সবার আগে ‘সেরা’দের বিদায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রজার মিলা কি হাসছেন? দেশের এমন বিপর্যয়ে ক্যামেরুন কিংবদন্তি মিলার মুখটা দুঃখে নীলই হয়ে যাওয়ার কথা। তার পরও মিলা হাসতে পারেন—বেদনার হাসি, তাচ্ছিল্যের হাসি। মিলার সঙ্গে কথার লড়াই চালিয়ে দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে এসেছিলেন স্যামুয়েল ইতো। বিশ্বকাপ-যাত্রা শুরুর আগেই বড় গলায় বলেছিলেন, ক্যামেরুন চ্যাম্পিয়ন হবে। চ্যাম্পিয়ন হওয়া তো দূরে থাক। দূরের দিগন্তে মিলিয়ে গেল রজার মিলাদের ১৯৯০ সালের পারফরম্যান্স ছোঁয়ার স্বপ্নও। সবকিছুই দূরের ব্যাপার হয়ে গেল ক্যামেরুনের কাছে। সবার আগে এবারের বিশ্বকাপ থেকে বিদায় নিশ্চিত করল ক্যামেরুন।ইতোর গোলে এগিয়ে যাওয়ার পরও ডেনমার্কের কাছে ১-২ গোলে হারল ‘অদম্য সিংহ’রা। আর টানা এই দুই হারে দলের বিদায় নিশ্চিত হয়ে গেল ইতোদের। এখন আর গলায় সেই জোরটা খুঁজে পাচ্ছেন না ইতো। মাথা নিচু করে বলছেন, ‘খুব কষ্টের ব্যাপার। আমাদের জন্য শেষ দল হিসেবে গ্রুপ পর্ব শেষ করাটা মোটেও স্বাভাবিক ব্যাপার না। আমার জন্য বিশাল একটা ধাক্কা। সারাটা মৌসুম আমি এই বিশ্বকাপের প্রস্তুতি নিয়ে কাজ করেছি। বিশ্বকাপ ছাড়া আমার মাথায় আর কিছুই ছিল না।’এখন করুণ কণ্ঠে কথা বলা এই লোকটিই ক্যামেরুনকে এখনো পর্যন্ত সেরা সাফল্য এনে দেওয়া রজার মিলার ওপর চটেছিলেন। কারণ নব্বই বিশ্বকাপে কোয়ার্টার ফাইনাল খেলা মিলা বলেছিলেন, ইতোর জাতীয় দলের হয়ে ভালো খেলার মনই নেই।ইতো রাগ দেখিয়ে বলেছিলেন, মিলা ক্ষমা না চাইলে তিনি বিশ্বকাপেই খেলবেন না। শেষমেশ ফেডারেশন ও কোচের হস্তক্ষেপে মাথা ঠান্ডা করে বিশ্বকাপে এলেন। এসেই ঘোষণা দিলেন, তাঁরা বিশ্ব চ্যাম্পিয়ন হবেন। নিজেই অবশ্য বলে দিয়েছিলেন, এ কথা শুনে লোকে তাঁকে পাগল ভাবতে পারে!লোকে যাই ভাবুক, জাপানের সঙ্গে প্রথম ম্যাচে হারের পর কাল শুরুটা কিন্তু ইতোই করেছিলেন। ১০ মিনিটেই ডেনমার্কের জালে জড়িয়ে দিয়েছিলেন বল। মনে হচ্ছিল, জেগে উঠছে সিংহ। কিন্তু কোথায় কিসের জেগে ওঠা! ৩৩ মিনিটে সমতা ফেরালেন নিকলাস বেন্টনার। আর ৬৬ মিনিটে আফ্রিকার বুকে পেরেক ঠুকে দিয়ে ডেনিশদের জয় নিশ্চিত করলেন ড্যানিস রোমেদাল। নিশ্চিত হয়ে গেল আফ্রিকান বিশ্বকাপের আরও একটু রং হারানো। কিন্তু কেন এমন হলো? ক্যামেরুন কেন নিজেদের মহাদেশের বিশ্বকাপ থেকে এমন অসহায়ভাবে বিদায় নেবে! এই দায় কার? ‘আমার, শুধুই আমার’—মাথা পেতে ক্যামেরুনের হতাশাজনক এই পারফরম্যান্সের পুরো দায় নিজের কাঁধে নিয়ে নিলেন ক্যামেরুনের ফরাসি কোচ পল লি গুয়েন, ‘দলের সব খেলোয়াড় বিশ্বকাপে আসতে পেরে খুব আনন্দিত ছিল। ওরা এর চেয়ে অনেক ভালোভাবে বিশ্বকাপ শেষ করতে চেয়েছিল। আমি সব সমালোচনা ও সব মতামত মাথা পেতে নিচ্ছি। আমি দলের ভালোর জন্যই কাজ করেছি। কিন্তু সেই কাজ নিশ্চয়ই যথেষ্ট ছিল না।’তা হয়নি। কেন হয়নি, সে প্রশ্নে না গিয়ে লি গুয়েন তাঁর হতাশার কথাটাই বললেন, ‘এই ম্যাচে আমরা নিখুঁত ছিলাম না বলে আমার আফসোস হচ্ছে। জাপানের বিপক্ষে খারাপ খেলার জন্য আমার আফসোস হচ্ছে।’আর আফসোস নয়। ক্যামেরুনের আপামর জনসাধারণের কাছে ক্ষমা চেয়ে লি গুয়েন সামনে এগিয়ে যাওয়ার প্রতিজ্ঞার কথা শোনাচ্ছেন। আর ইতো দেখাচ্ছেন শেষ ম্যাচে ভালো করার স্বপ্ন, ‘সম্মানের সঙ্গে শেষ ম্যাচটা এখন শেষ করতে চাই।’তাতে কি জ্বালা জুড়াবে ইতোদের? এএফপি।