সবার উপরে ক্লাব সত্য, তাহার উপরে নাই।’ বিসিবির মেরুদণ্ডহীন অস্থায়ী কমিটির স্লোগান হতে পারে এটা। ক্লাব যা বলে, সেটাই চূড়ান্ত। বাংলাদেশ ক্রিকেট বোর্ড তাদের হাতের পুতুল। নয়তো মার্চ-এপ্রিলের ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের ভবিষ্যৎ কেন এখনো দুলবে অনিশ্চিত পেন্ডুলামের মতো! প্রশ্নটা তাই উঠছেই, বাংলাদেশের ক্রিকেট বিসিবি চালায়, নাকি ক্লাব সমিতি? বারবার পেছানোর পর সর্বশেষ ২৫ জুলাই দলবদল হয়ে ২৯ আগস্ট থেকে লিগ শুরুর ঘোষণা দিয়েছিল সিসিডিএম। মাঝারি গোছের অনেক ক্লাব কর্মকর্তাও ঘোষণাটা শুনে মিটি মিটি হেসে বলেছিলেন, লিগ শুরু হবে ভালো কথা। শেষ হবে তো? এখন অবশ্য আর শেষ নিয়ে রহস্য করতে হচ্ছে না। বিসিবির সভাপতিও যাদের অঙ্গুলিহেলনে চলেন বলে অভিযোগ, সেই ক্লাব কর্মকর্তারা পরশু ইফতার করতে করতে ঠিক করেছেন, ২৯ আগস্ট থেকে তাঁরা লিগ খেলবেন না। খেলোয়াড়দের লটারি পিছিয়ে নিতে হবে সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে। এরপর অক্টোবরের দিকে লিগ হলে খেলবেন। ‘দাবি’ কিংবা ‘অনুরোধ’ যা-ই হোক না কেন, বাংলাদেশের বাস্তবতায় এটা আসলে সিদ্ধান্ত। বিসিবির এ কথা বলার সাহস নেই, লিগ কবে শুরু হবে না হবে, এই সিদ্ধান্ত নেওয়ার অধিকার তোমাদের কে দিল? যা হবে, সেটিও অনুমান করা কঠিন কিছু নয়। কোনো একটা ছলচাতুরী করে ক্লাবের সিদ্ধান্তটাকেই নিজেদের ব্যাখ্যায় ফেলে জায়েজ করে দেবে বিসিবি, এই যা। ক্লাব শক্তির কাছে এমন নতজানু ক্রিকেট বোর্ড পৃথিবীতে দ্বিতীয়টি আছে কিনা সন্দেহ।একটা টেস্ট খেলুড়ে দেশে শুধুই একটা ৫০ ওভারের টুর্নামেন্ট খেলা ক্লাবগুলো কেন এমন ক্ষমতাধর হবে? এই প্রশ্নের উত্তরটা অজানা নয় কারোরই। বিসিবির কর্তাব্যক্তিরাও তো বিভিন্ন ক্লাব থেকে আসা প্রতিনিধিই। বোর্ড সভাপতির সঙ্গে সভায় বসে তাঁরা দেশের ক্রিকেটের স্বার্থে যতই মুখে ফেনা তুলে ফেলুন না কেন, সেসব কেবলই অভিনয়। ক্লাব তাঁবুতে গিয়ে সবাই পুরোপুরিই ক্লাবের। নাজমুল হাসানের অস্থায়ী কমিটিতেই আছে এর দৃষ্টান্ত। পরশু ক্লাবগুলোর যে সভায় লিগ পেছানোর দাবি তোলা হলো, তাতে আবাহনী প্রতিনিধি হয়ে উপস্থিত ছিলেন বিসিবির অস্থায়ী কমিটির সদস্য ইসমাইল হায়দার মল্লিক, মোহামেডানের প্রতিনিধি হয়ে আরেক সদস্য