সবার উপরে জাপান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১০৯ মিনিটে চলন্ত বলে বদলি খেলোয়াড় তাদানারি লির বাঁ-পায়ের বিদ্যুৎগতির ভলি, অস্ট্রেলিয়ান গোলরক্ষক মার্ক শোয়ার্জার বিস্ময়াভূত হয়ে তাকিয়ে দেখলেন, বল আশ্রয় নিচ্ছে জালে। গোল! লির এই গোলেই জাপান লিখে ফেলল এশিয়ান কাপের সবচেয়ে সফল দলের ইতিহাস। ১৯৯২, ২০০০ ও ২০০৪-এর পর এবার—ফাইনালে অস্ট্রেলিয়াকে হারিয়ে (১-০) রেকর্ড চতুর্থবারের মতো এশিয়ান কাপের শিরোপা জিতল নীল সামুরাইরা।এই শিরোপা জিতে ২০১৩ সালে ব্রাজিলের কনফেডারেশন কাপে খেলার যোগ্যতাও অর্জন করে নিল জাপানিরা। আগের আসরেও (২০০৭) এই জাপানের কাছে কোয়ার্টার ফাইনালে হেরেই টুর্নামেন্ট থেকে ছিটকে পড়েছিল প্রথমবার এশিয়ান কাপে অংশ নেওয়া অস্ট্রেলিয়া। এবার তাই সকারুদের সামনে ছিল প্রতিশোধের মিশন।প্রতিশোধ নেওয়া তো হলোই না, উল্টো তীরে এসে তরী ডোবার হতাশায় নীল তারা। অ্যালেক্স টবিনকে পেছনে ফেলে এ ম্যাচেই অস্ট্রেলিয়ার পক্ষে সর্বোচ্চ ম্যাচ খেলার রেকর্ড (৮৮টি) গড়েও তাই গোলরক্ষক শোয়ার্জারকে মাঠ ছাড়তে হলো মাথা নিচু করে। অথচ মাঠের খেলায় অসিদেরই ছিল স্পষ্ট প্রাধান্য। কিন্তু ফুটবল যে শেষ পর্যন্ত গোলেরই খেলা। এএফপি।