সবার ওপরে অ্যাটলেটিকো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিজের প্রথম গোলটি যেন লুইস আরাগোনেসের স্মৃতির উদ্দেশে উৎসর্গ করছেন ছবি: রয়টার্স
নিজের প্রথম গোলটি যেন লুইস আরাগোনেসের স্মৃতির উদ্দেশে উৎসর্গ করছেন ছবি: রয়টার্স

ভিসেন্তে ক্যালডেরোনে রাতটা ছিল আবেগঘন। সদ্য প্রয়াত লুইস আরাগোনেসের স্মৃতি যেন উজ্জীবিত করে রেখেছিল অ্যাটলেটিকোর ফুটবলারদের। অ্যাটলেটিকোর ঘরের মানুষ এই প্রয়াত কোচ যেন নেপথ্যে থেকে অনুপ্রেরণা দিয়ে গেলেন ভিলা-কস্তাদের। সেই অনুপ্রেরণাই আগুন হয়ে জ্বালিয়ে দিল রিয়েল সোসিয়েদাদকে। ম্যাচটা ৪-০ গোলে জিতে ১৯৯৬ সালের পর এই প্রথম লা লিগায় নিজেদের একচ্ছত্র শীর্ষস্থান নিশ্চিত করল অ্যাটলেটিকো মাদ্রিদ।

খেলার ৩৮ মিনিটে সোসিয়েদাদের জালে গোল উত্সব শুরু করেন ডেভিড ভিয়া। বাম দিক থেকে ডিয়েগো কস্তার নিচু ক্রস থেকে কেবল পা ছুঁয়ে দিয়ে তিনি এগিয়ে নিয়ে যান অ্যাটলেটিকোকে।

দ্বিতীয় গোলটি পেতে অবশ্য অনেকখানি সময় অপেক্ষা করতে হয় অ্যাটলেটিকোকে। ৭২ মিনিটে একটি থ্রু থেকে বল পেয়ে দলকে ২-০ গোলে এগিয়ে নেন কস্তা। দুই মিনিট পর দারুণ এক হেডে দলের পক্ষে তৃতীয় গোলটি করেন মিরানদা। ম্যাচের তিন মিনিট বাকি থাকতে উলফসবার্গ থেকে অ্যাটলেটিকোতে সদ্যই নাম লেখানো ডিয়েগো রিবাস নিজের অভিষেক ম্যাচকে স্মরণীয় করে রাখেন দলের পক্ষে চতুর্থ গোলটি করে।


শনিবার ভ্যালেন্সিয়ার কাছে বার্সেলোনা হেরে যাওয়ার পর লা লিগার পয়েন্ট তালিকায় অ্যাটলেটিকোর সঙ্গে কাতালানদের ব্যবধান এখন পাক্কা তিন পয়েন্টের। অ্যাটলেটিকোর পয়েন্ট ৫৭। দিনের অপর ম্যাচে অ্যাথলেটিক বিলবাওয়ের সঙ্গে ১-১ ড্র করে পয়েন্ট খুইয়ে রিয়াল মাদ্রিদের পয়েন্ট এখন বার্সার সমান—৫৪। সূত্র: রয়টার্স।