সবার ওপরে অস্ট্রেলিয়ার পতাকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০০৮ অলিম্পিক আয়োজন করে বিশ্বকে চমকে দিয়েছিল চীন। শুধু চাকচিক্যে নয়, পদক তালিকার শীর্ষে থেকেও। ‘ছোট অলিম্পিক’ কমনওয়েলথ গেমসের বর্ণিল উদ্বোধনী অনুষ্ঠান আয়োজন করে নিন্দুকদের মুখ বন্ধ করতে পারলেও পদক তালিকায় ভারত অবশ্য ‘চীন’ হয়ে উঠতে পারছে না। ৪ অক্টোবর শুরু মূল প্রতিযোগিতায় কাল সন্ধ্যায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত পদক তালিকায় নেতৃত্ব দিয়েছে অস্ট্রেলিয়াই। দ্বিতীয় স্থানে থাকা স্বাগতিক ভারতের সঙ্গে নিরাপদ দূরত্ব রেখে এগিয়ে চলছে গেমস ইতিহাসের সফলতম দলটি।কমনওয়েলথ গেমসের আগের ১৮টি আসর মিলিয়ে রেকর্ড ১৭০৮টি পদক জিতেছে অস্ট্রেলিয়া। ৬৪৩টিই সোনা। বরাবরই পয়েন্ট টেবিলে আধিপত্য অস্ট্রেলিয়ার। ১৯৯০ থেকে টানা পাঁচবার পয়েন্ট টেবিলের শীর্ষে ছিল তারাই। এবারও এর ব্যতিক্রম হওয়ার সম্ভাবনা ক্ষীণ।অস্ট্রেলিয়া শীর্ষে তাদের মেয়েদের কল্যাণেই। ২৭টি সোনার ১৭টিই জিতেছেন মেয়েরা। সর্বোচ্চ তিনটি সোনা জিতেছেন অ্যালিসিয়া কাউটস। ১০০ মিটার ফ্রি-স্টাইল, ২০০ মিটার ব্যক্তিগত মিডলের পর কাল ১০০ মিটার বাটারফ্লাইয়ে নিজের তৃতীয় সোনাটি জিতেছেন কাউটস। কমনওয়েলথ গেমসে অস্ট্রেলিয়ার সোনার খনি এবার অবশ্য সাইক্লিং। কাল পর্যন্ত সাইক্লিংয়ের যে ১০টি ইভেন্ট শেষ হয়েছে এর প্রতিটিতেই সোনা জিতেছে অস্ট্রেলিয়া। আজ আরেকটি ইভেন্ট আছে। এটিতে জিতুক আর না-ই জিতুক, এরই মধ্যে নিজেদের একটা রেকর্ড অস্ট্রেলিয়া ভেঙে ফেলেছে। ২০০২ গেমসে এই ডিসিপ্লিন থেকে আটটি সোনা জিতেছিল অস্ট্রেলিয়া।সর্বশেষ: পুরুষদের ১০০ মিটারে সোনা জিতেছেন বোল্ট-পাওয়েলের স্বদেশি লেরন ক্লার্ক। ওদিকে মেয়েদের ১০০ মিটারে প্রাথমিকভাবে অস্ট্রেলিয়ান স্যালি পিয়ারসনকে জয়ী বলে ঘোষণা করা হলেও তিনি ‘ডিসকোয়ালিফাইড’ হয়েছেন কি না, এ নিয়েই বিতর্ক চলছিল।