সবার ওপরে আবাহনী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তাঁর সকালটাই হয়তো কোনো শুভ ইঙ্গিত দিয়ে শুরু হয়েছিল।না হলে ম্যাচের পর আলী আকবর পোরমুসলিমির মুখে রেফারির প্রশংসা! আবাহনী কোচ এত দিন রেফারিং নিয়ে তীব্র ক্ষোভ জানিয়ে আসছিলেন। কাল সব উধাও। রেফারি আজাদ রহমান আবাহনীর বিপক্ষে পেনাল্টি দিয়েছেন। তাতেও আকবর সাহেবের কোনো আক্ষেপ নেই। ‘এমন রেফারিং হলে কোনো কথা থাকে না। রেফারি ভালো প্লেয়ারদের নিরাপত্তা দিয়েছেন। সব মিলিয়ে আমি আজ খুশি। এমন রেফারিংই চাই’—আলী আকবর কাল অনেক শান্ত।শেখ রাসেলের বিপক্ষে বড় বাধা পেরিয়ে যাওয়াই মূল কারণ নয়। আজাদের রেফারিং ভালোই হয়েছে। টানা দুটি ড্রয়ের পর টানা দুই জয় পেল আবাহনী। বাংলাদেশ প্রিমিয়ার লিগে ষষ্ঠ রাউন্ডে এসে প্রথম এককভাবে শীর্ষে উঠল আকাশি-নীলরা। ছয় ম্যাচে আবাহনীর পয়েন্ট ১৪। নিকটতম প্রতিদ্বন্দ্বী মুক্তিযোদ্ধার ১৩।হলুদ কার্ডে কাটা পড়ে মাঠের বাইরে ছিলেন প্লে-মেকার ইব্রাহিম। একটা দুশ্চিন্তা আবাহনীর ছিলই। কিন্তু অতিরিক্ত তালিকার দুজনই দুশ্চিন্তা তাড়িয়ে আবাহনীকে এনে দিয়েছেন জয় (১-০)। একজন গোল করলেন, আরেকজন গোলটা ধরে রাখলেন। কালই প্রথম লিগে মাঠে নামলেন, তা-ও বদলি হিসেবে। নেমেই ফরোয়ার্ড শাখাওয়াত রনির গোল। ৫৪ মিনিটে পলের ক্রস থেকে দুর্দান্ত এক ডাইভিং হেডে লক্ষ্যভেদ।এতক্ষণ পাসিং ফুটবল খেলে আসছিল আবাহনী। গোল করে আত্মতুষ্টি এসে যায়। শেখ রাসেল চেপে ধরে তখন আদায় করে নেয় পেনাল্টি। শেষ দিকে বুকোলাকে অবৈধভাবে বক্সে ফেলে দিয়েছেন সুজন। বুকোলাই নিয়েছেন পেনাল্টি, কিন্তু ঘানাইয়ান গোলরক্ষক আল হাসান রুখে দিয়েছেন। গতবার সুপার কাপের ফাইনালে তাঁর ভুলে মোহামেডান হেরে যায় আবাহনীর কাছে। সেই ‘অপরাধে’ অনেক বঞ্চনার শিকারও হয়েছেন।আবাহনী তাঁকে নিয়ে বসিয়েই রাখছে। লিগে কাল নামলেন দ্বিতীয়বারের মতো। তাও ইব্রাহিম ছিলেন না বলে চার বিদেশির কোটায় এদিন খেলার সুযোগ এসে যায়। বুকোলার পেনাল্টি বাঁ দিকে ঝাঁপিয়ে আটকে দিয়ে নায়ক আল হাসান। পেশাদার লিগে শেখ রাসেলের বিপক্ষে এটি আবাহনীর সপ্তম জয়। নয় ম্যাচের মধ্যে প্রথমটি ড্র। শেষটি জিতেছিল রাসেল।তবে রাসেলের বর্তমান সময়টা খারাপ যাচ্ছে। দলের সব বিভাগ সমানভাবে খেলতে পারছে না। আগের ম্যাচটায় ব্রাদার্সের কাছে হেরেছে, কাল টানা দ্বিতীয় পরাজয়ে ছয় ম্যাচে পয়েন্ট ৮। রাসেল কোচ মারুফুল হকের জন্য সান্ত্বনা, সবাই পয়েন্ট হারাচ্ছে। তাঁর চিন্তার কারণ মাঝমাঠ। একটা দলের প্রাণই হলো মাঝমাঠ, যেখান থেকে গড়ে উঠবে আক্রমণ। এদিন প্রচুর বল হারিয়েছে শেখ রাসেলের মাঝমাঠ। মারুফ তাই হতাশ, ‘মাঝমাঠটা ভালো খেলছে না।’আবাহনী: আল হাসান, নাসির, ওয়ালি, সুজন, সামাদ, আরমান আজিজ (রবিন), প্রাণতোষ, তৌহিদ, জাহিদ (রনি), পল, ফ্রাঙ্ক।শেখ রাসেল: বিপ্লব, আমিনুল, আব্বাস ইনুসা, উত্তম, মোরো মোহাম্মদ, ইয়ামিন, ইমন (জাহেদ পারভেজ), আনোয়ার (ফয়সাল), ইউসুফ, পাসকেল, বুকোলা।