সবার ওপরে রাজশাহী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সেমিফাইনাল নিশ্চিত হয়ে গেছে আগেই। কাল ঢাকা গ্ল্যাডিয়েটরসের বিপক্ষে তাই হারলেও কিছু আসত-যেত না দুরন্ত রাজশাহীর। তবুও তারা ৩ উইকেটে জিতল, তবে সেই জেতার মধ্যেও যেন থেকে গেল জিতব না-জিতব না ভাব। নইলে দুরন্ত ফর্মে থাকা দুরন্ত রাজশাহী কেন ১১৭ রানের লক্ষ্য টপকাতে খেলবে ১৯.৩ ওভার, হারাবে ৭ উইকেট!শাহজাইব ১৫, জুনায়েদ ৮, স্যামুয়েলস ০ রানে আউট। অথচ গত কয়েকটা ম্যাচে এঁরাই ছিলেন রাজশাহীর ব্যাটিংয়ের প্রাণভোমরা। কাল দলের ৩৬ রানের মধ্যেই এই তিন টপ অর্ডারের বিদায় সহজ ম্যাচ কঠিন করে দেয় দুরন্ত রাজশাহীর জন্য। চতুর্থ উইকেটে শন আরভিনের (২৭) সঙ্গে অধিনায়ক মুশফিকুর রহিমের ২০ রানের জুটি পরিস্থিতি কিছুটা সামলায়। পরের ২৪ রানের মধ্যে আরও ৩ উইকেটের পতন আবারও বিপদের গন্ধ ছড়ালেও শেষ পর্যন্ত অধিনায়ক মুশফিকের ব্যাটেই উদ্ধার পেয়েছে রাজশাহী। ৩৭ বলে অপরাজিত ৪০ রান করে দলকে জিতিয়ে মাঠ ছেড়েছেন তিনি।এর আগে ঢাকা গ্ল্যাডিয়েটরস ১১৬ রানে অলআউট হয়েছে রাজশাহীর পাকিস্তানি পেসার মোহাম্মদ সামির তোপের মুখে পড়ে। বিপিএলে এখন পর্যন্ত একমাত্র হ্যাটট্রিকটি তাঁর। কাল আরেকটি হ্যাটট্রিক হতে হতেও হয়নি, তবে টুর্নামেন্টে প্রথম বোলার হিসেবে পেলেন ৫ উইকেট, ৩.২ ওভার বল করে রান দিয়েছেন মাত্র ৬!সহজ ম্যাচ কঠিন করে জেতায় কিছুটা আফসোস আছে। তবে দিনশেষে রাজশাহীর অধিনায়ক মুশফিক বড় করে দেখছেন জয়টাকেই, ‘মিডল অর্ডারে কিছু উইকেট পড়ে গেলে জয়টা কঠিন হয়ে গিয়েছিল। তবে শেষ পর্যন্ত জয়টাই আসল। এই জয় আমাদের আত্মবিশ্বাস আরও বাড়াবে।’ সেমিফাইনালে ওঠার পর এখন প্রথম বিপিএলের ট্রফিতেই চোখ তাঁর, ‘এত দূর আসার পর সেমিফাইনালে হেরে গেলে কোনো অর্জনই আর থাকবে না। আমরা সেমিফাইনাল জিতে ফাইনালে খেলার আশা করি। ট্রফিটাও ইনশাল্লাহ আমরাই নেব।’গ্রুপ পর্বের ১০ ম্যাচে সাতটিতেই জিতে সবচেয়ে বেশি, ১৪ পয়েন্ট নিয়ে সেমিফাইনালে উঠেছে রাজশাহী। কাল তাদের কাছে হারলেও সেমিফাইনাল নিশ্চিত ঢাকা গ্ল্যাডিয়েটরসেরও। তবে এই ম্যাচটা জিতে সেমিফাইনালে যেতে পারলেই বেশি ভালো লাগত অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার। ‘আমাদের লক্ষ্য ছিল রাজশাহীকে ১৬ ওভারের মধ্যে জিততে দেব না। সে জন্য ১৬ ওভার পর্যন্ত আমি দলের সেরা বোলারদের ব্যবহার করেছি। পরে যখন সেটা হয়ে গেল, জেতার জন্য গিয়েছিলাম আমরা। কিন্তু রানটা একটু কমই হয়ে গেছে’—ম্যাচ শেষে বলেছেন মাশরাফি।কিন্তু ১৬ ওভারের মধ্যে রাজশাহীকে জিততে না দিলে কী লাভ হতো ঢাকা গ্ল্যাডিয়েটরসের? মাশরাফি-মুশফিকদের ম্যাচ চলাকালীনও সবাই জানত, রাজশাহী ১৫.৪ ওভারের মধ্যে জিতে গেলে ঢাকার নেট রান রেট চলে যাবে চিটাগাং কিংসের নিচে। সেমিফাইনালের স্বপ্নটা তখন ধূসর হয়ে যেত ঢাকার। কিন্তু ম্যাচ শেষে জানা গেল, অযথাই ছিল সেই শঙ্কা। নেট রান রেট নয়, পয়েন্ট সমান হলে মুখোমুখি লড়াইয়ের হিসাবই হবে সেমিফাইনালিস্ট নির্ধারক। সংক্ষিপ্ত স্কোরঢাকা গ্ল্যাডিয়েটরস: ১৮.২ ওভারে ১১৬ (স্টিভেনস ২৮, নাজিমউদ্দিন ২৬, আশরাফুল ২৩, পোলার্ড ১১, মেহরাব ১০; সামি ৫/৬, স্যামুয়েলস ২/৩৫, আরভিন ১/১৯, সাকলাইন ১/২৫, তাইজুল ১/৩০)। দুরন্ত রাজশাহী: ১৯.৩ ওভারে ১২০/৭ (মুশফিকুর ৪০*, আরভিন ২৭, শাহজাইব ১৫, সৌম্য ১১; রানা ২/১৯, মাশরাফি ২/২১, সানি ২/২৬, মাহমুদ ১/২২)।ফল: দুরন্ত রাজশাহী ৩ উইকেটে জয়ী। ম্যান অব দ্য ম্যাচ: মোহাম্মদ সামি।