সবার ওপরে মুম্বাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতীয় প্রিমিয়ার লিগের (আইপিএল) খেলায় আজ শনিবার পুনে ওয়ারিয়র্সকে ৪১ রানে হারিয়েছে মুম্বাই ইন্ডিয়ানস। এ জয়ের সুবাদে এখন পর্যন্ত আইপিএলের পয়েন্ট তালিকায় সবার ওপরে মুম্বাই। চার ম্যাচে মুম্বাইয়ের অর্জন ৬ পয়েন্ট। সমানসংখ্যক ম্যাচে ৬ পয়েন্ট করে অর্জন করেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও সানরাইজারস হায়দরাবাদও। তবে নেট রান রেটে সবার চেয়ে এগিয়ে রিকি পন্টিংয়ের দল মুম্বাই।আজ দিনের প্রথম খেলায় টসে জিতে প্রথমে ব্যাট করে ৩ উইকেটে ১৮৩ রান তোলে মুম্বাই। জবাবে শেষ পর্যন্ত লড়ে ৮ উইকেটে ১৪২ রান করতে সক্ষম হয় পুনে। শচীন টেন্ডুলকারের হাত ধরে এ ম্যাচে মুম্বাইয়ের শুরুটা হয় দুর্দান্ত। ২৯ বলে ৪৪ রান করেন লিটল মাস্টার। এর আগে ১৭ বলে ১৪ রান করে আউট হন অধিনায়ক রিকি পন্টিং। দিনেশ কার্তিক ২৯ বলে করেন ৪১ রান। মুম্বাইয়ের হয়ে সর্বোচ্চ ইনিংসটা রোহিত শর্মার। ব্যাটে ঝড় তুলে ৩২ বলে ৬২ রান নিয়ে অপরাজিত থাকেন তিনি। রোহিতের সঙ্গে ১৯ রান নিয়ে অপরাজিত থাকেন ক্যারিবীয় ব্যাটসম্যান কাইরন পোলার্ড। পুনের হয়ে একটি করে উইকেট নেন অ্যারন ফিঞ্চ, যুবরাজ সিং ও মিচেল মার্শ।১৮৪ রানের লক্ষ্যে খেলতে নেমে ইনিংসের প্রথম বলেই অ্যারন ফিঞ্চের উইকেট হারায় পুনে। দলীয় ১৩ রানের মধ্যে পতন ঘটে তিনটি উইকেটের। এরপর মিডল অর্ডারের ব্যাটসম্যানরা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেছিলেন। কিছুটা সফলও হয়েছিলেন তাঁরা। তবে তা দলের হার ঠেকানোর জন্য যথেষ্ট ছিল না। পুনের হয়ে সর্বোচ্চ ৩৮ রান করেন মিচেল মার্শ। এ ছাড়া যুবরাজ সিং ২৪, তিরুমালেসেত্তি সুমন ২৩ ও অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুস ১৯ রান করেন। মুম্বাইয়ের সফলতম বোলার মিচেল জনসন। ৩৩ রানের বিনিময়ে তিনটি উইকেট শিকার করেন অস্ট্রেলীয় এই ফাস্ট বোলার। সূত্র: ক্রিকইনফো।