সবার ওপরে ধোনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাথায় অনেক পাকা চুল, জুলফিতে পাকা চুলেরই আধিক্য। দাড়ি তো প্রায় সবই পেকে গেছে। গত বছর অস্ট্রেলিয়ায় অসহায় মহেন্দ্র সিং ধোনি বারবার ওই পাকা দাড়ি খোঁচাতেন। আর ধারাভাষ্যকক্ষ থেকে সঞ্জয় মাঞ্জরেকার বলতেন, ‘ভারতের অধিনায়কত্ব করা সহজ নয়!’আয়নার সামনে দাঁড়ালে ধোনি নিজেও টের পান। তবে সবচেয়ে বেশি টের পেয়েছেন গত দেড় বছরে। ভারতের ক্রিকেট অধিনায়ক হওয়ার মতো কঠিন কাজ আর নেই। দলের ওপর প্রত্যাশার অনন্ত চাপ। ব্যর্থতার দায়ভার সবচেয়ে বেশি বর্তায় অধিনায়কের কাঁধে। ধোনি আগে থেকেই জানতেন। তবে দুঃসময়ে অভিজ্ঞতাটা হয়েছে নিজেকে দিয়েই। গত কিছুদিনে ভারতের টানা ব্যর্থতায় সবচেয়ে বেশি কাঠগড়ায় দাঁড় করানো হয়েছে তাঁকেই। ‘ক্যাপ্টেন কুল’ অবশ্য শান্তই ছিলেন, তবে মুখ থেকে হারিয়ে গিয়েছিল হাসি। সেই হাসি আবার ফিরেছে। অস্ট্রেলিয়াকে প্রথম দুই টেস্টে উড়িয়ে দিয়ে আবার কক্ষপথে ভারত। আর এই দুই জয়ে সবার ওপরে ধোনি। চেন্নাইতে ছুঁয়েছিলেন সৌরভ গাঙ্গুলীকে, ছাড়িয়ে গেলেন হায়দরাবাদে। রাঁচির ছেলে এখন ভারতের সফলতম টেস্ট অধিনায়ক!বিশ্বকাপ জিতেছেন টেস্ট অধিনায়কত্ব পাওয়ার আগেই। ভারতের দুই যুগের বিশ্বকাপ অপেক্ষার অবসান হয়েছিল ২০০৭ বিশ্বকাপ জয়ে। অনিল কুম্বলের কাছ থেকে টেস্ট নেতৃত্ব পেলেন ২০০৮ সালে। সাদা পোশাকেও অধিনায়কত্বের শুরুটা ছিল স্বপ্নের মতো। প্রথম চার টেস্টেই জয়, প্রথম ১০ টেস্টেই অপরাজেয় (৭ জয়, ৩ ড্র)। এই মধুচন্দ্রিমা একসময় শেষ হয়েছে। তবে জয়ের হারে সব সময়ই ভারতের সব অতীত অধিনায়কের চেয়ে এগিয়ে থেকেছেন ধোনি। ২০১১ বিশ্বকাপ জয়ে নেতৃত্ব দেওয়ার পর তো স্বয়ং সৌরভ গাঙ্গুলী রায় দিয়ে দিলেন, ‘ধোনিই ভারতের সর্বকালের সেরা অধিনায়ক।’ ধোনির নেতৃত্বেই টেস্ট র‌্যাঙ্কিংয়ে ভারতের প্রথমবার শীর্ষে ওঠা সৌরভের কথাকেই সমর্থন করে।উল্টো যাত্রার শুরু এর পরই। ধোনি দেখলেন মুদ্রার উল্টো পিঠ। ইংল্যান্ড-অস্ট্রেলিয়ায় টানা আট টেস্টে হার, সিবি সিরিজ-এশিয়া কাপে গ্রুপ পর্বে বিদায়, দেশের মাটিতে ইংল্যান্ডের কাছে হার। হাজারো প্রশ্ন ধোনির নেতৃত্ব নিয়ে। বোলিং পরিবর্তন, ফিল্ডিং সাজানো, একগুঁয়ে মনোভাব, দলকে উজ্জীবিত করতে না পারা, শেবাগ-গম্ভীরদের সঙ্গে দ্বন্দ্বের গুজব। মনে হচ্ছিল বুঝি অধিনায়ক ধোনির সময় শেষ। ধোনিকে অবশ্য বিচলিত মনে হয়নি, ঠান্ডা মাথায় সামলেছেন সবকিছু। অন্ধকার সুড়ঙ্গের শেষ মাথায় দেখলেন আলোর রেখা। ব্যাটে রান, জিতছে দল। সঙ্গী এখন পরিসংখ্যানও—ভারতের সফলতম টেস্ট অধিনায়ক!ধোনি অবশ্য তাঁর সাফল্যের কৃতিত্ব দিলেন দলকে, ‘সব সময়ই বলে এসেছি, ভালো দল পেয়েছি বলেই আমি সফল। মাঝে কিছুটা খারাপ সময় গেছে। কিন্তু দিন শেষে দলই হারে, দলই জেতে। এই সময়ে যারা খেলেছে, কৃতিত্ব তাদের সবার। সাপোর্ট স্টাফেরও, গ্যারি (কারস্টেন) ছিল দুর্দান্ত, এখন আছেন ডানকান (ফ্লেচার)। এই অর্জন সমন্বিত প্রচেষ্টার ফসল।’