সবার ওপরে এখন সিটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইংলিশ প্রিমিয়ার লিগের শীর্ষস্থান যেন মিউজিক্যাল চেয়ারের মতো। এই সপ্তাহে একদল শীর্ষে তো পরের সপ্তাহে অন্যদল। মৌসুমের শুরুটা দুর্দান্ত ছিল চেলসির, দশম সপ্তাহ পর্যন্ত তারাই ছিল এক নম্বরে। গত সপ্তাহে আবার সবার ওপরে উঠে গেল ম্যানচেস্টার ইউনাইটেড। কিন্তু এই সপ্তাহে শীর্ষস্থানটা হাতছাড়া হয়ে গেল ইউনাইটেডেরও। তাদের নগরপ্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার সিটি উঠে গেল শীর্ষে।কয়েকবারই প্রথমে গোল খেয়েও জিতেছে এ মৌসুমে। ইউনাইটেডের তকমাই তাই জুটে গেল ‘কামব্যাক কিং’। কিন্তু সব সময় তো আর পিছিয়ে পড়ে ম্যাচ জেতা যায় না! নিজেদের মাঠে গোলশূন্য প্রথমার্ধের পর ৫৯ মিনিটে অ্যান্থনি পিলকিংটনের দারুণ এক হেডে এগিয়ে যায় নরউইচ। এরপর মরিয়া চেষ্টা করেও শেষমেশ হারটাই ছিল রুনিবিহীন ইউনাইটেডের নিয়তি। তার ওপর ফন পার্সি, হার্নান্দেজদের সামনে দুর্ভেদ্য প্রাচীর হয়ে ছিলেন নরউইচ গোলরক্ষক। শীর্ষে উঠতে না-উঠতে আবার সেটা হারিয়ে ফেলায় স্বাভাবিকভাবেই হতাশ স্যার অ্যালেক্স ফার্গুসন, ‘এটা হতাশাজনক। তবে নরউইচকে কৃতিত্ব দিতেই হবে। তারা পুরো মাঠেই দারুণ লড়েছে। রক্ষণটাও সামলেছে অসাধারণ। তাদের গোলরক্ষকের জন্য আসলেই ভালো একটা রাত ছিল এটা।’ ইউনাইটেড কোচ মনে করেন না রুনির অনুপস্থিতিই এই হারের কারণ, ‘আপনি অবশ্য আপনার ভালো খেলোয়াড়দের অভাব টের পাবেন, এটা নিয়ে কোনো প্রশ্ন নেই। কিন্তু আজ মাঠে আমাদের অনেকই ভালো খেলোয়াড় ছিল।’”মাতা-হ্যাজার্ড-অস্কারদের নিয়ে ক্ষুরধার এখন চেলসির আক্রমণভাগ। এই ত্রয়ী খেলছিলও দারুণ। কিন্তু হঠাৎ করেই যেন খেই হারিয়ে ফেলেছে চেলসি, গত চার ম্যাচে জয় পায়নি একটিও। কালও ওয়েস্ট ব্রমের মাঠে গিয়ে হেরে বসেছে ২-১ গোলে। একই সঙ্গে শীর্ষ থেকেও ছিটকে পড়েছে তৃতীয় স্থানে। এখন ডি মাত্তেও ‘আগে ঘর সামলাও’ নীতি অবলম্বন করার কথা ভাবছেন। রক্ষণটাকে সংহত করাটাই আপাতত প্রাধান্য পাচ্ছে তাঁর কাছে, ‘আমরা এই মৌসুমে অন্য রকম খেলেছি। কিন্তু ম্যাচ জিততে হলে আমাদের আরেকটু আঁটসাঁট হতে হবে। যাতে গোল না খাই সেটি নিশ্চিত করতে হবে। আমাদের পুরো দলের দিকে তাকাতে হবে। হয়তো আক্রমণে খানিকটা কাটছাঁটও করতে হবে।’ ওদিকে অ্যাস্টন ভিলাকে ৫-০ গোলে হারিয়ে মানচিনি যেন গত মৌসুমের সিটিকেই দেখতে পাচ্ছেন, ‘শেষ দুটি ম্যাচে আমি মনে করি, আমরা বেশ কিছু বদল আনতে পেরেছি। আমরা নিজেদের স্পিরিটটা ফেরত পেয়েছি, গত বছরের মতো।’ এএফপি, রয়টার্স।