লোকমান হোসেন ভূঁইয়া। তাঁরাই তো আবার বিসিবির সভায় বসে ক্লাবগুলোর সিদ্ধান্ত নিয়ে আলোচনা করবেন। সেলুকাস, সত্যি বিচিত্র এই দেশ! ক্রিকেট বোর্ডের তথাকথিত এই কর্মকর্তারা সত্যিই ক্রিকেটের ভালো চাইলে প্রিমিয়ার ক্রিকেট লিগের তাৎপর্যটা বুঝতেন। এই লিগটা যেমন অনেক ক্রিকেটারের আয়ের প্রধানতম উৎস, তেমনি ওয়ানডে প্রস্তুতির জন্য বড় মঞ্চও। একসময় জাতীয় লিগের সঙ্গে একটা ওয়ানডে টুর্নামেন্ট হলেও কয়েক বছর ধরে সেটা বন্ধ। শীর্ষ পর্যায়ে এখন তাই শুধু প্রিমিয়ার লিগই আছে, যেখানে ক্রিকেটারদের ৫০ ওভারের ম্যাচ প্র্যাকটিসটা হয়। কিন্তু কতিপয় ছদ্মবেশী ‘ক্রিকেট সংগঠক’ ক্রিকেটের বিরুদ্ধে এমনই ষড়যন্ত্রের খেলায় মেতেছেন যে, এবার সেটাও হুমকির মুখে। ভবিষ্যতে বাংলাদেশের ক্রিকেটাররা হয়তো ঘরোয়া ক্রিকেট না খেলে সরাসরিই নেমে যাবেন আন্তর্জাতিক ম্যাচ খেলতে। শুধু তো প্রিমিয়ার লিগই নয়, ক্লাব রাজনীতির দুষ্টচক্রে পড়ে অনিশ্চিত হতে বসেছে দেশের মূল প্রথম শ্রেণীর ক্রিকেট আসর জাতীয় লিগের পরবর্তী আসরও। কখনো জাতীয় দলের খেলোয়াড়দের অনুপস্থিতির ছুতোয়, কখনো বা মোটা অঙ্কের অনুদানের দাবি তুলে বারবার প্রিমিয়ার লিগ পিছিয়ে দিতে বাধ্য করেছে ক্লাবগুলো। অবিশ্বাস্য হলেও সত্যি, ক্রিকেটকে গলা টিপে মারতে উদ্যত এই ক্লাবগুলোই আবার বিসিবির সাধারণ পরিষদে নিজেদের দুজন করে প্রতিনিধি দেওয়ার দাবি তুলেছে এবং বোর্ড সভাপতিও তাতে সায় দিচ্ছেন! বিসিবির গঠনতন্ত্রে ‘কোটিপতির দুই ভোট, রিকশাওয়ালার এক ভোটের’ মতো চূড়ান্ত অগণতান্ত্রিক এক ধারা ঢুকিয়ে ক্লাবশক্তির পেশি আরও ফুলিয়ে-ফাঁপিয়ে তোলার চেষ্টার কারণেই ঝুলে গেছে বিসিবির নির্বাচনও। পরশু প্রিমিয়ার লিগের ১১ (গাজী ট্যাংকের কোনো প্রতিনিধি ছিল না সভায়) ক্লাবের সভার পর নাকি এক ক্লাব কর্মকর্তা টিপ্পনী কেটে বলেছেন, দিলাম তো বলটা ঠেলে বোর্ড সভাপতির কোর্টে। দেখাই যাক, সেই বল নিয়ে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাল্টা আক্রমণে যান, নাকি দিয়ে বসেন আত্মঘাতী গোল! দেশের ক্রিকেটের স্বার্থ তাঁর কাছে বেশি প্রাধান্য পায় নাকি ক্লাবগুলোকে সন্তুষ্ট রাখা—এই প্রশ্নের উত্তরেই লুকিয়ে বাংলাদেশের ক্রিকেটকে নেতৃত্ব দেওয়ার মতো দৃঢ়তা তাঁর আছে কিনা।