরণ সামনে রেখেই কাল কার্ডিফে নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নেমেছিল স্বাগতিক ইংল্যান্ড। কেন উইলিয়ামসনের দল পারল না স্বাগতিকদের পথে বাধা হয়ে দাঁড়াতে। ইংল্যান্ডের ৩১০ রান তাড়া করতে নেমে নিউজিল্যান্ড থেমে গেল ২২৩ রানেই। ৮৭ রানে জিতে এবার চ্যাম্পিয়নস ট্রফির প্রথম দল হিসেবে শেষ চার নিশ্চিত করল ইংল্যান্ড।

তাড়া করতে নেমে চতুর্থ বলেই লুক রঙ্কিকে হারানোর পর মার্টিন গাপটিল আর কেন উইলিয়ামসনের ৬২ রানের জুটিতে ঘুরে দাঁড়ায় নিউজিল্যান্ড। ২৭ রান করে গাপটিল ফিরে যাওয়ার পর রস টেলরকে নিয়ে আবার ৯৫ রানের জুটি গড়েন উইলিয়ামসন। অস্ট্রেলিয়ার বিপক্ষে বৃষ্টিতে ভেসে যাওয়া ম্যাচের সেঞ্চুরিয়ান উইলিয়ামসন এ ম্যাচেও সেঞ্চুরির আশা জাগিয়েছিলেন। কিন্তু ৯৮ বলে ৮৭ করে মার্ক উডের বলে জস বাটলারের হাতে ক্যাচ দিয়ে উইলিয়ামসন ফিরে যাওয়ার পরই খেই হারায় নিউজিল্যান্ড। ২ উইকেটে ১৫৮ থেকে কিছুক্ষণের মধ্যেই ৬ উইকেটে ১৯৪ হয়ে যায়। এরপর আর ম্যাচের লাগাম হাতে পায়নি কিউইরা। আস্কিং রান রেটের সঙ্গে পাল্লা দিতে না পেরে শেষ পর্যন্ত ৪৪.৩ ওভারে অলআউট হয়ে যায় ২২৩ রানে।   

এর আগে টসে হেরে ব্যাট করতে নেমে ইংল্যান্ড ৪৯.৩ ওভারে অলআউট হয়ে যায় ৩১০ রানে। আগে ব্যাট করে সর্বশেষ ১৩ ওয়ানডেতে এ নিয়ে ১১ বার ৩০০ করল ইংল্যান্ড। দলের ৩৭ রানের সময় জেসন রয় ফিরে যাওয়ার পর জো রুট আর অ্যালেক্স হেলস মিলে গড়েন ৮১ রানের জুটি। অপরাজিত এক সেঞ্চুরি করে আগের ম্যাচে বাংলাদেশকে প্রায় একাই হারিয়ে দিয়েছিলেন রুট। কালও তাঁর ব্যাট আরও একটা সেঞ্চুরির আশা দেখাচ্ছিল। কিন্তু ৬৫ বলে ৬৪ রান করে ফিরে যান কোরি অ্যান্ডারসনের বাইরের একটা বল স্টাম্পে টেনে এনে। আউট হওয়ার আগের ৪৪ বলের মধ্যে মাত্র ১০টিতে স্ট্রাইক পেয়েছিলেন রুট। কিছুটা তাই ধৈর্যহারা হয়ে গিয়েছিলেন ইংলিশ এই ব্যাটসম্যান।

ফিফটি করে হেলস ফিরে গিয়েছিলেন রুটের আগেই। অধিনায়ক মরগানও টেকেননি বেশিক্ষণ। তারপরও ইংল্যান্ডের রানটা ৩০০ পেরোনোর পেছনে বড় ভূমিকা জশ বাটলারের। ৪৮ বলে দুটি চার আর দুটি ছক্কায় ৬১ করে শেষ পর্যন্ত অপরাজিত থেকে যান বাটলার।  ক্রিকইনফো।